মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

কঠোপনিষদ - ১/২

 



এই সূত্র পড়া যাবে - " ঈশোপনিষদ "

এই সূত্র থেকে শুরু - " কঠোপনিষদ - ১/১ " 

এই সূত্র থেকে শুরু - " কেনোপনিষদ - খণ্ড ১ ও ২ " 

এই সূত্র থেকে শুরু - " শ্রীশ্রী চণ্ডী - পর্ব ১ " 

এই সূত্র থেকে শুরু - " গীতা - ১ম পর্ব "

এই সূত্র থেকে শুরু - " ভাগবত পুরাণ - পর্ব ১/১ "



প্রথম অধ্যায়

দ্বিতীয় বল্লী

 

অন্যচ্ছ্রেয়োঽন্যদুতৈব প্রেয়স্তে

উভে নানার্থে পুরুষং সিনীতঃ।

তয়োঃ শ্রেয় আদদানস্য সাধু ভবতি

হীয়তেঽর্থাদ্‌ য উ প্রেয়ো বৃণীতে।। ১/২/১

অন্যৎ শ্রেয়ঃ অন্যৎ উত এব প্রেয়ঃ তে

উভে নানা অর্থে পুরুষম্‌ সিনীতঃ।

তয়োঃ শ্রেয়ঃ আদদানস্য সাধু ভবতি

হীয়তে অর্থাৎ য উ প্রেয়ঃ বৃণীতে।। ১/২/১

(নচিকেতার প্রতি সন্তুষ্ট হয়ে রাজা যম বললেন) “শ্রেয় মার্গ ভিন্ন এবং প্রেয় মার্গও ভিন্ন, উভয়েই বিভিন্ন বিষয়ে পুরুষকে আবদ্ধ করে। উভয়ের মধ্যে যিনি শ্রেয় পথে যান, তাঁর মঙ্গল হয়। আর যিনি প্রেয় পথ আশ্রয় করেন, তিনি ভ্রষ্ট হন”।

[শ্রেয় মার্গ অর্থ নিষ্কাম পরমমুক্তির সাধন পথ। আর প্রেয় মার্গ হল স্বর্গ কিংবা পার্থিব বিষয় (পুত্র, পশু, সম্পদ ইত্যাদি) কামনার পথ। দুটি পথ সম্পূর্ণ ভিন্ন, একই পুরুষের পক্ষে দুই পথ গ্রহণ করা অসম্ভব।]

 

শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস্তৌ

সম্পরীত্য বিবিনক্তি ধীরঃ।

শ্রেয়ো হি ধীরোঽভি প্রেয়সো বৃণীতে

প্রেয়ো মন্দো যোগক্ষেমাদ্‌ বৃণীতে।। ১/২/২

শ্রেয়ঃ চ প্রেয়ঃ চ মনুষ্যম্‌ এতঃ তৌ

সম্পরীত্য বিবিনক্তি ধীরঃ।

শ্রেয়ঃ হি ধীরঃ অভি প্রেয়সঃ বৃণীতে

প্রেয়ঃ মন্দঃ যোগ-ক্ষেমাদ্‌ বৃণীতে।। ১/২/২

সাধারণ মানুষ শ্রেয় এবং প্রেয় উভয় মার্গেই জড়িয়ে থাকে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি সম্যক বিচার করে উভয় পথকে পৃথক করেন। ধীমান ব্যক্তি প্রেয় মার্গ ছেড়ে শ্রেয় মার্গ বরণ করেন, কিন্তু মন্দবুদ্ধি ব্যক্তিরা প্রেয় মার্গ বরণ করে, যোগ ও ক্ষেমে নিযুক্ত থাকেন”।

[না পাওয়া বিষয়কে পাওয়ার প্রচেষ্টাকে যোগ বলে, পাওয়া বিষয়ের সংরক্ষণকে বলে ক্ষেম।]

 

স ত্বং প্রিয়ান্‌ প্রিয়রূপাংশ্চ

কামানভিধ্যায়ন্নচিকেতোঽত্যস্রাক্ষীঃ।

নৈতাং সৃঙ্কাং বিত্তময়ীমবাপ্তো যস্যাং

মজ্জন্তি বহবো মনুষ্যাঃ।। ১/২/৩

স ত্বম্‌ প্রিয়ান্‌ প্রিয়রূপান্‌ চ

কামান্‌ অভিধ্যায়ৎ নচিকেতঃ অত্যস্রাক্ষীঃ।

ন এতাং সৃঙ্কাম্‌ বিত্তময়ীম্‌ অবাপ্তো যস্যাং

মজ্জন্তি বহবঃ মনুষ্যাঃ।। ১/২/৩

“হে নচিকেতা, (বারবার প্রলোভন দেখানো সত্ত্বেও) তুমি সেই কামনার প্রিয় বস্তুসমূহ এবং ভোগ্য বিষয় (অনিত্য) বিচার করে, ত্যাগ করেছ। বহুমানুষ যে ধন-সম্পদবহুল পথে মগ্ন থাকে, তুমি সেই পথ অবলম্বন করোনি”।

 

দূরমেতে বিপরীতে বিষূচী

অবিদ্যা যা চ বিদ্যেতি জ্ঞাতা।

বিদ্যাভীপ্সিনং নচিকেতসং মন্যে

ন ত্বা কামা বহবোঽলোলুপন্ত।। ১/২/৪

দূরম্‌ এতে বিপরীতে বিষূচী

অবিদ্যা যা চ বিদ্যা ইতি জ্ঞাতা।

বিদ্যা অভীপ্সিনম্‌ নচিকেতসম্‌ মন্যে

ন ত্বা কামা বহবঃ অলোলুপন্ত।। ১/২/৪

বিদ্বানেরা জানেন, অবিদ্যা ও বিদ্যা – এই দুয়ের মধ্যে বিস্তর পার্থক্য এবং সম্পূর্ণ বিপরীতহে নচিকেতা, আমি মনে করি বিদ্যা শিক্ষাতেই তোমার বাসনা, কারণ বহু কামনাবস্তুর প্রলোভনে তুমি লুব্ধ হওনি”।

[অবিদ্যার কর্মকাণ্ড পার্থিব বিষয়ের কামনায় সংলিপ্ত আর বিদ্যা পরমমুক্তি বা মোক্ষ লাভের উপায়।]     

 

অবিদ্যায়ামন্তরে বর্তমানাঃ

স্বয়ং ধীরাঃ পণ্ডিতম্মন্যমানাঃ।

দন্দ্রম্যমাণাঃ পরিয়ন্তি মূঢ়া

অন্ধেনৈব নীয়মানা যথান্ধাঃ।। ১/২/৫

অবিদ্যায়াম্‌ অন্তরে বর্তমানাঃ

স্বয়ং ধীরাঃ পণ্ডিতম্‌ মন্যমানাঃ।

দন্দ্রম্যমাণাঃ পরিয়ন্তি মূঢ়া

অন্ধেন এব নীয়মানা যথা অন্ধাঃ।। ১/২/৫

“অন্তরে অবিদ্যার ভাব নিয়ে, যে নিজেকে বুদ্ধিমান এবং পণ্ডিত বলে গর্ব করে, এক অন্ধকে অন্য অন্ধ পরিচালনা করার মতো, সেই মূঢ় ব্যক্তিরা জটিল পথেই ঘুরে বেড়াতে থাকে”।

 

ন সাম্পরায়ঃ প্রতিভাতি বালং

প্রমাদ্যন্তং বিত্তমোহেন মূঢ়ম্‌।

অয়ং লোকো নাস্তি পর ইতি মানী

পুনঃ পুনর্বশমাপদ্যতে মে।। ১/২/৬

ন সাম্পরায়ঃ প্রতিভাতি বালং

প্রমাদ্যন্তং বিত্তমোহেন মূঢ়ম্‌।

অয়ম্‌ লোকঃ ন অস্তি পর ইতি মানী

পুনঃ পুনঃ বশম্‌ আপদ্যতে মে।। ১/২/৬

“সম্পদের মোহে আচ্ছন্ন ভ্রান্ত ও মূঢ় বিবেকহীন ব্যক্তির কাছে পরলোক বিষয়ের সাধন প্রকাশিত হয় না। “শুধু এই মর্ত্যলোকই আছে, পরলোক নেই” এই চিন্তা করে তারা বারবার আমার বশীভূত হয়”।

[এই মর্ত্যলোকে তাদের বারবার জন্ম হয় এবং বারবার “আমার” অর্থাৎ মৃত্যুর বশীভূত হয়]    

 

শ্রবণায়াপি বহুভির্যো ন লভ্যঃ

শৃণ্বন্তোঽপি বহবো যং ন বিদ্যুঃ।

আশ্চর্যো বক্তা কুশলোঽস্য

লব্ধাশ্চর্যো জ্ঞাত্বা কুশলানুশিষ্টঃ।। ১/২/৭

শ্রবণায় অপি বহুভিঃ যঃ ন লভ্যঃ

শৃণ্বন্তঃ অপি বহবঃ যং ন বিদ্যুঃ।

আশ্চর্যঃ বক্তা কুশলঃ অস্য

লব্ধ আশ্চর্যঃ জ্ঞাত্বা কুশল অনুশিষ্টঃ।। ১/২/৭

“অনেকে (আত্মতত্ত্বকথা) শুনতেই পায় না, আবার অনেকে শুনতে পেলেও উপলব্ধি করতে পারে না(অতএব) যিনি এই আত্মার তত্ত্ব উপদেশ দেন এবং যিনি সেই তত্ত্ব উপলব্ধি করতে পারেন, দুজনেই অত্যন্ত বিরল এবং কুশল”। 

 

ন নরেণাবরেণ প্রোক্ত এষ

সুবিজ্ঞেয়ো বহুধা চিন্ত্যমানঃ।

অনন্যপ্রোক্তে গতিরত্র

নাস্ত্যণীয়ান্‌ হ্যতর্ক্যমণুপ্রমাণাৎ।। ১/২/৮

ন নরেণ অবরেণ প্রোক্ত এষ

সুবিজ্ঞেয়ঃ বহুধা চিন্ত্যমানঃ।

অনন্যপ্রোক্তে গতিঃ অত্র ন অস্তি

অণীয়ান্‌ হি অতর্ক্যম্‌ অণুপ্রমাণাৎ।। ১/২/৮

“স্বল্পজ্ঞানী মানুষের উপদেশে এই আত্মতত্ত্ব সঠিক বোঝা যায় না, কারণ তাঁর চিন্তার বিষয় (পরলোক আছে কি নেই, কর্তা-অকর্তা, শুদ্ধ-অশুদ্ধ বিচার ইত্যাদি) বহুবিধ। “আত্মা তর্কের অতীত, কারণ তাঁকে সূক্ষ্মরূপে প্রমাণ করলেও সূক্ষ্মতররূপে প্রমাণ করা যায়”, এই আত্মতত্ত্বে নিষ্ঠ আচার্যের উপদেশে এই বিষয়ে আর কোন সংশয় থাকে না”  

 

নৈষা তর্কেণ মতিরাপনেয়া

প্রোক্তাঽন্যেনৈব সুজ্ঞানায় প্রেষ্ঠ।

যাং ত্বমাপঃ সত্যধৃতির্বতাসি

ত্বাদৃঙ্‌নো ভূয়ান্নচিকেতঃ প্রষ্টা।। ১/২/৯

ন এষা তর্কেণ মতিঃ আপনেয়া

প্রোক্তাঃ অন্যেন এব সুজ্ঞানায় প্রেষ্ঠ।

যাম্‌ ত্বম্‌ আপঃ সত্য-ধৃতিঃ বত অসি

ত্বাদৃক্‌ নঃ ভূয়াৎ নচিকেতঃ প্রষ্টা।। ১/২/৯

“হে প্রিয়, তোমার এই মতি তুমি তর্ক থেকে লাভ করোনি। কোন তার্কিক নন, বিশিষ্ট জ্ঞানী কোন আচার্যের উপদেশ শুনেই তোমার এমন মতি হয়েছে। হে নচিকেতা, তোমার সত্যিই পরমার্থবিষয়ে উপলব্ধি হয়েছে, তোমার মতো জিজ্ঞাসু আমাদের কাছে আরও যেন আসে”।   

 

জানাম্যহং শেবধিরিত্যনিত্যং

ন হ্যধ্রুবৈঃ প্রাপ্যতে হি ধ্রুবং তৎ।

ততো ময়া নাচিকেতশ্চিতোঽগ্নি-

রনিত্যৈর্দ্রব্যৈঃ প্রাপ্তবানস্মি নিত্যম্‌।। ১/২/১০

জানামি অহং শেবধিঃ ইতি অনিত্যং

ন হি অধ্রুবৈঃ প্রাপ্যতে হি ধ্রুবং তৎ।

ততঃ ময়া নাচিকেতঃ চিতঃ অগ্নিঃ

অনিত্যৈঃ দ্রব্যৈঃ প্রাপ্তবান্‌ অস্মি নিত্যম্‌।। ১/২/১০

“আমি এই জানি যে কর্মফল অনিত্য, এবং অনিত্য বিষয় দিয়ে ধ্রুবপদ লাভ করা যায় না। তৎসত্ত্বেও আমি অনিত্য দ্রব্য দিয়েই নাচিকেত অগ্নি চয়ন করেছি এবং তার ফলে আমি এই নিত্য (যম) পদ লাভ করেছি”।  

 

কামস্যাপ্তিং জগতঃ প্রতিষ্ঠাং

ক্রতোরনন্ত্যমভয়স্য পারম্‌।

স্তোমমহদুরুগায়ং প্রতিষ্ঠাং দৃষ্ট্বা

ধৃত্যা ধীরো নচিকেতোঽত্যস্রাক্ষীঃ।। ১/২/১১

কামস্য আপ্তিং জগতঃ প্রতিষ্ঠাং

ক্রতঃ অনন্ত্যম্‌ অভয়স্য পারম্‌।

স্তোম-মহৎ উরুগায়ং প্রতিষ্ঠাং দৃষ্ট্বা

ধৃত্যা ধীরো নচিকেতঃ অত্যস্রাক্ষীঃ।। ১/২/১১

হে নচিকেতা, যাতে সকল কামনার অবসান হয়, যা জগতের (অধ্যাত্ম, অধিভূত ও অধিদৈব সকল বিষয়ের) আশ্রয়, যজ্ঞের অনন্ত ও অভয় ফল লাভ করে, পরলোকের মহৎ ও অনাদি প্রতিষ্ঠার বিষয় ধৈর্য সহকারে বিচার করেছ, (অনিত্য সকল বিষয়কে) ত্যাগ করে, তুমি ধীমান হয়েছো”।

  

তং দুর্দর্শং গূঢ়মনুপ্রবিষ্টং

গুহাহিতং গহ্বরেষ্ঠং পুরাণম্‌।

অধ্যাত্মযোগাধিগমেন দেবং

মত্বা ধীরো হর্ষশোকৌ জহাতি।। ১/২/১২

তং দুর্দর্শং গূঢ়ম্‌ অনুপ্রবিষ্টং

গুহাহিতং গহ্বরেষ্ঠং পুরাণম্‌।

অধ্যাত্মযোগ অধিগমেন দেবং

মত্বা ধীরঃ হর্ষশোকৌ জহাতি।। ১/২/১২

“তুমি যাঁর সম্বন্ধে জানতে চেয়েছো, তাঁর দর্শন দুর্লভ, তিনি (বাসনাযুক্ত) শরীরেই, অন্তরের অন্দরে গূঢ়ভাবে অবস্থান করছেন। পরমাত্মার প্রতি একনিষ্ঠ সাধনায় সেই সনাতন ও স্বপ্রকাশ আত্মাকে সাক্ষাৎ করলেই ধীমান ব্যক্তিরা সকল দুঃখশোক জয় করতে পারেন”।  

 

এতচ্ছ্রুত্বা সম্পরিগৃহ্য মর্ত্যঃ

প্রবৃহ্য ধর্ম্যমণুমেতমাপ্য।

স মোদতে মোদনীয়ং হি লব্ধ্বা

বিবৃতং সদ্ম নচিকেতসং মন্যে।। ১/২/১৩

এতৎ শ্রুত্বা সম্পরিগৃহ্য মর্ত্যঃ

প্রবৃহ্য ধর্ম্যম্‌ অণুম্‌ এতম্‌ আপ্য।

স মোদতে মোদনীয়ম্‌ হি লব্ধ্বা

বিবৃতং সদ্ম নচিকেতসং মন্যে।। ১/২/১৩

“মানুষ এই (আত্মতত্ত্ব) শুনে এবং সম্যক উপলব্ধি করে, ধর্মতত্ত্ব অনুসারে শরীরের থেকে পৃথক এই সূক্ষ্ম আত্মাকে (নিজের শরীরেই) অনুভব করে। পরম আনন্দময় এই আত্মাকে লাভ করে সেই ব্যক্তিও আনন্দিত হয়। আমি মনে করি, নচিকেতার জন্য (ব্রহ্মরূপ) ভবনের দ্বার উন্মুক্তই রয়েছে”।      

 

অন্যত্র ধর্মাদন্যত্রাধর্মাদন্যত্রাস্মাৎ কৃতাকৃতাৎ।

অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যৎ তৎ পশ্যসি তদ্বদ।।

১/২/১৪

অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মাৎ অন্যত্র অস্মাৎ কৃত- অকৃতাৎ।

অন্যত্র ভূতাৎ চ ভব্যাৎ চ যৎ তৎ পশ্যসি তৎ বদ।।

১/২/১৪

(নচিকেতা বললেন) “ধর্ম থেকে ভিন্ন, অধর্ম থেকে ভিন্ন, সকল কার্য-কারণ থেকেও ভিন্ন, (এমন কী) অতীত, (বর্তমান) এবং ভবিষ্যৎ থেকেও পৃথক যে বিষয় আপনি দেখেছেন, আমাকে সেই তত্ত্ব বলুন”।   

 

সর্ব বেদা যৎ পদমামনন্তি

তপাংসি সর্বাণি চ যদ্‌ বদন্তি।

যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তত্তে

পদং সংগ্রহেণ ব্রবীমি –ওমিত্যেতৎ।। ১/২/১৫

সর্ব বেদাঃ যৎ পদম্‌ আমনন্তি

তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি।

যৎ ইচ্ছন্তঃ ব্রহ্মচর্যম্‌ চরন্তি তৎ তে

পদং সংগ্রহেণ ব্রবীমি –ওম্‌ ইতি তৎ।। ১/২/১৫

(রাজা যম বললেন) “সকল বেদ যে পরমপদের কথা নিশ্চিতভাবে বর্ণনা করে, সকল তপস্যায় যাঁর উপলব্ধি উচ্চারিত হয়, যাঁকে লাভ করার জন্যে লোক ব্রহ্মচর্য আচরণ করে, আমি সেই পরমপদ লাভের কথাই তোমাকে সংক্ষেপে বলছি – তিনিই ওঁ”।

[ ওঁ এই শব্দ বা অক্ষরটি ব্রহ্মের নাম এবং প্রতীক, “ওঁ” শব্দে ব্রহ্মকেই বোঝায় - এই শব্দটিকেই প্রণব বলা হয়।]    

 

এতদ্ধ্যেবাক্ষরং ব্রহ্ম

এতদ্ধ্যেবাক্ষরং পরম্‌।

এতদ্ধ্যেবাক্ষরং জ্ঞাত্বা

যো যদিচ্ছতি তস্য তৎ।। ১/২/১৬

এতৎ হি এব অক্ষরং ব্রহ্ম

এতৎ হি এব অক্ষরং পরম্‌।

এতৎ হি এব অক্ষরং জ্ঞাত্বা

যঃ যৎ ইচ্ছতি তস্য তৎ।। ১/২/১৬

“এই অক্ষরই ব্রহ্ম, এই অক্ষরই পরম। এই অক্ষরকে উপলব্ধি করে, যার যেমন ইচ্ছা তেমনই হয়ে থাকে”।

 

এতদালম্‌বনং শ্রেষ্ঠমেতদালম্‌বনং পরম্‌।

এতদালম্‌বনং জ্ঞাত্বা ব্রহ্মলোকে মহীয়তে।।

                  ১/২/১৭

এতৎ আলম্‌বনম্‌ শ্রেষ্ঠম্‌ এতৎ আলম্‌বনম্‌ পরম্‌।

এতৎ আলম্‌বনম্‌ জ্ঞাত্বা ব্রহ্মলোকে মহীয়তে।।

                    ১/২/১৭

“এই অক্ষর (ব্রহ্মলাভের) শ্রেষ্ঠ উপায়, এই অক্ষর পরমপদের আশ্রয়, এই অক্ষরের সাধনায় ব্রহ্মস্বরূপে মহীয়ান হওয়া যায়”।  

 

ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন্‌

নায়ং কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ।

অজো নিত্যঃ শাশ্বতোঽয়ং পুরাণো

ন হন্যতে হন্যমানে শরীরে।। ১/২/১৮

ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিৎ

ন অয়ং কুতঃ চিৎ ন বভূব কশ্চিৎ।

অজঃ নিত্যঃ শাশ্বতঃ অয়ং পুরাণঃ

ন হন্যতে হন্যমানে শরীরে।। ১/২/১৮

“এই ব্রহ্মরূপ আত্মচেতনার জন্ম নেই, মৃত্যুও নেই। এই আত্মাকে কেউ সৃষ্টি করেনি, এই আত্মাও কাউকে সৃষ্টি করেন না। শরীরের বিনাশ হলেও, জন্মহীন, নিত্য, শাশ্বত এবং সনাতন এই আত্মা বিনষ্ট হন না”।

[এই শ্লোকটি ও গীতার সাংখ্য যোগের (দ্বিতীয় অধ্যায়ের) কুড়িতম শ্লোকটি প্রায় অভিন্ন। এরকম অনেক সাদৃশ্য থেকেই পণ্ডিতেরা নির্দিষ্ট করেন যে উপনিষদ বা বেদান্ত দর্শনের থেকেই শ্রীমদ্ভাগবত গীতার সৃষ্টি।]        

 

হন্তা চেন্মন্যতে হন্তুং হতশ্চেন্মন্যতে হতম্‌।

উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে।।

১/২/১৯

হন্তা চেৎ মন্যতে হন্তুম্‌ হতঃ চেৎ মন্যতে হতম্‌।

উভৌ তৌ ন বিজানীতো না অয়ং হন্তি ন হন্যতে।।

১/২/১৯

“ঘাতক মনে করে আমি হত্যা করলাম, মৃত মনে করে আমি মারা গেলাম, দুজনের কেউই জানে না, এই আত্মা কাউকে হত্যা করতে পারে না এবং নিজেও নিহত হন না”। 

 

অণোরণীয়ান্‌ মহতো মহীয়ান্‌

আত্মাঽস্য জন্তোর্নিহিতো গুহায়াম্‌।

তমক্রতুঃ পশ্যতি বীতশোকো

ধাতুপ্রসাদান্মহিমানমাত্মনঃ।। ১/২/২০

অণোঃ অণীয়ান্‌ মহতঃ মহীয়ান্‌

আত্মা অস্য জন্তোঃ নিহিতঃ গুহায়াম্‌।

তম্‌ অক্রতুঃ পশ্যতি বীতশোকঃ

ধাতুপ্রসাদাৎ মহিমানম্‌ আত্মনঃ।। ১/২/২০

“সূক্ষ্ম থেকেও অনেক সূক্ষ্ম, মহানের থেকেও অনেক ব্যাপ্ত এই আত্মা জীবের দেহগুহায় অবস্থান করেন। সকল প্রবৃত্তির নিরসনে নিষ্কাম ব্যক্তি, যখন এই আত্মার ব্যপ্তমহিমা উপলব্ধি করেন, তিনি সকল দুঃখশোকের ঊর্ধে অবস্থান করেন”।     

 

আসীনো দূরং ব্রজতি শয়ানো যাতি সর্বত্রঃ।

কস্তং মদামদং দেবং মদন্যো জ্ঞাতুমর্হতি।। ১/২/২১

আসীনঃ দূরম্‌ ব্রজতি শয়ানঃ যাতি সর্বত্রঃ।

কঃ তম্‌ মদ-অমদম্‌ দেবম্‌ মৎ-অন্যঃ জ্ঞাতুম্‌ অর্হতি।।

১/২/২১

“(আত্মা) উপবিষ্ট অবস্থাতেও দূরে ভ্রমণ করতে পারেন, শায়িত অবস্থাতেও সর্বত্র যেতে পারেন। সেই আনন্দময় অথচ নিরানন্দ আত্মাকে আমাদের মতো কয়েকজন বিবেকী ব্যক্তি ছাড়া কে উপলব্ধি করতে পারবে?”

 

অশরীরং শরীরেষ্বনবস্থেষ্ববস্থিতম্‌।

মহান্তং বিভুমাত্মানং মত্বা ধীরো ন শোচতি।। ১/২/২২

অশরীরং শরীরেষু অনবস্থেষু অবস্থিতম্‌।

মহান্তম্‌ বিভুম আত্মানং মত্বা ধীরঃ ন শোচতি।।

১/২/২২

“নানান দেহে অশরীরী রূপে অবস্থিত, অনিত্য বিষয়ে নিত্য রূপে বিরাজিত, এই সুমহান ও সর্বব্যাপী আত্মাকে যে ধীমান ব্যক্তি নিজের স্বরূপে প্রত্যক্ষ করেছেন, তাঁকে কোনদিন আর শোক করতে হয় না”।

   

নায়মাত্মা প্রবচনেন লভ্যো

ন মেধয়া ন বহুনা শ্রুতেন।

যমবৈষ বৃণুতে তেন লভ্যস্তস্যৈষ

আত্মা বিবৃণুতে তনূং স্বাম্‌।। ১/২/২৩

ন অয়ম্‌ আত্মা প্রবচনেন লভ্যঃ

ন মেধয়া ন বহুনা শ্রুতেন।

যম্‌ এব এষঃ বৃণুতে তেন লভ্যঃ তস্য এষঃ

আত্মা বিবৃণুতে তনূং স্বাম্‌।। ১/২/২৩

“এই আত্মাকে শাস্ত্রবচনে লাভ করা যায় না, তীক্ষ্ণ মেধা দিয়ে কিংবা অনেকের মুখে শুনেও লাভ করা যায় না। এই আত্মা যে সাধককে অনুগ্রহ করেন, সেই সাধকই তাঁকে জানতে পারেন, তাঁর কাছেই তিনি নিজের পরমার্থ স্বরূপ প্রকাশ করেন”। 

 

নাবিরতো দুশ্চরিতান্নাশান্তো নাসমাহিতঃ।

নাশান্তমনসো বাঽপি প্রজ্ঞানেনৈনমাপ্নুয়াৎ।। ১/২/২৪

না বিরতঃ দুশ্চরিতাৎ না শান্তঃ না সমাহিতঃ।

ন অশান্তমনসঃ বা অপি প্রজ্ঞানেন এনম্‌ আপ্নুয়াৎ।।১/২/২৪

“দুষ্কর্ম থেকে যার নিবৃত্তি হয়নি, ইন্দ্রিয়ের প্রবৃত্তি যার শান্ত হয়নি, যার একনিষ্ঠ সাধনা নেই, যার মন সাধনার ফললাভের জন্যে অস্থির, সেই ব্যক্তি শুধুমাত্র জ্ঞান দিয়ে এই আত্মাকে লাভ করতে পারে না”।

 

যস্য ব্রহ্ম চ ক্ষত্রং চ উভে ভবত ওদনঃ।

মৃত্যুর্যস্যোপসেচনং ক ইত্থা বেদ যত্র সঃ।। ১/২/২৫

যস্য ব্রহ্ম চ ক্ষত্রম্‌ চ উভে ভবত ওদনঃ।

মৃত্যুঃ যস্য উপসেচনং ক ইত্থা বেদ যত্র সঃ।। ১/২/২৫

“যাঁর কাছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অন্নের মতো, মৃত্যু যাঁর কাছে ব্যঞ্জনের মতো, সাধারণ মানুষের পক্ষে এইভাবে তাঁকে উপলব্ধি করা সম্ভব?”

 প্রথম অধ্যায় - দ্বিতীয় বল্লী সমাপ্ত


চলবে... ১/৩ বল্লী আসবে সামনের বুধবার।  


কৃতজ্ঞতাঃ 

উপনিষদঃ শ্রীযুক্ত অতুলচন্দ্র সেন 

উপনিষদ গ্রন্থাবলীঃ স্বামী গম্ভীরানন্দ সম্পাদিত  

রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মুখে নেই রা

 



এর আগের পর্ব - " লিটিং লিং - শেষ পর্ব

                                                         

প্রথমেই লেবু চিনির সরবৎ, সঙ্গে দুটো দুটো মণ্ডা আর রসগোল্লা খেয়ে একটু বিশ্রাম নিতে না নিতেই স্নান করার নির্দেশ এল। সোনার দাদা খুব গোপন কোন কথা বলার মতো, ভগ্নীপতি অচ্যুতকে বললেন, “ভায়া, দুপুর গড়িয়ে চলেছে। কলতলায় তোমার চানের জল ধরা আছে। তেল, সাবান, নতুন গামছাও রাখা আছে, আজকে নমো নমো করে চানটা সেরে ফেল। বেলা থেমে থাকে না ভাই, এরপর খেতে খেতে বিকেল হয়ে যাবে”

এ বাড়ির জামাই অচ্যুত মুকুজ্জে, কথাটা মেনে নিলেন, কারণ, তাঁর অপেক্ষায় সকলে অভুক্ত রয়েছেন। শ্বশুরমশাই, দাদা, বাড়ির মেয়েরা সব্বাই।

টিউবওয়েলের বাংলা নাম টেপাকল। শীতকালে টেপাকলের জলের শীতলতা একটু কমই হয়। তারওপর সারা দিনের রোদ্দুর আর সারা পথের ধুলো মাখা অবস্থায়, সদ্য মোড়ক খোলা সুবাসিত গ্লিসারিন সাবান আপাদমস্তক মেখে চান করে বেশ তৃপ্তিই বোধ করলেন অচ্যুত। নতুন গামছায় গা মুছে, বালিকা ছোট শ্যালিকার বাড়িয়ে দেওয়া কাচা ধুতি, বেনিয়ান আর চাদর গায়ে দিয়ে চুল আঁচড়ে যখন আবার দাওয়ায় এসে দাঁড়ালেন, শরীরে তেমন আর কোন ক্লান্তি বোধ হচ্ছিল না।        

ভেতরের ঘরের দাওয়ায় সবাই তাঁর অপেক্ষাতেই ছিলেন। শ্বশুরমশাই অনাদি চাটুজ্জে, জামাইকে দেখে রান্নাঘরের দিকে হাঁক দিলেন, “কই গো, তোমাদের হলো? এসো বাবা, এসো। বাবাজীবন কখন থেকে অপেক্ষা করছে, আর কত বেলা করবে?”

দাওয়ায় তিনটে আসন বিছানো। চটের ওপর রঙীন সুতোয় হাতে বোনা আসনসেই আসনের সামনে দাঁড়িয়ে অচ্যুত বললেন, “বাঃ, এই আসনগুলো বেশ তো! কে বুনেছে, দাদা”?

“আসনগুলো? ও সব আমাদের মণি আর সুভোর বোনা। ভাল বুনেছে না? কলু, কটা আসন সোনাকে দিয়ে দিস তো – জামাইবাবু বসবে”

অচ্যুত কিছু বললেন না, একটু হাসলেন। দেয়ালের দিকে তিনটে আসন পাশাপাশি একটু ফাঁক ফাঁক করে পাতা। মাঝের আসনটাই সব থেকে সুন্দর। নীল জমির মাঝখানে সবুজ গা, লাল ঠোঁটের শুক-সারি পাখি, মুখোমুখি বসে। তাদের মাথার ওপরে হলুদে লেখা “শাসন করা তারই সাজে” আর তাদের পায়ের নীচেয় “সোহাগ করে যে”ওপাশের আসনের মাঝখানে তাজমহলওপরে লেখা “তাজমহলের মর্মরে গাঁথা” আর তার ভিতের পাথরে “কবির অশ্রুজল”এ পাশের আসনেও শুকসারি পাখি, ওপরে লেখা “সংসার সুখের হয়” আর পাখিদের পায়ের নীচে “রমণীর গুণে”

বৌদি দুহাতে ধরে সাজানো ভাতের বিশাল কাঁসার থালা নিয়ে, মাঝের আসনের সামনে রেখে বললেন, “ঠাকুরজামাই বসুন, সেই কোন কাকভোরে বেরিয়েছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে খুব”

বৌদির পিছনে সুভা আর কলু, কিশোরী আর বালিকা দুই ননদের হাতেও বড়ো বড়ো সাজানো ভাতের থালা। সুভার হাত থেকে থালা নিয়ে ডান দিকের আসনের সামনে রেখে বললেন, “বাবা, বসুন”তারপর বাঁদিকের আসনের সামনে অন্য থালাটি রেখে কিছু বললেন না, চোখ তুলে তাকালেন দাদার দিকে।

সকলেই নির্দিষ্ট আসনে বসলেন। অনাদি জামাইয়ের দিকে তাকিয়ে বললেন, “শুরু করো বাবা”কাঁসার গেলাসের থেকে হাতে জল নিয়ে গণ্ডুষ করলেন, তারপর বাকি জলে ঘিরে ফেললেন ভোজন পাত্র। অন্ন এবং অন্যান্য ভোজ্যের সামান্য অংশ পাঁচ আঙুলের ডগায় তুলে নিয়ে, মনে মনে মন্ত্র পড়ে থালার ডানদিকে মাটিতে উৎসর্গ করলেন, পঞ্চদেবতা ও পিতৃপুরুষদের। তারপর ভাতের কোল ভেঙে শুরু করলেন আহার।

শাকভাজা মেখে একগ্রাস ভাত মুখে নিয়ে অনাদি বললেন, “এই অবেলায় স্বল্প আহারই ভাল, বুঝেছ বাবা? অনিয়ম হয়ে গেল না? এই তো দেখ না, খেয়ে উঠতে উঠতেই বেলা শেষ হয়ে যাবে। শীতের বেলা, এই আছে এই নেই। আজকাল ডাকের যে কী গণ্ডগোল হয়েছে, কি বলবো বাবা। পাঁচদিন আগে লেখা তোমার চিঠিটা, আমরা হাতে পেলাম সবে কালকে। চিঠিটা পেয়ে কী আনন্দ যে হল, সে আর বলার কথা নয়। কিন্তু চিন্তা করো, চিঠিটা কাল যদি না পেতাম? আজকে তোমাদের কী আতান্তরেই না পড়তে হতো! তোমাদের কী খাওয়াতাম, কী করতাম! কোথায় বসাতাম! যাই বলো আর তাই বলো, বারো-তেরো বছর হতে চলল দেশ স্বাধীন হয়েছে, উন্নতির জায়গায় সবদিকে অবনতিই হয়েছে বলবো। থাকত আজ গোরা সায়েবরা, চাবকে ঠিক সোজা রাখতো আমাদের”।

দাদা এবং অচ্যুত খাচ্ছিলেন, কেউ কোন কথা বললেন না। অনাদি কিছুক্ষণ চুপ করে খাওয়ার পর আবার বললেন, “হ্যারে সুভা, বিকাশ আর তনু কোথায় গেল রে? দেখছি না?” বড়ো থালায় ছটা বাটি - তিনটেয় ভাজা সোনামুগের ডাল, আর তিনটেয় মাছের ঝোল নিয়ে সুভা রান্নাঘর থেকে অতি সন্তর্পণে উঠোন পার হয়ে আসছিল। বাবার ডাকে সাড়া দিয়ে বলল, “ওরা হাজরা পুকুরে নাইতে গেছে, বাবা”অনাদি আদর করে তাঁর কন্যাদের নিজস্ব নামে ডাকেন, মণিদিদিকে তনু, নদিদির ডাকনাম যদিও সোনা, উনি ডাকেন বিকাশ! 

“বাড়িতে টেপাকল থাকতে, এই অবেলায় আবার পুকুরে গেল নাইতে? এদের কাণ্ডকারখানার বোঝা দায়! হীরুকে নিয়ে যায়নি তো?”

“গেছে তো! হীরু খুব বায়না করছিল, তাই মণিদি বলল, চলুক না, কিচ্ছু হবে না”

“কিচ্ছু হবে না কি রে? ছোট ছেলে, অবেলায় পুকুরে চান করে, জ্বরজারি বাধিয়ে বসলে?”

 

এতক্ষণ রান্নাঘরে আড়ালেই ছিলেন, ষোড়শীবালা, অচ্যুত মুখার্জির শাশুড়িমা। প্রৌঢ়া, একটু পৃথুলা গড়ন, ধবধবে ফর্সা রঙ। সমস্ত শরীরে ও মুখশ্রীতে মাতৃভাব। সামনে জামাই রয়েছে, তাই মাথায় বড়ো ঘোমটা টানা। ছোট্ট পান্নাকে কোলে নিয়ে তিনি উঠোন পেরিয়ে এসে দাওয়ায় বসলেন, বললেন, ““অত ব্যস্ত হয়ো না তো! অ সুভা, জামাইবাবুকে দুটো ভাত দিয়ে যা, মা। কলু, জামাইবাবুকে আর এক টুকরো লেবু দে না, মা। ডাল দিয়ে মেখে খেতে ভালো লাগবে”

শাকভাজা শেষ করে, অনাদি ফুলকপির তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে বললেন, “পান্না কি ঘুমোচ্ছে”?

কোলে নিশ্চিন্তে ঘুমোনো পান্নার মুখের দিকে তাকিয়ে ষোড়শীবালা বললেন, “হ্যাঁ। কেমন অবাক ছেলে বলো দিকি। অচেনা মুখ, অচেনা জায়গা, অচেনা কোল, তবু এতটুকু কান্না নেই গা”? সুভা আর কলুর কাছে, ছোট্ট এই ছেলে যেন জ্যান্ত এক পুতুল।

কলু খুব উত্তেজিত গলায় বলল, “জানো বাবা, পান্না আজকেই প্রথম ঝিনুকে দুধ খেল। গলায় দুধ নিয়ে গলগল করে আওয়াজ তুলছিল, আর ঢোঁক গিলেই সে কি হাসি!”

“তাই নাকি?” পান্নার দাদামশাই হাসলেন ঘুমন্ত পান্নার দিকে চেয়ে। তাঁর দুচোখে ভালোবাসা আর মায়া।

পান্নার দিদিমা মুচকি হেসে নাতির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে, স্নেহার্দ্র স্বরে বললেন, “তাই না তাই, এ যেন সেই “মুখে নেই রা, পব্বতে মারে ঘা”

ফুলকপির তরকারি শেষ করে নতুন ভাত ভাঙলেন অনাদি, তাতে মাছের ঝোল ঢেলে বললেন, “দুটো ভাত দে দেখি সুভা, মা। ঝোলটা বেশি হয়ে গেল। বাবা অচ্যুত, সোনা আমাদের খুব ভেতরবুঝো আর মনটা মায়া-দয়ায় ভরা, জানলে বাবা? তোমার ছেলেদুটি একদম রত্ন হবে, এ আমি তোমায় বলে রাখলাম, পরে মিলিয়ে নিও”বাবাকে বেশ খানিকটা ভাত দিয়ে, সুভা জামাইবাবুকেও ভাত দিতে এসেছিল, জামাইবাবু দু হাতে পাত আড়াল করে হাঁ হাঁ করে উঠলেন, বললেন, “আর একটাও ভাত নিতে পারবো না, সুভা”

কিশোরী সুভা হেসে বলল, “সে কী, জাঁইবাবু? আপনি তো কিছুই খেলেন না”

ষোড়শীবালা পিছন থেকে বললেন, “থাক থাক, এই অবেলায় আর জোর করিসনি, বাছা। বরং চুনো মাছের অম্বল আর পায়েসটা নিয়ে এসো, বৌমা”

“কী সর্বনাশ, এর পরে আবার পায়েস?”

ষোড়শীবালা অচ্যুতের এই কথায় একটু বিরক্ত হলেন, “ও আবার কী কথা, বাবা? খাওয়াতেও সর্বনাশ? তোমাদের আজকালকার ছেলেছোকরাদের কথাবার্তায় কোন ছিরিছাঁদ নেই বাপু”

অপ্রস্তুত অচ্যুত পাশে বসা দাদার দিকে তাকালেনদাদা চোখের ইশারায় মুচকি হেসে খেতে খেতেই বললেন, “পায়েস না খেলে কী আর আয়েস হয়, ভায়া?”

 

 খাওয়া দাওয়ার পর দাদা নিজের ঘরে নিয়ে গেলেন অচ্যুতকে। বিছানায় বসে জিজ্ঞেস  করলেন, “পান খাবে নাকি? জোয়ান বা সুপুরি-টুপুরি কিছু”?

“নাঃ”

“কাঁচি চলে?” দাদার হাতে সিজার্স সিগারেটের প্যাকেট।

লাজুক হেসে অচ্যুত বললেন, “কলকাতার মেসে দু একদিন টেনে দেখেছি, তেমন মজা পাইনি”

“আরে নাও, নাও। ব্যাটাছেলের এক আধটা নেশাভাং না হলে ঠিক মানায় না”

“আচ্ছা দিন, বলছেন যখন”

দুজনেরই ঠোঁটে সিগারেট। কেরোসিনের লাইটারে খচ খচ চার পাঁচবার ফ্ল্যাশ দেওয়ার পর জ্বলল। অচ্যুতর সিগারেট জ্বালিয়ে, দাদা নিজেরটা ধরালেন। সিগারেট ধরানো আর প্রথম টানেই বোঝা গেল, অচ্যুত নেশার পথে নেহাতই নাবালক।

সিগারেটে দুটো টান দেওয়ার পর অচ্যুত বললেন, “আচ্ছা, আমার কথায় তখন মা খুব বিরক্ত হয়েছেন, না?”

“কিসের কথায়? অ, ওই “সর্বনাশ”? ছাড়ো না ভায়া, আমাদের কথাবার্তার ধরনে বাবা-মায়েরা অমন প্রায়ই বলেন। “আজকালকার ছোকরাদের কথাবার্তায় কোন মাথামুণ্ডু নেই”। “আমাদের সময় বাপু এমন ছিল না”। “কালে কালে কত যে দেখবো”? হা হা হা হা, সব কথায় কান দিলে চলে?”

“আরেকটা কথা কী যেন বললেন, মুখে নেই রা...”

“হা হা হা হা, ওটা একটা কথার কথা - প্রবাদ। আমার মা হচ্ছেন বাংলা পরিভাষা আর প্রবাদের আকরকথাটা হচ্ছে, “মুখে নেই রা, পর্বতে মারে ঘা”কেউ কেউ কথা কম বলে, কিন্তু কাজে হয় খুব দড়, একদম পাহাড়ে গিয়ে যেন ঘা মারে...হা হা হা হা। কদিন থাকো না ভায়া...”, শেষ হয়ে আসা সিগারেটটা তোবড়ানো শানকির বাটিতে চেপে নিভিয়ে ফেলে দিলেন, তারপর আবার বললেন, “...আরো অমন কত জেনে যাবে! অসিতবাবু, নীহারবাবু, সুকুমারবাবু আর কটা সংগ্রহ করেছেন? তাঁরা যদি আসতেন আমার মায়ের কাছে”!

অচ্যুত হাসলেন, কিছু বললেন না। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, “আপনার সঙ্গে একটা পরামর্শ আছে, দাদা”

অচ্যুতের বলার ভঙ্গিতে দাদা একটু উদ্বিগ্নই হলেন, বললেন, “কী ব্যাপার বলো, তো?”

“আমি ওদের নিয়ে এবার কলকাতায় যাবো ভাবছি”

“কাদের নিয়ে?”

“ওদের, মানে আপনার বোন, আর ছেলেদের নিয়ে”

“তা সে যাও না, পরিবার নিয়ে কলকাতায় যাবে, সে তো খুবই আনন্দের কথা। মাস খানেক থেকে জাদুঘর, চিড়িয়াখানা, কালীঘাট, ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বর – সে তো ভালোই হবে। কিন্তু পান্নাটা একেবারেই কচি ছেলে, হীরুই বা কী এমন বড়ো, তোমারও আপিস, সোনা একা সামলাতে পারবে কী”?

“কদিনের জন্যে নয় দাদা। বাসা নিয়ে কলকাতাতেই থাকবো”

দাদা অচ্যুতের চোখের দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ, তারপর বললেন, “সে তো আমার বোনের সৌভাগ্য। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? তুমি বাড়ির বড়ো ছেলে, গ্রামের বাড়িতে তোমার বিধবা মা রয়েছেন, ভাইয়েরা রয়েছে, জমিজিরেত, চাষবাস রয়েছেকলকাতার বাসায় থেকে এসব সামলাতে পারবে? তাছাড়া, কিছু মনে কোর না, অচ্যুত, বড়দাদা হিসেবেই বলছি, কলকাতায় বাসা ভাড়া দিয়ে সংসার চালানো, দুটো বাচ্চা, দায়দৈব, জ্বরজারি, তাদের লেখাপড়া, বইখাতা, স্কুল। খরচের ব্যাপারটাও ভেবে দেখেছো তো?”

মাথা নীচু করে কিছুক্ষণ চিন্তা করলেন অচ্যুত, তারপর মুখ তুলে বললেন, “ভেবেছি, দাদা। আমাদের এমন কিছু জমিজিরেত নেই, যার জন্যে সব ভাই মিলে গ্রামে পড়ে থাকতে হবে, সে কথা আপনি জানেন, দাদা। আর কলকাতায় বাসা ভাড়া করে সংসার চালাতে খরচ তো হবেই, ঘাটতি যেটুকু হবে, সেটা সকাল বিকেল টিউশনি করে সামলে নিতে পারবো”

“হুঁ, সব দিক চিন্তাভাবনা করেই ফেলেছো? আমার মা বলেন, তাঁর সকল জামাইয়ের মধ্যে, তুমিই নাকি সব থেকে বিচক্ষণ আর জ্ঞানী”মৃদু হেসে দাদা আরো বললেন, “তা তোমার মাথায় হঠাৎ এমন চিন্তা এল কী করে? আমি তো জানতাম, তুমি বেশ মাতৃভক্ত এবং মাকে বেশ ভয়ও পাও। তাঁকে আড়াল করে, এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছ! সোনা জানে, সোনাকে বলেছ?”

“না দাদা, কেউই জানে না। কলকাতায় ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে দু’একজন জানে, তাদেরকেই বলে রেখেছি, একটা বাসা দেখে রাখতে। আত্মীয়দের মধ্যে আপনাকেই প্রথম বললাম। এ বিষয়ে আপনার মতামতটা ভীষণ জরুরিকারণ, ভালো মন্দ যাই হোক না কেন, আপনার বোনের ভবিষ্যত আমার সঙ্গেই তো জড়িয়ে? আর এই সিদ্ধান্তটাও হঠাৎ নয় দাদা, বেশ কিছুদিন ধরেই ভাবছি। হীরুর স্কুলে যাবার বয়েস হয়ে এল, দাদা। আমাদের গ্রামের স্কুলে ওকে পড়াতে চাইছি না। কলকাতার ভালো স্কুলে পড়ে, ভালোভাবে মানুষ হয়ে উঠুক, এটাই আমার স্বপ্ন”

“এ কথাটা আমি মানতে পারলাম না, ভায়া। কলকাতায় লেখাপড়ার পরিবেশ ভালো মানছি, কিন্তু গ্রামের স্কুলে লেখাপড়া করে অমানুষ হয়...তুমি আমি কি অমানুষ হয়েছি বলতে চাও”?

অচ্যুত হেসে ফেললেন, মাথা নেড়ে বললেন, “না, না, আমি ওভাবে কথাটা বলিনি, দাদা। আমার স্বপ্ন হীরু ডাক্তার হোক। গ্রামের স্কুল থেকে পড়ে কেউ কোনদিন ডাক্তার হয়নি, তা নয় দাদা। কিন্তু কলকাতার পরিবেশে সেটা অনেক সহজ হয়ে যায়, সেটা তো মানবেন?” দাদা কিছু বললেন না, তাকিয়ে রইলেন অচ্যুতের দিকে, তাঁর মুখে মৃদু হাসির রেশ।

বেশ কিছুক্ষণ কোন কথা না বলায় অচ্যুত একটু অধৈর্য হয়ে উঠলেন, হাসতে হাসতে বললেন, “কী হল? হাসি হাসি মুখে কী দেখছেন বলুন তো”?

এ কথার উত্তরে দাদা হাসি মুখে বললেন, “দেখছি হে, দেখছি। মুখে নেই রা, পব্বতে মারো ঘা। কথাটা তোমার পক্ষেও দিব্বি খেটে যায়”

“তার মানে?”

হা হা করে হেসে উঠলেন, দাদা। তারপর বললেন, “বেশি কথা-টথা বলো না, কিন্তু নিজে নিজেই বেশ কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ! আজকালকার ছোঁড়ারা এটাকেই বলে চ্যালেঞ্জ! ওই দ্যাখো, আমিও একাল-সেকাল বলতে আরম্ভ করেছি”একটু থেমে থেকে আবার বললেন, “স্বপ্ন আমরা সবাই দেখি, অচ্যুত। কিন্তু স্বপ্নটাকে সত্যি করে তোলাটা যে একটা চ্যালেঞ্জ, সেটা ভাবি না। যতটুকু সাধ্য, আমার সাহায্য তুমি চিরদিন পাবে। কিন্তু সবার আগে সোনার সঙ্গে তোমার কথা বলা উচিৎ। যত শিগ্‌গির হয়, সম্ভব হলে আজই। তোমার এই কঠিন ব্রতে ওই হবে তোমার একমাত্র নিত্য সঙ্গী, ওর মতামতকে অবহেলা করো না”

 

..০০..

    এর পরের পর্ব - " সংসার সুখের হয়... " 

                  

শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সুরক্ষিতা - পর্ব ৯

এই উপন্যাসের আগের পর্ব - " সুরক্ষিতা - পর্ব ৮



 

  ছবি দেখেছে, ব্যাপারটা হয়ে যাওয়ার পর, প্রত্যেকবারই তার মনে কেমন একটা যেন পাপবোধ আসে। আসলে খুব যে ভাল লাগে ব্যাপারটা তা মোটেই নয় – আবার মন্দও লাগে না। অনেকটা যেন নাছোড় নেশার মতো। নেশা করতে করতে মনে হয় আর কক্‌খনো করব না, কিন্তু আবার সময় এলেই মনে হয় - এইবারটাই শেষবার – এরপরে আর নয়। সত্যি বলতে সে মিঠুদিদিকে ঠিক এড়িয়ে যেতেও পারে না। তার কাছে ঘনিষ্ঠ হয়ে এসে, চোখে চোখ রেখে, তার ঠোঁটে যখন মিঠুদিদি ঠোঁট ডুবিয়ে দেয়, ছবির সব বাঁধন যেন আলগা হয়ে আসে। মিঠুদিদির হাতে নিজেকে তুলে দিয়ে ছবি তার সমস্ত শরীরে অনুভব করে এক অদ্ভূত আলোড়ন। তখন তার আর মনে থাকে না পাপবোধ, সংস্কার অথবা কোন সামাজিক নীতির ভ্রুকুটি।      

ছবি একটা ট্রেতে দুটো চায়ের কাপ আর দুটো বিস্কুট নিয়ে এল। মিঠুদিদির হাতে একটা চায়ের কাপ দিল – সামনে রাখল একটা প্লেটে দুটো বিস্কুট। মিঠুদিদির সামনে বসল নিজের চায়ের কাপটা নিয়ে, এটা অন্য ধরনের কাপ, অনেক সস্তা। সে জানে, যে সম্পর্কই গড়ে উঠুক না কেন মিঠুদিদির সঙ্গে, তাতে তার অবস্থানের কোন পরিবর্তন কোনদিন হবে নাওই সময়টুকু ছাড়া তার আর মিঠুদিদির মধ্যে যে দুস্তর ফারাক, সেটা মুছে যাবার নয়। আর যাই ভুলে যাক, ছবি এ ব্যাপারটা ভুলবে না কিছুতেই।

চায়ে চুমুক দিয়ে মিঠুদিদি আনমনে বলল, “সেই দিনটা আজও আমার ভীষণ মনে পড়ে, জানিস ছবি”?

“কোন দিনটা গো”?

“যেদিন তুই আর তোর মা আমাদের বাড়িতে এলি-সাতসকালে, মনে আছে”?

“বারে মনে থাকবে না কেন? তুমি চান করে স্কুল ড্রেস পরে খেতে বসছিলে আর আমরা ঢুকলাম”।

চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রতিষ্ঠা অনেকক্ষণ তাকিয়ে রইল ছবির দিকে। প্রতিষ্ঠার এইভাবে তাকিয়ে দেখাতে ছবি একটু লজ্জা পেল, বলল, “কি দেকচ বলোতো? আর এত কি ভাবচো, সেই থেকে”?

ঠোঁটের কোণে হাল্কা হাসির একটা রেখা নিয়ে মিঠুদিদি বলল, “এই কলকাতায় তোর কতবছর হল, বলতো ছবিপ্রায় বছর ছয়েক, না? তুই আমাদের বাড়ি এসেছিলি যখন, একটা ছোট্ট পাখির মতো অসহায় ভিতু, আর কি ইনোসেন্ট ছিলি তুই। সো ইনোসেন্ট অ্যান্ড পিওর – আই জাস্ট কান্ট ইম্যাজিন। সে সময়ে আমিও বয়সে খুব একটা বড়ো ছিলাম না তোর থেকে। কিন্তু তবুও ফিল করেছিলাম আমার ক্লাসমেট বা চেনাজানা কোন মেয়ের  মধ্যে এমন ইনোসেন্স দেখিনি। জানিসনা ছবি, আর তোকে বুঝিয়ে বললেও তুই বুঝবি না। তোকে সেই দেখাটা আমার জীবনে কি এক অসম্ভব রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিয়েছিল”।

“বাব্বাঃদিদি, তুমি বরাবরই দেকেচি আমার সঙ্গে এমন শক্ত শক্ত সব কতা বলো - কেন বলো তো? তোমার সব কতার মানে বুজি না বটে - শুনতে কিন্তু বেশ লাগে”।

অধৈর্যে মাথা নাড়ল মিঠুদিদি, তার ছোট করে ছাঁটা বয়কাট চুলে ঝাঁকুনি তুলে বলল, “ওটাই তো তোর গ্রেটেস্ট প্রবলেম, ছবিকিংবা কে জানে ওই জন্যেই আমাকে তোর কাছে বার বার ফিরে আসতে হয় – এরপরেও আসতে হবে বারবার কিছুই বুঝিস না তুই। অথবা সব কিছু বুঝেও কোন এক অদৃশ্য সীমারেখা তুই টেনে রাখতে পারিস তোর চার দিকে। যার বাইরে তুই নিজে কোনদিন বের হবি না। এবং কাউকে ঢুকতেও দিবি না সেই ঘনিষ্ঠ গন্ডীর ভিতরে। না হলে এতদিন কলকাতার জীবনে অভ্যস্ত হতে হতেও, তুই সেই আগের মতোই রয়ে গেলি কী করে? কি করে তুই তোর আদুড় বুকের মধ্যে লুকিয়ে রাখতে পারলি, তোর সেই ফেলে আসা গ্রাম-জীবনের মেঠো গন্ধ! শ্যাম্পু করা চুলের গভীরে শ্বাস নিলে কেন পাওয়া যায় বাসী নারকেল তেলের সোঁদা আঘ্রাণ! একটু থেমে ঘাড় ঝাঁকিয়ে মিঠু বলল, “মাই গড, আজকে জানিনা কেন বেশি ইমোশনাল হয়ে পড়ছি...। আজ চলি রে, ছবি”

হঠাৎ করেই চেয়ার থেকে উঠে পড়ে, দরজার দিকে এগোলো মিঠুদিদিছবি খুব অবাক হল, মিঠুদিদির এই আকস্মিক ভাব পরিবর্তনে, পিছনে পিছনে দরজার দিকে যেতে যেতে বলল, “ওই দ্যাকো, চা-টাও শেষ করলে না। একটা বিস্কুটও দাঁতে কাটলে না – দিদি, তুমি না সেই একই রকম খামখেয়ালি রয়ে গেলেআচ্ছা বেশ, সেই আসবেই যকন, “চলি” নয় - বলো “আসি”“ মিঠুদিদি ফিক করে হেসে ফেলল, খোলা দরজার বাইরে থেকে, ভিতরে দাঁড়ানো ছবির গালটা আলগা করে টিপে দিয়ে, বলল, “আদ্যিকালের পান্তি বুড়ি, আসি রে”

উজ্জ্বল হাসিমাখা মুখে ছবি বলল, “এসো। আবার আসবে কিন্তু, সময় পেলে”।


মিঠুদিদি হাসল, বলল, “তুই না ডাকলেও আসব, পুরুষরাই বুঝি আজীবন ডাকাতি করে যাবে মেয়েদের ওপর, আমিই বা কম কিসে, শুনি”? 


                                    এই উপন্যাসের পরের পর্ব - " সুরক্ষিতা পর্ব - ১০ 


শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বুনো ওল

 এর আগের বড়োদের গল্প - " প্রমোশন "




গতরাত থেকেই অঝোর নিম্নচাপের ধারায় আমাদের এদিকে জলভাসি। সকাল সাড়ে দশটায় অফিস যাওয়ার ইচ্ছেহীন চেষ্টায় ক্ষান্ত দিলাম। কিন্তু ঘরে বসেই বা সারাটাদিন করব কী? এগারোটা নাগাদ রওনা হলাম আমাদের পাড়ার ক্লাবে, কেউ না কেউ নিশ্চই থাকবে। ক্যারাম খেলে আর আড্ডা দিয়ে কাটিয়ে দেওয়া যাবে নিম্নচাপের এই ল্যাদার্ত দিনটা।

 হলও তাই। ক্লাবে গিয়ে দেখি নবা, মিঠু, আর টিটু ক্যারাম বোর্ডে খটখট করছিল, আমাকে দেখেই হৈহৈ করে উঠল ওরা, “অ্যাই ত, শিবে এসে গেছে, ভালই হয়েছে! আরেক পিস ভেজা কাক উড়ে এসে জুটলই যখন জমিয়ে ক্যারাম খেলা যাক”

আমার পরনে ছিল, বারমুডা আর গলাকাটা টিশার্ট। বলাবাহুল্য দুটোই ভিজে গিয়েছিল আসার পথে, কাজেই ভেজা কাক বিশেষণে, আমার যে বিশেষ অসম্মান হল, তেমন নয়। আর হলেই বা কী, এই নিম্ন চাপের দিনে এমনিতেই আমার মিয়োনো মুড়ির মতো অবস্থা। চারজনে ক্যারামে বসে গেলাম তৎক্ষণাৎ। কিন্তু ক্যারামই বা কতক্ষণ খেলা যায়? ঘন্টাখানেক খেলার পর যখন আমরা বোর হয়ে তালগাছ খেলার কথা ভাবছি, ঘরে এসে ঢুকল ভূষিকা ভূষিকা খুব মজার হাঁকডাক করা মানুষ। যেখানে বসেন একেবারে জমিয়ে বসেন, কচিকাঁচা থেকে পাকাবুড়ো সক্কলের সঙ্গেই ওঁনার সমান জমে।

আমরা সব্বাই ক্যারাম খেলা ছেড়ে হামলে পড়লাম, “ওফ, ভূষিকা, আজকের দিনে তুমি ছাড়া আর কাউকে ভাবাই যায় না, মোক্ষম দিনে মোক্ষম সময়ে এসে পড়েছ।”

 

ভূষিকাকার ভাল নাম ব্রজভূষণ সমাদ্দার, তার থেকে ভূষি, আদর করে আমরা ভূষিকা বলি। ভূষিকাকা মেঝেয় পাতা শতরঞ্চিতে বসতে বসতে বলল, “এমন ঘনঘোর বরিষায়, জমিয়ে গল্প বলা যায়...তাই বলছিস তো?”

আমি পাকামি করে, ফোড়ন দিলাম, “ওটা পুরোন এডিশনের গান, নতুন এডিশনে এমন ঘনঘোর নিম্নচাপে, বলা আছে।”

“তার মানে? এটা আবার কবে বের হল?”

ভূষিকাকার এই প্রশ্নে আমি, মাতব্বরের মতো জবাব দিলাম, “বেরোয়নি, খুব শিগ্গিরি বেরোবে। আজকাল বর্ষা আর হয় না। বৃষ্টি হয়, হাল্কা, মাঝারি, ভারি, এমনকি বিক্ষিপ্ত বৃষ্টিও বিস্তর মেলে, কিন্তু নো বর্ষা। টানা বৃষ্টি মানেই নিম্নচাপ।”

মিঠু বলে উঠল, “ভূষিকা, তুমি শিবের কথায় কান দিও না তো, এতদিন পরে এলে, কোথায় ছিলে, কী করলে সে কথা বলো। অনেকদিন পর এলে, প্রায় ছ-সাত মাস পরে, তাই না?”

মিঠু আমাকে থামিয়ে দিলে কী হবে? আমি থামার পাত্রই নই, বললাম, “ভূষিকা, তোমার গল্পের ঝুলি থেকে ঝুল ঝেড়ে গল্প না বললে, আমরা কিন্তু তোমাকে ঝুলোঝুলি করতেও পিছপা হবো না, এই বলে দিলাম”

ভূষিকা একথায় একটু ত্রস্ত ব্যস্ত হয়ে বলল,  “আরে দাঁড়া, দাঁড়া, আসার পথে বিজুদার সঙ্গে দেখা। কেমন আছো, জিগ্যেস করতেই বিজুদা তার অম্বলের ব্যাখান শুরু করল। অম্বলের থেকে বাঁচতে কোনরকমে ক্লাবে পালিয়ে এলাম। এখানে এসে আবার দেখছি, শিবুর আনকোরা নিম্নচাপের এডিশন!” ভূষিকা অসহায়ের মতো মুখ করে, আমাদের দিকে তাকাল।

আমি বললাম, “ওফ, বিজুকাকার পাল্লায় পড়েছিলে? খুব অল্প সময়ে, পেল্লায় বাঁচা বেঁচে গেছ বলতে হবে। আমরা তো এখন ওঁনাকে দেখলেই পালিয়ে বেড়াই। ওঁনার অম্বলের কথা যতো কম বলা যায় ততই ভালো। বলতে কী আমরা দিন দিন কমবল, মানে হীনবল হয়ে পড়ছি ওঁনার অম্বলের কথা শুনতে শুনতে।”

ভূষিকাকা আমার দিকে খুব সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, “শিবু, তোর শরীর খারাপ না কী রে? কেমন সব কথা বলছিস জড়িয়ে মড়িয়ে, মিলিয়ে মিশিয়ে! কী হল কী তোর?”

নবা খুব বিরক্ত মুখে উত্তর দিল, “ভূষিকা, শিবের মাথাটা একদম নষ্ট হয়ে, পচে গেছে। এবার বইমেলা থেকে শিব্রাম সমগ্র কিনে পুরোটা পড়েছে ফলে যা হবার তাই হয়েছে, কথাবার্তার মাথামুণ্ডু ঘুঁচে গেছে।”

ভূষিকা এ কথায় হো হো হাসল খানিক, তারপর বলল, “অ, এই কথা? শিবুর মাথায় শিব্রাম ভর করেছে? তোদের মতো বয়সে আমিও পড়েছিলাম, কিছুদিন আমারও ওই রোগ ধরেছিল, অনেক কষ্টে ছাড়ান পেয়েছি। দাঁড়া আজ বিজুদার অম্বলের ওষুধটা দিই, পরে একদিন শিবুকে নিয়ে পড়ব।”

নবা জিগ্যেস করল, “তুমি কী বিজুকাকাকে ডেকে এলে? উনি আসছেন নাকি, এখন? সেরেছে, আড্ডাটা টকিয়ে ছাড়বে একেবারে।”

ভূষিকাকা মুচকি হেসে বলল, “ঘাবড়াসনি, যা বলার আমিই বলব, তোরা শুধু শুনবি। দেখ না বিজুদার অম্বল যদি না সারাতে পারি, আমার ব্রজভূষণ নামটা তোরা পাল্টে দিস”

আমি বললাম, “আমরা যারা অম্বলে টক নই, এক কথায় যারা না-টক, তারা একদম নো Talk, তাই তো ভূষিকা?”

আমার কথায় সকলেই বিরক্ত হয়ে “ওফ্‌” করে উঠল, শুধু ভূষিকাকা আমার দিকে গভীর চোখে তাকিয়ে বলল, “অসুখটা ভালই বাধিয়েছিস রে, শিবে, সারতে সময় লাগবে। ভাবিয়ে তুললি বেশ।”

 

ভূষিকার কথা শেষ হল কি হল না, বিজুকাকা ক্লাব ঘরে পা রাখলেন এবং ঢুকেই, বিশাল এক ঢেঁকুর তুললেন, “হেউ”

সেই শুনে ভূষিকা বলল, “এ কী করেছ, বিজুদা? শরীরে এতো অম্বল পুষে রেখেছো? এতো ভালো কথা নয়।”

“ভালো কথা নয়ই তো! কি জ্বালায় যে জ্বলছি, সে শুধু আমিই জানি। পেট থেকে গলা অব্দি সারাক্ষণ জ্বলছে। কেউ বুঝতে চায় না, যাকেই বলি, ইয়ার্কি-ফাজলামো করে।” বলেই আবার ঢেঁকুর তুললেন “হেউ”

“হায়, হায়। একদিকে সঙ্গে নেইকো কেউ, ওদিকে ঢেঁকুরের বড়ো বড়ো ঢেউ।” আমি নাtalk থাকতে পারলাম না, বলেই ফেললাম। আমার দিকে বাকিরা কটমট করে তাকাল, কিন্তু ভূষিকার চোখে সহানুভূতি, জ্বরে ভোগা ছেলের দিকে মায়েরা যে চোখে তাকান, অবিকল সেই দৃষ্টি!

ভূষিকা ভীষণ গম্ভীর মুখ করে বলল, “বিজুদা, তোমার এই অম্বল নিয়ে কয়েকটা কথা জিগ্যেস করবো, সত্যি করে বলবে?”

“কী বল তো? যদি কিছু সুরাহা হয় কেন বলবো না? কী জানতে চাস বল না, ভূষি?”

“ফুচকা আর আলুর চপ কতদিন খাওনি?”

“মনে নেই রে, তা প্রায় বছর পাঁচেক তো বটেই, ফুচকা তো তারও বেশি, তা ধর বছর আষ্টেকআগে তো রাস্তায় দাঁড়িয়ে ছেলেমেয়েরা ফুচকা খাচ্ছে দেখলেই বুক আইঢাই করে, চোঁয়া ঢেঁকুর উঠতো। এদান্তিতে সেটা একটু কমেছে। তবে আজ তোর মুখে ওই সব নাম শুনেই গলার কাছটা চিনচিন করছে।”

ভূষিকা খুব উদ্বিগ্ন মুখে বলল, “বলো কী, বিজুদা। এখনই কিছু একটা না করলে তো পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে।”

এই কথায় আমি আর থাকতে না পেরে আবারও বলেই ফেললাম, “গালে দেওয়ার মতো কোন খাদ্যই আর পাওয়া যাবে না, তখন সব খাদ্যই নাগালের বাইরে না-গাল হয়ে, গালের বাইরে পড়ে থাকবে।” কিন্তু আমার কথায় কেউ কানই দিল না।

ভূষিকা একই রকম মুখ করে বিজুকাকাকে আবার জিগ্যেস করল, “সকালে উঠে খালি পেটে জল খেলেও কী অম্বল অম্বল লাগে?”

মেয়েরা তেঁতুলের আচার খেয়ে, চোখ ছোট করে, জিভে যেমন টকাস আওয়াজ তোলে, বিজুকাকা সেরকম আওয়াজ তুলে বলল, “লাগে মানে? জল খাবার পাঁচ মিনিটের মধ্যে মনে হয়, এক পেট কাঁচা আমের সরবৎ গিলেছি। কিংবা পাকা তেঁতুল গোলা জল খেয়েছি। দাঁত ব্রাশ করার সময় দেখি দাঁত টকে গেছে। ছোটবেলায়, নুন ছাড়া কাঁচা আম, গাছ থেকে পেড়ে খেলে, দাঁতের যে অবস্থা হত, সে রকম আর কি!”

ভূষিকা এই কথায় শিউরে উঠল যেন, বলল, “ইসসসস.....তোমার অবস্থা তো বেশ ঘোরালো হয়ে উঠেছে গো, বিজুদা”?

আমি ফুট না কেটে পারলাম না, “ভূষিকা ঘোর আলো কী বলছো, এ তো ঘোর অন্ধকার!”

ভূষিকা আমাকে পাত্তাই দিল না, বলল, “তোমার কথা শুনে, আমার সেই বাঘের কথা মনে পড়ছে গো, বিজুদা, একদম তোমার মতো অবস্থা হয়েছিল। বেচারা, তার কথা মনে পড়লেই...” 

বিজুকাকার কথাটা পছন্দ হল না, বিরক্ত মুখে বলল, “আমার অবস্থা বাঘের মতো, কী বলছিস কি, ভূষি, আমি তো কিছুই বুঝতে পারছি না।”

কিন্তু আমরা সবাই হৈ হৈ করে উঠলাম গল্পে বাঘের গন্ধ পেয়ে। আমি তো বলে়ই ফেললাম, “বিজুকাকার এমন ঘোরালো অম্বলকে বাগে আনতে, বাঘের ধারালো সাহায্য তো নিতেই হবেঘোর আলোর থেকে ধারের আলো এমন আর মন্দ কী? সত্যি বলতে এই অম্বল সারাতে ওই পথই একমাত্র সম্বল। ভূষিকা তুমি ব্যাপারটা খুলে বলো।”

এইবার আমার কথায় সক্কলে হৈ হৈ করে বিপুল সমর্থন করল। খুব সিরিয়াস মুখ করে ভূষিকা বলল, “আমরা কথাটা শোন না বিজুদা, তাহলেই বিষয়ের গুরুত্বটা বুঝে যাবে।”

তারপর একটু চুপ করে থেকে ভূষিকা শুরু করল, “ঘটনাটা বছর তিরিশ আগেকার। আমি তখন চব্বিশ-পঁচিশ বছরের জোয়ান ছোকরা। হিস্ট্রিতে বিএ করে বসে আছি, বেকার। কলকাতায় চাকরি-বাকরির অবস্থা এখনকার থেকেও খুব খারাপবাংলার এমএতে, কলকাতা চিড়িয়াখানার[*] খাঁচাগুলো ভরে গেছে! এ আপিসে, সে আপিসে ঘুরে ঘুরে কলকাতায় কোন কিছুই জুটল না। শেষ অব্দি আমার এক বন্ধুর পিসেমশাইয়ের সুপারিশে সোজা চলে গেলাম নয়াগড়। নয়াগড় তখনও দেশি রাজ্য, সেখানে রাজা ছিল, রাজমন্ত্রী, রাজবদ্যি সব ছিল। ছিল না শুধু সেনাপতি আর সৈন্য সামন্ত। তবে কি না সে নামেই রাজ্য আর রাজা, আসলে তালপুকুর – ঘটি ডোবে না। সেই রাজার ঠাকুরদার আমলে বানানো একটা প্রাইভেট চিড়িয়াখানা ছিল। সেই চিড়িয়াখানায় কিছু শালিক, চড়াই, কাক-টাক গোছের ঘরোয়া পাখি, বেশ কিছু শেয়াল, গুচ্ছের বেড়াল আর এক পাল নেড়িকুকুর ছাড়া তেমন কিছুই ছিল না। বাঘ, সিংহ, ভালুক-টালুক যা ছিল সবই সাজানো!

নবা বলল, “সাজানো বাঘ-ভালুক মানে?”

ভূষিকা হাত তুলে তাকে ধৈর্য ধরার ইঙ্গিত করে বলতে লাগলেন, “বন্ধুর পিসেমশাইয়ের সুপারিশ লেখা চিঠি নিয়ে সোজা গিয়ে হাজির হলাম নয়াগড়ে। কিছুটা কাঠ-খড় পুড়িয়ে দেখা করলাম বৃদ্ধ রাজমন্ত্রীর সঙ্গে। সেই মন্ত্রীমশাইও ছিলেন প্রবাসী বাঙালী, আর বাঙালী ছোকরাদের তিনি খুব ফেবার করতেন, চেষ্টা করতেন যতটা সম্ভব সাহায্য করার।

তাঁর হাতে পিসেমশাইয়ের চিঠিটা তুলে দিতে, তিনি মন দিয়ে চিঠিটা পড়লেন, তারপর বললেন, “ব্রজভূষণ, কটা দিন দেরি করে ফেললে, বাবা, বাঘ তো আর খালি নেই, একটাই ছিল, এই কদিন আগে সামতাবেড়ের একটা ছেলে, তোমার মতোই সুপারিশ নিয়ে এসেছিল, তাকে ঢুকিয়ে নিয়েছি”।

আমি খুব হতাশ হয়ে, বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছি দেখে, মন্ত্রিমশাইয়ের কী মনে হল কে জানে? বললেন, “তুমি বাঙালী, আমারই দেশের ছেলে, তোমাকে হতাশ করে ফেরাতে ইচ্ছে হচ্ছে নাকিন্তু আমাদের চিড়িয়াখানায় একটা যে পোষ্ট খালি রয়েছে, সেটা বাঙালিদের পক্ষে খুব একটা সম্মানের নয়। ওটা আমি এর আগে কোনদিন কোন বাঙালীকেই দিইনি। সত্যি বলতে, আজ পর্যন্ত বাঘ-সিংহটাই বাঙালিদের জন্যে একচেটিয়া রেখেছিলাম, কিন্তু...”

মন্ত্রীমশাই দ্বিধাগ্রস্ত মুখে থেমে গেলেন। কিন্তু আমার তখন চাকরির খুব দরকার, একদিকে মায়ের শরীর খারাপ, ওদিকে ছোট বোনটা বিয়ের যুগ্যি হয়ে উঠছে, আর ভাইটাও ছোট, তার লেখাপড়া আছে।

আমি রাজমন্ত্রীমশাইয়ের পায়ে ঝাঁপিয়ে পড়লাম, বললাম, “আমি কাউকে বাঙালি বলে পরিচয় দেব না, স্যার। আপনি কাজটা আমাকেই দিন, আমার অবস্থা খুব খারাপ, একটা চাকরি না হলে আমি সপরিবারে মারা পড়বো স্যার। ঘরে মা আছেন, ছোট বোন-ভাই আছে। আপনি না রাখলে, তাদের নিয়ে কোথায় যাবো, স্যার?”

 

শেষমেষ চাকরিটা হয়েই গেল। কাজ কম্মো তেমন কিছু নয়। মাইনেপত্র যা পেতাম, প্রায় পুরোটাই বাড়িতে পাঠাতে পারতাম, কারণ থাকা খাওয়াটা ছিল ফ্রি। খাওয়া দাওয়াও মন্দ নয়। সকালে একথালা ভাত, ডাল আর কাঁকরোল ভাজা, যাকে ওরা বলত ঘিয়াকরেলা। আর রাত্রে ছটা ঘি ছিটানো রুটি আর করেলার সবজি। হপ্তায় ছদিন ডিউটি। সোমবার ছুটি, সেদিন দুপুরে হত তিন পিস মাংস দিয়ে ঝোল আর ভাতসবথেকে কাজের চাপ হতো রবিবার আর ছুটির দিনগুলোতে। আবার কোন সোমবার পাব্লিক হলিডে থাকলে আমাদের হপ্তার ছুটিটা মার যেত। এ ছাড়া আর কোন ছুটি ছিল না, শরীর খারাপ হলেও না। ছমাস পরে বাড়ি আসব বলেছিলাম তাও ছুটি দেয়নি ছুটি পেয়েছিলাম প্রায় সাড়ে আট মাস পরে, সেই বর্ষার সময়। ওই সময় কে আর চিড়িয়াখানায় ঘুরতে আসে, ওই সব দেহাতি রাজ্যে? বর্ষার সময় লোক খেতিবাড়ি করবে, না চিড়িয়াখানা দেখবে?”

“বলিস কী, ভূষি? এ তো অত্যাচার। এই নয়াগড়টাই বা কোথায়, আর তার রাজাটাই বা কে”?

“জায়গাটা তখন ছিল এমপিতে, এখন ছত্তিসগড় হয়েছে, নামেই ছত্তিস, আসলে ছিল বাহাত্তরের চার ডবল। এই টুকু টুকু রাজ্য কিন্তু রাজাদের খুব ধুমধাম। এত্তো বড়ো বড়ো রংচঙে পাগড়ি, আর বাহারের পোষাক। তবে সে সব রাজাও আর নেই। রাজ্যও কী আর আছে, বিজুদা, এই স্বাধীন ভারতে”?

“অ। তা তোর কাজটা কী ছিল, সেটা তো বললি না?”

“সে কথায় পরে আসছি। আমার খাঁচা আর বাঘের খাঁচাটা ছিল পাশাপাশি। বাঘের খাঁচাতেই আমাদের সামতাবেড়ের সুনীল মাইতি ছিল। কয়েকদিনের মধ্যেই তার সঙ্গে আমার বেশ গলায় গলায় ভাবসাবও হয়ে গেল। তার ডাকনাম ছিল নীলু। তার বাড়ির অবস্থা আমার থেকেও খারাপ। দর্শকদের ভিড়ভাড় না থাকলে আমরা নিজের নিজের খাঁচার ধারে এসে গল্পসল্প করতাম। আমাদের থাকার জায়গাও ছিল একই জায়গায়। কাজেই সন্ধেয় বাড়ি ফিরেও আমরা একসঙ্গেই থাকতাম।  

 

বছর দেড়েক বেশ ভালোই চলল। ঝামেলা শুরু হল তারপরে। কোথা থেকে এক ব্রিটিশ সায়েব এসে উপস্থিত হল আমাদের চিড়িয়াখানায়। সে ব্যাটা শখের জীব বিজ্ঞানী,  তার সেই সময়ে কী যে শখ চেপেছিল কে জানে? রাজার বিশেষ অনুমতি নিয়ে সে হাজির হল, বাংলার বাঘের ওপর রিসার্চ করার জন্যে। বোঝ কাণ্ড। আমরা নিজের নিজের নির্দিষ্ট ছালচামড়া পরে খাঁচায় ঢোকার আধাঘন্টার মধ্যে সে রোজ এসে উপস্থিত হত, আর নীলুর খাঁচার সামনে একটা চেয়ার আর টেবিল নিয়ে বসে থাকত সারাদিন, সেই বিকেল পাঁচটা পর্যন্ত। বাংলার বাঘ সারাদিন কী করে, কী খায়, কী ভাবে হাঁটে, কী ভাবে হাঁই তোলে, কী ভাবে শোয় – সেই সায়েব বসে বসে সব দেখত আর মস্ত বড়ো একটা ডাইরিতে পাতার পর পাতা কী সব ছাইপাঁশ লিখত।

সত্যিকারের বাঘ তো আর নয়, ও তো আমাদের সামতাবেড়ের নীলু। তার তো অবস্থা সঙ্গীন। দেহাতি লোকের সামনে কিছুক্ষণ বাঘগিরি করা এক জিনিষ, আর জীব বিজ্ঞানী সায়েবের চোখের সামনে সারাটাদিন বাঘত্ব ফলানো অন্য জিনিষ। দেহাতি লোকেদের সামনে হেঁড়ে গলায় এক আধবার হালুম বললে, তারা খুশি হয়ে বাড়ি চলে যায়, সায়েবের তা হবে কেন? দু একদিন দেখে, তার কেন জানি না মনে হল, চিড়িয়াখানার কর্মচারীরা বাঘকে ভালো খেতে দেয় না। আর সেই কারণেই বাঘটা এমন দুর্বল। সেই সায়েব করলে কী, চিড়িয়াখানার কর্মচারীদের ভরসা না করে, একদিন নিজেই চারপাঁচ কিলো মাংস কিনে এনে, থপ থপ করে ফেলে দিল নীলুর খাঁচার ভেতর  সে এক কাণ্ড, সায়েব তো নিষিদ্ধ মাংস এনে দিয়েছে। ছ্যা ছ্যা, চাকরি করতে এসে কী জাত ধর্ম খোয়াতে হবে নাকি?

কর্মচারীরা সায়েবকে যত বোঝায়, “হিন্দু টাইগার সার, ইট নো বিফ সার। ইট অনলি গোট সার”

সায়েব ততো বলে, হতেই পারে না। বাঘ সব খায়, কখনো কখনো মানুষও খায়। ভারতে মানুষখেকো বাঘের কথা, সায়েব নাকি বিস্তর শুনেছে। বাঘের আবার হিন্দু, মুসলমান কীমানুষখেকো বাঘেরা হিন্দু মুসলমান কাউকেই ছেড়ে কথা বলে না!

যাই হোক শেষমেষ রাজমন্ত্রীমশাই নিজে এসে যখন সায়েবকে বললেন, “নেটিব হিন্দু স্টেট সার। হিন্দু কিং। দিস টাইগার টেক বার্থ ইন জু কেজ সার। ইট ওনলি গোট মিট অ্যাণ্ড ফিস, সার।” তখন সায়েব ক্ষান্ত দিল।

তার পরদিন থেকে চিড়িয়াখানা থেকেই দিনের বেলা কচি কাঁচা পাঁঠার মাংস যোগান দেবার ব্যবস্থা করে দিলেন রাজমন্ত্রীমশাই। আর সন্ধেবেলা তাঁর চেম্বারে আমাদের ডেকে নিয়ে, নীলুর দুটো হাত ধরে বললেন, “নীলু তোমার ওপরেই এই রাজ্যের সম্মান আর ভাগ্য নির্ভর করছে, বাবা। আমি কচি পাঁঠার কাঁচামাংসের কিমায় গঙ্গাজল ছিটিয়ে দিতে বলেছি বাবা, কটা দিন একটু উৎরে দাও। সায়েব চলে গেলেই দিন কয়েকের জন্যে ছুটি দিয়ে দেব, বাড়ি গিয়ে মায়ের রান্না বিউলি ডাল, পটলের তরকারি, কলমির শাক আর পোস্ত খেয়ে পেট শুদ্ধু করে নিও”

 

এই কাণ্ডের পরেও সেই সায়েব প্রায় দিন আষ্টেক রোজ আসত চিড়িয়াখানায়, এক সোমবার দিনটা ছাড়া। আর বুঝে দেখো, বিজুদা, সায়েবকে দেখিয়ে দেখিয়ে সেই কিলো দুয়েক কাঁচা মাংসের কিমা নীলুকে রোজ চেঁটেপুটে খেতে হত। হাতও লাগাতে পারত না, বাঘ কী হাত দিয়ে খায়? বেচারা সন্ধেয় ঘরে এসে আর কিছুই খেতে পারত না! ওইদিকের জল-হাওয়ায় শুনেছি লোহা খেলেও নাকি হজম হয়ে যায়! ছাই হয়, তা যদি হত, তাহলে দুকিলো কাঁচা মাংস কী আর হজম হতো না? কয়েক হাজার হজমিগুলি, কয়েকশ বোতল মিল্ক অব ম্যাগনেশিয়া শেষ হয়ে গেল, কিন্তু আমাদের নীলু কাঁচা মাংস সহ্য করতে পারল না। দিন চারেকের মধ্যে তার এমন অম্বল শুরু হল। অবিকল তোমার মতো। সকালে উঠে শুধু জল খেলেও, বেচারার গলা অব্দি টক হয়ে থাকত সারাদিন সে তোমার মতোই বড়ো বড়ো ঢেঁকুর তুলত, হেউ হেউ। আর বাঘের মুখের আড়াল থেকে সেই আওয়াজ বাঘের গর্জনের মতোই গম্ভীর শোনাতো। সেই আওয়াজ যেদিন যত বেশি হত, সায়েব তত খুশি হত। আর ডাইরিতে পাতার পর পাতা নোট লিখত।

 

নীলুর ঘোরালো অবস্থার কথা আমরা রাজমন্ত্রীমশাইকে জানালাম। তিনি সব শুনে চিন্তিত মুখে রাজবৈদ্যকে ডেকে পাঠালেন। থুত্থুড়ে বুড়ো রাজবৈদ্য সব শুনে, নীলুর সব লক্ষণ দেখে বুঝে, গম্ভীর মুখে দেহাতি হিন্দিতে যা বললেন, তার বাংলা করলে দাঁড়ায়, “আমি এবং আমার বাপ চোদ্দপুরুষ কেউ কাঁচা মাংস খাওয়া জীবের চিকিৎসা তো করি নি, বেটা! আমরা মানুষ এমন কি গরু মোষের চিকিৎসাও করেছি। কিন্তু আমাদের বংশে বাঘ-ভালুকের চিকিৎসা কেউ কোনদিন করেছে বলে শুনিওনি। কাজেই ধুলো ঝেড়ে অনেক শাস্ত্র-পুঁথি বের করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপর দেখি কী করা যায়। তবে এই শেষ, এ চাকরি আর করবো না, বাপু, ছেড়েই দেব। এই বয়েসে এত ধকল সহ্য হয়?”  

তিনি অবিশ্যি করেছিলেন দিন দুয়েক পরে, সন্ধেবেলা তিনি নিজেই এলেন, তাঁর সঙ্গে একজন দেহাতি হাট্টাকাট্টা মানুষ, আর তার কাঁধে বিশাল একখানা ওল”আমাদের  আড্ডার তিনজন একসঙ্গে বলে উঠল,

“ওল?”

“সব ওলটপালট হয়ে যাচ্ছে, যে ভূষিকা!” আমিও চুপ করে থাকতে পারলাম না।

বিজুকাকা ভ্রূকুটি কুটিল চোখে আমার দিকে একবার, তারপর ভূষিকাকার দিকে তাকিয়ে বললেন, “শিবু ঠিকই বলেছে, বড্ডো বাড়াবাড়ি করে ফেলছিস, ভূষি”এই বলে বিজুকাকা উঠতে যাচ্ছিলেন।

আমি তাড়াতাড়ি ব্যাপারটা সামলে নেওয়ার জন্যে বললাম, “বিজুকাকা, আপনার এই তো, পা বাড়ালেই বাড়ি। একটু বসে বাকিটাও শুনেই যান। নীলুবাবুর অম্বলের ওই বাড়াবাড়ির উপশম কীভাবে হল, বাড়ি গেলে আর জানা যাবে না” 

ভূষিকাকাও খুব ক্ষুণ্ণ মুখ করে বলল, “বিজুদা, আমার কথা বিশ্বাস করছো না তো? পুরোটা না শুনেই তুমি তো রেগে যাচ্ছো! পুরোটা শোনো, তারপর বুঝবে, কী মোক্ষম দাওয়াই দিয়েছিল ওই বুড়ো রাজবৈদ্য”

সে কথায় আমিও সায় দিলাম, “এসব আগেকার রাজপুরীর ব্যাপার, পুরো না শুনলে পুরোপুরি বোঝা যাবে না, বিজুকাকা”

বিজুকাকা আবার বসলেন, কিন্তু আর কোন কথা বললেন না, ফ্যালফেলে চোখে ভূষিকাকার দিকে তাকিয়ে রইলেন শুধু। ভূষিকাকা সময় নষ্ট না করে আবার বলতে শুরু করল, “আমি আর নীলুও চমকে উঠেছিলাম। দেহাতি লোকটাকে যখন রাজবদ্যিমশাই, আমাদের ঘরের এক কোণায়, ওই মস্তো ওলটা ভাল করে রাখতে বললেন। আমরা অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে ছিলাম। রাজবদ্যিমশাই দেহাতি লোকটিকে বিদায় দিয়ে, আমার চৌকির কোণায় বসলেন। তারপর নীলুর দিকে তাকিয়ে বললেন,

“অবাক হচ্ছো তো? ওটাই তোমার অম্বলের ওষুধ বলো ওষুধ, পথ্যি বলো পথ্যি  রোজ সকালে খেয়েদেয়ে কাজে বেরোনোর আগে, এতটা করে কাঁচা ওলের টুকরো, কচি শসা খাওয়ার মতো চিবিয়ে খাবে”এই বলে তিনি টুকরোর সাইজটা হাতের ভঙ্গি করে দেখালেন।

নীলু করুণ মুখ করে জিগ্যেস করল, “কাঁচা”?

“হুঁ। কাঁচা। কাঁচা মাংসর দাওয়াই, কাঁচা ওল। তবে সন্ধেবেলা বা রাত্রে খেও না। হিতে বিপরীত হবে” আরো কিছু বিধি বিধান দিয়ে তিনি একটু পরে বিদায় নিলেন। আর যাবার সময় পই পই করে, নীলুকে বলে গেলেন, ওলে অম্ল ও পিত্ত বিনাশ হয়, কাজেই ওল ছাড়া নীলুর অন্য বিকল্প নেই।

 

পরের দিন সকালে খাওয়া দাওয়া সেরে বেরোতে একটু দেরিই হয়ে গেছিল, কাজেই খাওয়ার পর বসে বসে কাঁচা ওল খাবার সময় আর হাতে ছিল না। আমি নীলুকে বললাম, হাতে নিয়ে নে, রাস্তায় যাবার পথেই চিবোতে চিবোতে যাবি। নীলু তাই করল। কচর মচর করে কাঁচা ওল চিবোতে চিবোতে নীলু থু থু করতে লাগল, আর আমি তাকে সান্ত্বনা দিতে দিতে চিড়িয়াখানায় পৌঁছে গেলাম। সাজঘরে ঢুকে নিজের নিজের ছালচামড়া পড়তে পড়তেই নীলু বেশ কবার বলল, “ভূষি রে, আমার গলা থেকে পেট অব্দি বেজায় কুটকুট করছে! মনে হচ্ছে গুচ্ছের কাঁকড়া গলা বেয়ে উঠে আসতে চাইছে, কিন্তু হড়কে পড়ে যাচ্ছে বার বার”।

সাঁত্রাগাছির রান্না করা ওল কাসুন্দি আর কাঁচা লংকা মেখে খেয়ে অভ্যস্ত নীলুতার ওই কাঁচা বুনো ওল খেয়ে কী অবস্থা হচ্ছে, বুঝতেই পারছিলাম। ওকে সান্ত্বনা দিয়ে বললাম, “কাঁকড়ার কথা ভুলে যা, অম্বলে আর গলা অব্দি জ্বালা করছে কিনা সেটা বল”।

ব্যাজার মুখ করে নীলু বলল, “কাঁকড়া ধরবো, না, অম্বলে জ্বলবো, সেটাই তো বুঝতে পারছি না”।

আমি বললাম, “ব্যস, আর চিন্তা নেই, ওই বুনো ওল তোর অম্বলকে ঘোল খাইয়ে ছাড়বে, দেখে নিস”।

 

আমাদের হাতে আর বেশি সময় ছিল না, কাজেই আমরা তাড়াতাড়ি নিজের নিজের খাঁচায় গিয়ে ঢুকে পড়লাম। সেদিনও সেই সায়েব ঠিক সময়েই এল এবং টেবিলে ডাইরি মেলে, চেয়ারে বসে হাবিজাবি লিখতে শুরু করল। দেখতে দেখতে নীলুর গাল-গলা ফুলে ঢোল হয়ে উঠল। বাঘের যে মুখটা এতদিন ঢিলে ঢালা পাঞ্জাবীর হাতার মতো ঝুলঝুল করত, সেদিন একদম গোলগাল স্মার্ট ফিটিং! সেদিন বাঘ দেখে তো সায়েব খুব খুশি। রাজমন্ত্রীমশাইকে ডেকে এনে সায়েব ফলাও করে বলল, তার জোর জারিতেই বাঘের স্বাস্থ্য ফিরে গেছে। রাজমন্ত্রীমশাই কী আর উত্তর দেবেন, সায়েবের খুশিতে তিনি আদৌ খুশি হতে পারলেন না। গোমড়া মুখে সায়েবের কথা শুনতে লাগলেন।

অনেক কথা বার্তার পর সায়েব বলল, ওই দিনই তার শেষ দিন, কাল ভোরে বোম্বাই রওনা হবে, সেখান থেকে পরের দিন ফিরে যাবে নিজের দেশ বিলেতে। এই কথা শুনে রাজমন্ত্রীমশাই তো বটেই আমরাও এমন খুশি হলাম, সে আর বলার নয়! নীলু তো দু পায়ে দাঁড়িয়ে আনন্দে গর্জন করে উঠল বেশ কয়েকবার। সেই দেখে সায়েবও তাজ্জব বনে গেল। এই কদিনে সে বাঘকে একবারও দুই পায়ে দাঁড়াতে দেখেনি। রাজমন্ত্রীমশাই কটমট করে নীলুর দিকে তাকাতে, নীলু নিজের ভুলটা বুঝতে পারল, সে আবার বাঘ হয়েই চার পায়ে ঘুরতে লাগল খাঁচার ভেতর।

সায়েব মন্ত্রীমশাইকে জিগ্যেস করল, আপনাদের বাঘ দু পায়ে দাঁড়াতে পারে? এ তো মির‍্যাক্‌ল্‌! মন্ত্রীমশাই হাত কচলাতে কচলাতে বললেন, “নো টু লেগ স্ট্যাণ্ড স্যার, দে স্ট্যাণ্ড অন ফোর লেগ, লাইক চেয়ার অর টেবিল স্যারমোর মিট দে ইটিং, দে গোয়িং ম্যাড। নাউ হি ইজ ভেরি স্ট্রং, হি ক্যান ব্রেক কেজ। গো হোম সুন, স্যার, ডেঞ্জার মে কাম এনি মোমেন্ট!” মন্ত্রিমশাইয়ের এই কথায় মোক্ষম কাজ হল। সায়েব তখনই ডাইরি বগলে নিয়ে, চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেল তাড়াতাড়ি”

 

এই অব্দি বলে ভূষিকা চুপ করে রইল। আমরাও কেউ কিছু বললাম না। ঘটনার ঘনঘটায় আমরাও যেন হাঁফিয়ে উঠেছিলাম। কিছুক্ষণ পর বিজুকাকা বললেন, “আর অম্বল? সেও কি দু পেয়ে বাঘের ভয়ে পালিয়ে গেল, তোর নীলুকে ছেড়ে?”

“না, না দাদা, তাই হয়? অম্বল কী আর সায়েব নাকি? অম্বল তো তার আগেই পালিয়ে গেছে বুনো ওলের ভয়ে। বুনো ওলের জন্যে চিরকাল বাঘা তেঁতুলের কথা শুনেছি, শোনেননি দাদা, বলুন? এখানে ব্যাপারটা উলটো, বাঘা অম্বলকে জব্দ করল বুনো ওল। ওই শিবুর কথা মতো একটু ওলটপালট ব্যাপার, তাই নয় কি”?

“এই তোর অম্বলের ওষুধ? এই বলার জন্যেই তুই আমায় ডেকে আনলি?” এই কথা বলে বিজুকাকা রাগে গনগনে মুখ করে উঠে দাঁড়ালেন, পায়ে চটি পরতে পরতে আবার বললেন, “তুই ওই চিড়িয়াখানায় কী করতিস, সেটা কিন্তু বললি না। তবে, তুই না বললেও আমি জানি”

ভূষিকা অবাক হয়ে জিগ্যেস করল, “তাই? কী বলুন তো?”

বিজুকাকা ক্লাব ঘরের দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালেন, বললেন, “আস্ত একটি মুখপোড়া হনুমান”!

ভূষিকা খুব নিরীহ নিরীহ মুখ গদ্গদ কণ্ঠে বলল, “বিজুদা, আপনি রিয়্যালি গ্রেট। যাবার আগে পায়ের ধুলো একটু দেবেন না, দাদা?” ততক্ষণে বিজুকাকা রাস্তায় নেমে আড়ালে চলে গেছেন।

 

আমরা এতক্ষণ অনেক কষ্টে চেপে ছিলাম, এবার সবাই হো হো করে হাসতে লাগলাম।

ভুষিকা হাসল না, গম্ভীর মুখে বলল, “বিজুদার অম্বল কিন্তু আমি ছাড়িয়ে দিলাম, মিলিয়ে নিস। কিন্তু বৃষ্টিটা ছাড়ার নাম করছে না, কেন বল তো?”  

                   --০০--

   

[*অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা “বাংলার এম-এ” গল্পের নায়ক আলিপুর চিড়িয়াখানায় বাঘের চাকরি নিয়েছিল; ইতিহাসের বিএ যে মধ্যপ্রদেশের চিড়িয়াখানায় চাকরি নেবে, সে তো বলাই বাহুল্য।]                

 

এর পরের বড়োদের গল্প - " ভেন্টিলেশান

                                                 

নতুন পোস্টগুলি

নামকরণ

     এর আগের রম্যকথা - " ভাগ্যের পাথর - পর্ব ২   "        শাশুড়িমায়ের জিম্মায় ফুটকিকে রেখে বিজলি আজই স্কুলে জয়েন করলেন। মাসখানেকের...