এর আগের প্রবন্ধ " চোদ্দ শাক "
[প্রত্যেকটি লেখা সরাসরি আপনার মেলে পেতে চাইলে, ডান দিকের কলমে "ফলো করুন" 👉
বক্সটি ক্লিক করে নিজের নাম ও মেল আইডি রেজিস্টার করে নিন]
১
এই ২০২৬ সালে,
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে। এই নির্বাচন নিয়ে
অন্যান্যবারের মতোই রাজনৈতিক এবং প্রশাসনিক উত্তেজনা ছিল চরম সীমায়। ছিল নির্বাচনী
প্রচারের নামে রাজনৈতিক দলগুলির কদর্য কাদা ছোঁড়াছুঁড়ি এবং তীব্র আকথা-কুকথার
নিবিড় চাষ। জনগণ নির্ভয়ে ভোট দেবে নাকি
সভয়ে ঘরে বসেই শুনবে, তার হয়ে কারা যেন ভোট দিয়ে দিয়েছে। মুগ্ধ বা বিভ্রান্ত কিংবা
ক্ষুব্ধ সাধারণ নাগরিক কার পক্ষে দাঁড়ালেন – সেকথা আমরা জেনে গেছি ৪ঠা মে, ২০২৬
তারিখ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে গেছে নিঃশব্দ বিপ্লব – জনগণের রায়ে উল্টে গেছে
বিগত পনের বছর ধরে মৌরসী-পাট্টা বিছানো সরকার। নব নির্বাচিত সরকার হাতে তুলে নিয়েছে
নতুন শাসন ও প্রশাসন ব্যবস্থা।
বিগত ৪৯ (৩৪ + ১৫) বছরে পশ্চিমবঙ্গ-নির্বাচন
মানেই ছিল – ভোটের আগে এবং ভোটের পরে বিরোধী সমর্থকদের হত্যা, ধর্ষণ, ব্যাপক মারধোর,
ঘরে ঘরে আগুন জ্বালানো এবং সমর্থক পুরুষদের ঘর ছাড়া করার সংস্কৃতি। রবীন্দ্রনাথ,
রামমোহন, বিদ্যাসাগর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিম, সত্যজিৎ, নেতাজী সুভাষ,
দেশবন্ধু চিত্তরঞ্জন প্রমুখ ব্যক্তিত্বের স্মৃতিচারণ-বিলাসী বাঙালীর সংস্কৃতি-গর্বের
সঙ্গে জুড়ে গিয়েছিল, বাংলার প্রাক নির্বাচনী ও নির্বাচনোত্তর বীভৎস মারণ ও ধ্বংস
লীলার সংস্কৃতিও। সুদীর্ঘ কর্মজীবনের অধিকাংশ সময়টাই আমাকে পশ্চিমবঙ্গের
বাইরে - নানান রাজ্যে কাটাতে হয়েছে। সুদূর
কেরালা থেকে হিমাচল, কিংবা গুজরাট থেকে কাছাড় (আসাম) – প্রতিটি নির্বাচনের সময়েই সর্বত্র
শুনতে হয়েছে – আমরা এত হিংস্র কেন? নিজের পড়শি-প্রতিবেশীদের প্রতি বাঙালীরা কেন এত
নির্মম-নৃশংস হয়ে ওঠে “নির্বাচন” নামক মৌসুমী-বায়ুর প্রভাবে?
লজ্জায় মাথা নত করে চুপ
করে থাকা ছাড়া কোন উত্তর দিতে পারিনি কোনবার। কিন্তু দীর্ঘ ৪৯ বছর পর এই ২০২৬-এর
নির্বাচনে আমাদের সেই রাহু-কেতু ও শনির দশা কাটিয়ে তোলা গেছে – কেন্দ্রীয় বাহিনীর
চুলচেরা পর্যবেক্ষণে। যৎসামান্য কিছু ঘটনা ছাড়া, এবারের নির্বাচন ঘটে গেছে শান্তিতে।
যদিও বাঙালীর অগৌরবের চরিত্রটি আবার ফুটে ওঠে কিনা – সেকথা বোঝা যাবে পরবর্তী নির্বাচনগুলিতে।
সে পৌরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, যাই হোক না কেন।
এই প্রসঙ্গে বাংলার আরও এক কৃতী সন্তান - যিনি স্বাধীন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) হয়ে শুধু সূচনা করেননি, গণতান্ত্রিক ভারতের নির্বাচন প্রক্রিয়াকে দাঁড় করিয়েছিলেন অত্যন্ত দৃঢ় এক ভিত্তিতে। তাঁর সেই গৌরবজনক কৃতিত্বের কথাই এখন বলব।
১৯৪৭ সালের ১৫ই আগষ্ট মধ্যরাত্রে ভারতবাসীর হাত ও পায়ের শেকল ভেঙে আমাদের দেশ স্বাধীন হল। স্বাধীনতা লাভের মুহূর্তে দেশের তৎকালীন অবিসংবাদিত নেতা জওয়াহরলাল নেহরু আপামর জনতার উদ্দেশে ঘোষণা করেছিলেন, “Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially.
At the stroke of the midnight hour, when the world
sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but
rarely in history, when we step out from the old to the new, when an age ends,
and when the soul of a nation, long suppressed, finds utterance....”।
তাঁর এই ঘোষণার সঙ্গে সঙ্গে জন্ম হল, ভারত নামক সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণপ্রজাতন্ত্রী একটি শিশু-দেশের। পণ্ডিত নেহেরুর তত্ত্বাবধানে অন্তর্বর্তী মন্ত্রীসভা গড়ে, শুরু হল শিশু রাষ্ট্রের পথ চলা। সেই মন্ত্রীসভার প্রধান হলেন পণ্ডিত নেহরু।
সুষ্ঠু গণতান্ত্রিক একটি
দেশ শাসনের জন্যে প্রথমেই দরকার পাকাপোক্ত একটি সংবিধান। আর দরকার সাধারণ জনগণের দ্বারা
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, কেন্দ্রীয় স্তরে সংসদ এবং রাজ্য স্তরে বিধানসভার
পরিকাঠামো গড়ে তোলা। কিন্তু সংবিধান নির্দিষ্ট না হলে তো নির্বাচন করা যায় না, অতএব
প্রথমেই শুরু হল সংবিধান রচনার প্রক্রিয়া।
২৯শে আগস্ট ১৯৪৭ তারিখে
ভারতীয় সংবিধানের খসড়া রচনার জন্যে সাতজন সভ্য নিয়ে একটি কমিটি গড়া হয়েছিল। সে
কমিটির চেয়ারম্যান হলেন বাবা ভিমরাও আম্বেদকার। সংবিধানের প্রথম খসড়াটি,
অন্তর্বর্তী মন্ত্রীসভার কাছে জমা পড়েছিল ৪ঠা নভেম্বর ১৯৪৮। অন্তর্বর্তী
মন্ত্রীসভা, নানান আলোচনা এবং তর্কবিতর্কের পর ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে - সংবিধানটি
সর্বসম্মতিক্রমে গ্রহণ করল। এরপর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি, স্বাধীন ভারতের প্রথম
নির্বাচিত রাষ্ট্রপতি হলেন বাবু রাজেন্দ্র প্রসাদ, এবং সেই দিনটি থেকেই শুরু হল
গণতন্ত্রী, ধর্মনিরপেক্ষ স্বাধীন ভারতের সাংবিধানিক পথ চলা। সেই দিনটি আজও আমরা মহাড়ম্বরে স্মরণ করি
প্রজাতন্ত্র দিবস হিসেবে।
এরপর অন্তর্বর্তী
প্রধানমন্ত্রী সংবিধান মেনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা এবং অনুমতি নিয়ে শুরু করলেন
সাধারণ নির্বাচনের প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের তৎকালীন অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী ডাঃ
বিধান চন্দ্র রায়ের পরামর্শে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেহরুজি শ্রী সুকুমার
সেনকে ডেপুটেশনে দিল্লি নিয়ে গেলেন এবং শ্রী সেনের হাতে তুলে দিলেন প্রথম সুষ্ঠু
নির্বাচন করানোর দায়িত্ব – অর্থাৎ তিনিই হলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন
কমিশনার। ঐতিহাসিক সেই দিনটি ছিল ১৯৫০ সালের ২১শে মার্চ – অর্থাৎ আজ থেকে ঠিক
ছিয়াত্তর বছর আগে।
কিন্তু কে এই সুকুমার সেন? তাঁর বিপুল কর্মকাণ্ডের আলোচনায় যাওয়ার আগে, শ্রীসেনের পরিচয়টা জেনে নেওয়া প্রয়োজন।
এক বাঙালী
বৈদ্য-ব্রাহ্মণ পরিবারে, সুকুমার সেনের জন্ম। তাঁর জন্ম তারিখ দোসরা জনুয়ারি ১৮৯৯।
তিনি তাঁর পিতা, সরকারী আধিকারিক, শ্রী অক্ষয় কুমার সেনের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তাঁর
লেখাপড়া কলকাতার প্রেসিডেন্সি কলেজে, এবং তারপর তিনি উচ্চ শিক্ষার জন্যে যান
ইউনিভার্সিটি অব লণ্ডনে। সেখানে অঙ্কে বিশেষ কৃতিত্বের জন্যে তিনি স্বর্ণপদক লাভ
করেন। এরপর ১৯২১ সালে তিনি ইণ্ডিয়ান সিভিল সার্ভিসে (ICS) যোগ দেন
এবং বিভিন্ন জেলায় আইসিএস আধিকারিক এবং বিচারক পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। ১৯৪৭
সালে ভারত যখন স্বাধীন হয়, সে সময় তিনি ছিলেন বেঙ্গল প্রভিন্সের প্রধান সচিব।
ব্রিটিশ জমানায় এই পদটিই ছিল যে কোন ভারতীয় আইসিএস আধিকারিকের পক্ষে সর্বোচ্চ পদ।
স্বাধীনতার পরেও তিনি এই পদেই কর্মরত ছিলেন।
শ্রী সেনের অনুজ শ্রী
অশোক কুমার সেন (১৯১৩-১৯৯৬) ছিলেন বিখ্যাত ব্যারিষ্টার এবং ১৯৫৭ থেকে ১৯৭৭ ও ১৯৮০
থেকে ১৯৮৯ পর্যন্ত – সুদীর্ঘ দিন সংসদ সদস্য ছিলেন। তিনি কেন্দ্রীয় আইন মন্ত্রী
পদেও আসীন ছিলেন দীর্ঘদিন। তাঁর আরেক ভাই শ্রী অমিয় কুমার সেন, ছিলেন প্রথিতযশা
ডাক্তার এবং রবীন্দ্রনাথের অন্তিম-যাত্রা পথে তিনিই তাঁর সঙ্গী ছিলেন।
২
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণের পর, শ্রী সেন মাত্র ৫৮৩ দিন – মোটামুটি দেড় বছরের মাথায় - ভারতের প্রথম নির্বাচনের প্রথম পর্যায় শুরু করতে পেরেছিলেন ১৯৫১-র ২৫শে অক্টোবর। এবং এই নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্বিঘ্নে শেষ করতে পেরেছিলেন ১১৯ দিনের মাথায় ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি।
আজকের
প্রযুক্তি-সম্পৃক্ত জীবনপ্রবাহের প্রবল স্রোতে দাঁড়িয়ে মনে হতে পারে, একটা সাধারণ
নির্বাচন শুরু করতে কেন লাগল দীর্ঘ ৫৮৩ দিন? এবং সেটাও শেষ হল আরো চারমাস পর! কেন এতটা সময় লাগল সে কথাই এবার
আলোচনা করা যাক।
১৯৫১
সালের জন গণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল প্রায়
৩৬.১০ কোটি, তার মধ্যে ১৭.৩২ কোটি মানুষের বয়স ছিল একুশ বছর বা তার বেশী। সে সময়
একুশ বছর বয়সকেই ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম বয়স নির্ধারিত করা হয়েছিল। এই ১৭.৩২
কোটি ভারতবাসীর মধ্যে প্রায় ৮৫% ছিলেন নিরক্ষর। এই মানুষগুলিকে ভোটাধিকার কি?
স্বাধীন দেশের নাগরিক হয়ে ভোট দেওয়া কেন গুরুত্বপূর্ণ? এবং ভোট দিলে তাদের জীবনে
কোন মোক্ষলাভ ঘটবে? এই সব তত্ত্বকথা বুঝিয়ে প্রতিটি ভোটারকে বুথ-মুখী করে তোলাই
ছিল নিঃসন্দেহে শ্রীসেনের কঠিনতম চ্যালেঞ্জ।
টিভি, স্মার্টফোন, ইন্টারনেট
ও সোশাল মিডিয়াহীন সেই যুগে এই চ্যালেঞ্জটির সমাধান করা হয়েছিল, রেডিওয় অনবরত প্রচারের
মাধ্যমে এবং সিনেমা শোয়ের আগে ডকুমেন্টরি দেখিয়ে। সারা দেশে তখন প্রায় ৩০০০ সিনেমা
হল ছিল, সেখানে “ইণ্ডিয়ান নিউজ রিল” নামের নানান আঞ্চলিক ভাষার ডকুমেন্টরিতে
ভোটারদের দায়িত্ব এবং কর্তব্য বারংবার বোঝানো হত। মূল সিনেমা শুরুর আগে এই
ডকুমেন্টরিগুলি দেখানো বাধ্যতামূলক করা হয়েছিল। এছাড়া ভোটার লিস্ট বানানোর সময় সরকারি
প্রতিনিধিরা গ্রামে-গ্রামে, শহরের পাড়ায়-পাড়ায় ব্যক্তিগতভাবেও এই প্রচার যথাসম্ভব
চালিয়ে গিয়েছিলেন।
তখনকার সামাজিক সংস্কার
ও রীতিনীতি এমনই ছিল, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, ভোটার লিস্ট বানানোও হয়ে উঠেছিল
মস্তো বড়ো এক চ্যালেঞ্জ। উদাহরণ দিলে স্পষ্ট হবে বিষয়টা। সর্বধর্ম নির্বিশেষে গ্রামের
মহিলারা নিজেদের পরিচয় দিতেন, “শ্যামলের মা”, কিংবা, “সামসুদ্দিনের বউ” হিসেবে। মহিলাদের
এই রকম নাম সম্বলিত খসড়া ভোটার লিস্ট যখন সুকুমার সেনের কাছে জমা পড়েছিল, তিনি এই
লিস্ট বাতিল করেছিলেন এবং তাঁর প্রতিনিধিদের আবার গ্রামে গ্রামে পাঠিয়েছিলেন
মহিলাদের নির্দিষ্ট নামগুলি নতুন করে রেকর্ড করার জন্যে। এর পরেও প্রায় পঁচিশ লক্ষ
মহিলা তাঁদের নিজস্ব নাম নথিভুক্ত করেননি – অর্থাৎ যুগ-প্রাচীন সংস্কারের বাইরে
তাঁরা বেরিয়ে আসতে পারেননি। কিন্তু শ্রী সেন এবার আর কোন রকম আপোস না করে, এই
পঁচিশ লক্ষ মহিলার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছিলেন এবং ১৯৫১-৫২ সালের
নির্বাচনে তাঁরা কেউ ভোটের অধিকার পাননি।
আজকের সোশাল মিডিয়ার
যুগে এরকম ঘটনা ঘটলে – শ্রীসেনকে সারা দেশ জুড়ে অজস্র “মিম” এবং “ট্রোল”-এর সামনে
পড়তে হত এবং তাঁকে স্বৈরাচারী, মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবেও চিহ্নিত করে ফেলত
আজকের সমাজ-সচেতন নেটিজেন জনগণ।
কিন্তু শ্রী সেনের এই
কড়া পদক্ষেপের কারণে, মহিলারা দ্রুত সচেতন হয়ে ওঠেন এবং পরবর্তী নির্বাচনের
অর্ত্থাৎ ১৯৫৭ সালের ভোটার লিস্টে তাঁরা নিজ-নিজ নামই নথিভুক্ত করেন এবং ভোট দিতেও
তাঁদের কোন অসুবিধে হয়নি। প্রসঙ্গতঃ ১৯৫৭ সালের সাধারণ নির্বাচনের সময়েও শ্রী সেনই
মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। অতএব,
নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে শ্রী সেন যে অজস্র ভারতীয় নিরক্ষর মহিলাকে নিঃশব্দে যথেষ্ট
আত্মসচেতন করে তুলতে পেরেছিলেন, একথা আজ নিঃসন্দেহে বলা যায়।
যেহেতু প্রায় ৮৫% ভোটার
সেই সময় নিরক্ষর ছিলেন, নির্বাচনে লড়তে নামা রাজনৈতিক দলগুলির নাম অথবা দলের প্রার্থীদের
নাম তাঁদের পক্ষে পড়া সম্ভব ছিল না। তাদের পক্ষে সম্ভব ছিল না ব্যালট পেপারে
প্রার্থীর নাম বা দলের নাম লিখে, ব্যালট বক্সে সেই কাগজ জমা দেওয়ারও। শ্রী সেন এই
সমস্যার সমাধান করেছিলেন প্রতিটি দলের জন্য আলাদা প্রতীক (Symbol)-এর ব্যবস্থা
করে। সে সময় সারা দেশে মোট যে চোদ্দটি দল নির্বাচনে লড়েছিল, তারা প্রত্যেকে নিজ
নিজ দলের জন্যে আলাদা আলাদা প্রতীক বেছে নিয়ে জমা দিয়েছিল নির্বাচনী কমিশনের কাছে।
যেমন জোড়া-বলদ, কাস্তে-ধানের শিষ, উদিত-সূর্য, গাছ, ইত্যাদি। নীচের চার্ট থেকে
সেদিনের চোদ্দটি দলের নাম ও প্রতীকগুলি দেখে নিতে পারেন। জানা যাবে তখনকার চোদ্দটি
জাতীয় দলের নামও।
| ১৯৫১-৫২ সালে স্বাধীন ভারতের বিভিন্ন দলের প্রতীক |
এই প্রথম নির্বাচনেই শ্রী সেন প্রত্যেকটি বুথে প্রতিটি রাজনৈতিক দলের প্রতীক চিহ্নিত আলাদা আলাদা ব্যালট বক্স রাখার ব্যবস্থা করেছিলেন। এতে নিরক্ষর হলেও, কোন মানুষেরই তাঁর সমর্থিত দলের নির্দিষ্ট বক্সে, তাঁর সমর্থনের কাগজটি ফেলতে কোন অসুবিধে হয়নি।
আজকের দিনের নির্বাচনে
“ছাপ্পা ভোট” শব্দটি আমাদের কাছে বহুল প্রচলিত গা সওয়া ব্যাপার। কিন্তু প্রথম
নির্বাচনের আগেই শ্রী সেনের মাথায় এই আশঙ্কা এসেছিল যে, একই চতুর ভোটার নিজের দলের
বক্সে অনেকগুলি ভোট দিয়ে ফেলতে পারে। এই সমস্যার সমাধানে তিনি ভারতীয় বিজ্ঞানীদের
সাহায্য নিয়ে ভোটারদের আঙুলে ইণ্ডেলিব্ল্ ইংক (indelible ink) লাগানোর
ব্যবস্থা করেন। আজও সেই কালিই ব্যবহার হয় এবং আমরা সকলেই জানি, এই কালি একবার লাগিয়ে
দিলে, অন্ততঃ দিন সাতেকের আগে আঙুল থেকে এই কালি মোছা যায় না।
প্রথমবারের সেই নির্বাচনী
লড়াই হয়েছিল ৪৫০০ আসনের জন্যে, তার মধ্যে সংসদের আসন ছিল ৪৮৯ এবং বাকিগুলি ছিল রাজ্য
বিধানসভার আসন। প্রায় ৫৬০০০ নির্বাচনী অফিসার নিযুক্ত ছিলেন, সারা ভারতের ২,২৪,০০০
বুথ পরিদর্শনের জন্য। ১৬,৫০০ করণিককে ছমাসের জন্যে নিযুক্ত করা হয়েছিল সারা ভারতের
ভোটার লিস্ট বানানো, নির্বাচনী বিধি-বিধান রচনা, আরও বিবিধ নথিপত্র বানানোর জন্যে।
৮২০০ টন ইস্পাত থেকে, প্রায় পঁয়ত্রিশ লক্ষ ব্যালট বক্স বানানো হয়েছিল। প্রায়
৩,৮৯,৮১৬ ফাইল ইণ্ডেলিব্ল্ ইংক ব্যবহার হয়েছিল ১৯৫১-৫২-র সেই নির্বাচনে। বক্সগুলি
বুথে বুথে বয়ে নিয়ে যাওয়ার জন্যে ২,৮০,০০০ শ্রমিক এবং বক্সের সুরক্ষার জন্যে
২,২৪,০০০ পুলিশ কর্মী নিযুক্ত হয়েছিল।
মনে রাখতে হবে সেসময়,
এক্সপ্রেসওয়ে, হাইওয়ে এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মতো প্রকল্প বহুদূরের
স্বপ্ন – ভারতের প্রত্যন্ত প্রান্তের বুথগুলিতে ব্যালটবক্স সহ নির্বাচনী কর্মীদের পৌঁছানোর
একমাত্র উপায় ছিল গরুরগাড়ি কিংবা ঘোড়ার গাড়ি।
১৯৫১-৫২ নির্বাচনের পর
১৯৫৭ সালের সাধারণ নির্বাচনেও শ্রীসেনই মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। প্রথমবারের
তুলনায় দ্বিতীয় নির্বাচনের প্রক্রিয়ার ব্যয় কমেছিল প্রায় সাড়ে চার কোটি টাকা। এর
কারণ হল প্রথমবারে বানানো সমস্ত ব্যালট বক্সই, দূরদর্শী শ্রী সেন সযত্নে সুরক্ষিত
রাখার ব্যবস্থা করেছিলেন।
ভারতের প্রথম নির্বাচনী প্রক্রিয়ার সাফল্য সে সময় গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। বিশ্বের তৎকালীন গণতান্ত্রিক দেশগুলি, যেমন আমেরিকা কিংবা ইওরোপের কোন দেশের সাহায্য ছাড়াই, সদ্য স্বাধীন হওয়া একটা দেশ যে এত নির্বিঘ্নে এমন সার্বিক নির্বাচনের আয়োজন করতে পারবে, একথা তথাকথিত সুসভ্য শ্বেতবর্ণ মানুষদের পক্ষে হজম করা নিঃসন্দেহে কঠিন ছিল বৈকি! অনুমান করে নেওয়া যায় সদ্য ভারত ছেড়ে যাওয়া ইংরেজ শাসকরাই ঈর্ষান্বিত হয়েছিল সব থেকে বেশি। কারণ যে দেশের অধিকাংশ প্রাপ্তবয়স্কই ছিল নিরক্ষর। যে দেশে মাত্র বছর চারেক আগেই ১৯৪৬-৪৭ সালে ধর্ম নিয়ে এবং দেশভাগ নিয়ে দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে ঘটে গেছে অজস্র গণহত্যার বীভৎস ঘটনাসমূহ। স্বাধীনতা লাভের পরেই যে দেশকে ১৯৪৭-৪৮ সালে, সদ্যজাত প্রতিবেশী দেশের উদ্ধত আক্রমণকে শক্ত হাতে দমন করতে হয়েছে। যে দেশের ৭০% - ৮০% মানুষ জীবনযাপন করতেন দারিদ্রসীমার নীচে। এই সকল প্রতিকূলতাকে নিপুণ হাতে সামলে, নবজাত একটি দেশের এমন সার্বিক সাফল্যের মূল্যায়ন - আজকের অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে তার আন্দাজ করাও অসম্ভব।
১৯৫২ সালের স্বাধীন
ভারতের প্রথম নির্বাচনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রখ্যাত ঐতিহাসিক শ্রী
রামচন্দ্র গুহ লিখেছেন,
“Nehru's haste [in wanting India's
first general election] was understandable, but it was viewed with some alarm
by the man who had to make the election possible, a man who is an unsung hero
of Indian democracy. It is a pity we know so little about Sukumar Sen. He left
no memoirs and, it appears, no papers either. ...
It was perhaps the mathematician in
Sen, which made him ask the prime minister to wait. No officer of State,
certainly no Indian official, has ever had such a stupendous task placed in
front of him. Consider, first of all, the size of the electorate: 176 million
Indians aged 21 or more, of whom about 85 per cent could not read or write.
Each voter had to be identified, named and registered. This registration of
voters was merely the first step. For how did one design party symbols, ballot
papers and ballot boxes for a mostly unlettered electorate? Then, polling
stations had to be built and properly spaced out, and honest and efficient
polling officers recruited. Voting has to be as transparent as possible, to
allow for the fair play of the multiplicity of parties that would contest.
Moreover, with the general election would take place elections to the State
Assemblies. Working with Sukumar Sen in this regard were the election
commissioners of the different provinces, also I.C.S. men”.
নবীন ভারতের প্রথম নিরপেক্ষ এবং সাবলীল নির্বাচনী প্রক্রিয়ার দিকে তাকিয়ে ছিল, বিশ্বের বহু উন্নতিশীল গণতন্ত্রকামী দেশ। তাদের মধ্যে একটি দেশ হল সুদান। সে দেশের ১৯৫৩ সালের প্রথম সাধারণ নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করার জন্যে, ১৯৫১-৫২-র সাধারণ নির্বাচনের পরেই সুদান থেকে শ্রী সেনের কাছে আমন্ত্রণ আসে। ১৯৫৭ সালে সুদানের প্রথম যে নির্বাচন কমিশন গঠিত হয়, তার অধিকাংশ নির্বাচনী প্রক্রিয়া এবং আইনগুলি ভারতীয় নিয়মের অনুসারী ছিল।
১৯৫২ সালের পাঁচ বছর পর
১৯৫৭ সালের সাধারণ নির্বাচনের সময়েও তিনিই ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান ছিলেন
এবং ১৯৫৮ পর্যন্ত তিনি ওই পদেই নিযুক্ত ছিলেন। ১৯৫৪ সালে ভারত সরকার তাঁকে
“পদ্মভূষণ” সম্মানে ভূষিত করেন। নির্বাচন কমিশনের পদ ছাড়ার পর ১৯৬০ সালে বর্ধমানের রাজবাড়ি, গোলাপবাগে নব
প্রতিষ্ঠিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হয়েছিলেন সুকুমার সেন।
জিটি রোড থেকে গোলাপবাগ
পর্যন্ত প্রধান রাস্তাটি তাঁর নামেই চিহ্নিত করা হয়। আবার তাঁর অবদানের কথা মনে
রেখে সুদূর সুদানের রাজধানী খার্তুম শহরেও তাঁর নামাঙ্কিত একটি প্রধান রাস্তা আছে।
কিন্তু যৎসামান্য এই স্মৃতিরক্ষার প্র্য়াসটুকু ছাড়া এমন একটি কৃতী বাঙালীকে আমরা
আজ ভুলেই গেছি। এই কলকাতা শহরে কোন আয়োজন নেই তাঁর স্মৃতি রক্ষার।
১৯৬৩ সালের ১৩ই মে তাঁর
পরলোক যাত্রার সঙ্গে সঙ্গেই শেষ হয়েছিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ
ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠার সূচনা পর্বটি।
গুগ্ল সার্চ করে উইকিপিডিয়া
এবং কয়েকটি সর্বভারতীয় পত্রিকার ওয়েবসাইট থেকে যেটুকু তথ্য তাঁর সম্বন্ধে জানা যায়
– সেটুকুই এই প্রবন্ধে তুলে ধরতে পারলাম। এই লেখাটি পড়ে আশা করি কোন উৎসাহী গবেষক,
তাঁর সম্বন্ধে আরও বেশী তথ্য সংগ্রহ করে আমাদের সামনে তুলে ধরবেন। এবং সেটাই হবে তাঁর
প্রতি আমাদের এতদিনের অবহেলার প্রায়শ্চিত্ত।
--০০--
চিত্রঋণঃ উইকিপিডিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন