মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

পরিবর্তিনি সংসারে...

 


স্মৃতি মেদুর এই রম্যকথার শুরু - " লিটিং লিং - পর্ব ১ "


এর আগের পর্ব - " পাখির চোখ "

 

নন্টু আসছেন, নিভাননী সংবাদ পেয়েছিলেন। নন্টু অচ্যুতের ডাকনাম, মা নিভাননী ওই নামেই ডাকেন, ডাকে গাঁয়েঘরের লোকজন, পাড়া-প্রতিবেশীরাওনন্টুর আসার সংবাদে তিনি আদৌ খুশী হননি। বরং তীব্র রাগ হচ্ছিল। তাঁর সঙ্গে কোন কথা না বলেই মাগ-ছেলে নিয়ে নন্টু কলকাতায় বাসা নিয়ে চলে গেল!  সেখানে বড় নাতি হীরুকে কোন একটা স্কুলে যেন ভর্তিও করে দিয়েছে! কলকাতার স্কুলে ছেলেকে পড়িয়ে, নাকি ‘জজ ব্যারিষ্টর’ করে তুলবে! কেন পাড়াগাঁয়ে থেকে কেউ কী বড়ো মানুষ হয় না?  গাঁয়ের স্কুলেই পড়া শেষ করে, বর্ধমানের কলেজে পড়ে মনা হাজরা, গোপাল চাটুজ্জ্যে, বিশু সামন্তরা বড়ো মানুষ হয়নি? হাজরাদের মনা কলকাতা হাইকোর্টের দুঁদে উকিল। গোপাল চাটুজ্জে “ম্যাজিস্টর”, তার হুকুমে সবাই হুজুরে হাজির থাকে। বিশু সামন্ত বায়স্কোপ বানায়, দেশে-বিদেশে তার নাকি খুব “সুখ্যাৎ”এঁদো গাঁয়ের স্কুলের জন্যে ওদের কী কিছু আটকেছে? যার হবার তার হবেই, আর যার হবার নয়, তার কোথাও হবে না। কলকাতার স্কুলে পড়লেই বুঝি সবাই ডাক্তার-মোক্তার হয়?

 বিয়ের আগে নিভাননী কলকাতা না হলেও, কাশীপুরে অনেকদিন থেকেছেন বড়োদাদার বাসায়। তাঁর বড়োদাদা থানার ছোটবাবু ছিলেন। কলকাতার মতো ইল্লুতে জায়গা আর দুটো নেই। বড়োদাদার বাসার কাছেই একটা পাঁউরুটির কারখানা ছিল। সেখানে তিনি দেখেছেন, কারখানার লোকেরা পায়ে দলিয়ে পাঁউরুটির ময়দা মাখছে। সেই পাঁউরুটি নাকি কলকাতার বাবুরা মাখন মাখিয়ে খায়। ঝ্যাঁটা মার, ঝ্যাঁটা মার – জাত ধম্মো আর কিছু বাকি আছে কলকাতায়? তাছাড়া বখাটে, বাউন্ডুলে, মাতাল, ঘর পালানে “মিন্‌সে” চারদিকে কিলবিল করছে। ঘরের বাইরে পা রাখতেই বুক কাঁপে! বউ বগলে করে, সেই শহরেই গিয়ে বাসা বাঁধল নন্টু? এই বাড়ির বড়বৌ, ঘরের লক্ষ্মী - একটা অসৈরণ-সৈরণ নেই? বামুনের ঘরের বউ, সেজেগুজে নচ্ছার মাগীর মতো বাজার-হাট করবে? ট্রামে-বাসে ব্যাটাছেলেদের গা ঘেঁষাঘেঁষি করে যাওয়া আসা করবে? আজ থাকতেন নন্টুর বাবা, খড়মপেটা করে ছেলের এই বারটান আর বাউন্ডুলেপনা, শায়েস্তা করে দিতেন

নন্টুর বাবা যখন মারা গেলেন, নন্টু তখন কলকাতার কলেজে পড়ে। সে আজ বেশ কবছর হল। নিভাননীর ছোট ছেলে শান্টুর বয়েস তখন বছর পাঁচেকতার ওপরের দিদি চিত্রার বয়েস ষোলো। বাবার মৃত্যুর পর, নন্টু যোগ্য বড়ো ছেলের মতোই সংসারের হাল ধরেছিল। কলেজের পড়ায় পাশ দিয়েই, মেজঠাকুরপোর সুপারিশে  সরকারি চাকরিটাও সে পেয়ে গিয়েছিল। মেজ ঠাকুরপোও সেই দুর্দিনে নন্টুর পাশে দাঁড়িয়েছিলেন, সত্যিকারের অভিভাবকের মতো। নন্টু চাকরিটা পাওয়ার পরেই, সংসারটা একটু গুছিয়ে নিয়ে, বেশ ধুমধাম করেই ছোটবোনের বিয়ে দিয়েছিল।

চিত্রার বিয়ে মিটে যাওয়ার পর, নিভাননী  বলেছিলেন, এবার বিয়ে থা করে, তুইও সংসারী হ, নন্টু। তোর বিয়ে হয়ে গেলে, আমি ঝাড়া হাত পা হবো, বেরিয়ে পড়বো তীর্থ দর্শনে। সংসারের এই টানাপোড়েন আর ভাল লাগছে না, রে

সে কথায় নন্টু খুব উৎসাহ দেখিয়েছিল, বলেছিল,সেই ভালো, মা। শান্টুকে ভালো কোন একটা বোর্ডিং স্কুলে ভর্তি করে দিই দাঁড়াও, তারপর তোমাকে নিয়ে আমিও বেরিয়ে পড়বে তীর্থ যাত্রায়। বিয়ে থা করে আর কাজ নেই। সারা বছর ঘুরে বেড়াবো, সব ঠিকঠাক চলছে কিনা মাঝে মাঝে এসে দেখে যাবো

বড়ছেলের ছেলেমানুষিতে হেসে ফেলেছিলেন, নিভাননী, বলেছিলেন,তাই কী হয় নাকি? চাকরি বাকরি শিকেয় তুলে, তুই কোথায় যাবি, বাবা? আর মায়ের চোখের সামনে সোমত্ত ছেলে আইবুড়ো বসে থাকবে, এ আবার একটা কথা হল? আমি খোঁজখবর করছি। তোর একটা গতি না করে, আমি তীর্থে গিয়েও যে শান্তি পাবো না, বাবা!

না, না, মা, এই বেশ আছিতুমি আমাকে আর ওসবের মধ্যে জড়িও না। ছেলের এই আপত্তি যে কথার কথা সেটা বুঝতে ভুল করেননি নিভাননী। তিনি খোঁজখবর করেছেন। মেয়ে দেখতে, মেয়ের ঘরদোর বুঝতে, কথাবার্তা বলতে মেজঠাকুরপোকে পাঠিয়েছেন। নন্টু সবই শুনেছে, বুঝেছে, মেয়ে পছন্দ করে বিয়েও করেছে – কোন আপত্তি করেনি। তারপর দুটি ছেলেও হয়েছে। তিনি নিজেও সংসারে আর জড়াবেন না ভাবলেও, জড়িয়ে পড়েছেনতিনি বিধবা, ছোটছেলে শান্টুর লেখাপড়াও শেষ হয়নি এখনো নাবালক। তার একটা হিল্লে না হওয়া পর্যন্ত, তিনি শান্তি পাচ্ছেন না। মেজছেলে চাকরি নিয়ে চলে গেছে বহুদূরে। বছরে কয়েকদিনের জন্যে বেড়াতে আসে। কোন খোঁজখবর নেয় না, সংসারের কোন দায়দৈবে মাথাও ঘামায় না। সেজছেলে একটা চাকরি নিয়ে কলকাতার মেসে থাকে। সেও কমাস আগেই বিয়ে করেছে। সেজবৌ বাড়িতেই থাকে

বড়ছেলে নন্টু ছাড়া তিনি আর কাউকেই তেমন ভরসা করতে পারেন না! কিন্তু পরের ঘরের মেয়ে যদি কান ভাঙানি দেয়, পর করে দেয় তাঁর নন্টুকে? প্রত্যক্ষ কোন কারণ না ঘটলেও, সেই আতঙ্কে তিনি তটস্থ থেকেছেন অহরহ। আজ সেটাই সত্যি হল, নন্টু পরই হয়ে গেল? মা-ভাইকে ভুলে বাসা নিয়ে ফেলল কলকাতায়! তাও তাঁর বিনা অনুমতিতে?

স্বচ্ছল পরিবারের মেয়ে সোনা, এ বাড়ির বৌ হয়ে এসে, অনটনের সংসারে মানিয়ে নিয়েছেন বিস্তর। তাঁর আচরণে কাজে কর্মে কোথাও তেমন কোন ত্রুটি ধরা পড়ে নি কোনদিন। কিন্তু এই অত্যধিক মেনে নেওয়াটাও যে মেনে নেওয়া যায় না! কোন প্রতিবাদ না করে, সব অভাব, সব অনটন যদি কেউ মুখ বুজে, হাসি মুখে সহ্য করে নেয়, সেটাই বা কেমনতর! এও তো একধরনের স্পর্ধাই। আমি কত ভালো, আমার বাপের ঘরের শিক্ষা কতো ভালো, এ যেন তার দেখনদারি!

পুত্রবধূর অস্পষ্ট অথচ অসহ্য এই গুমোর কল্পনা করে নিভাননীর গাত্রদাহ হয়পাড়া প্রতিবেশী যত তাঁর বড়োবউয়ের প্রশংসা করে, সোনা তত তাঁর চোখের বালি হতে থাকেন পুকুরঘাটে গাঁয়ের মেয়েবউদের সঙ্গে স্নান থেকে ফিরতে দেরি হলে বিরক্ত হন, মুখ ঝামটা দেন। ঘরের সব কাজ সেরে প্রতিবেশী-জ্ঞাতি মেয়েবউদের সঙ্গে বসে দুপুরে বিন্তি বা রঙ মেলান্তি খেললেও বিরক্ত হন। নন্টুর বাবা ছিলেন কট্টর শুদ্ধাচারী নীতিবাগীশ ব্রাহ্মণ। তিনি বেঁচে থাকতে তাঁর ব্রাহ্মণ্যে গ্রামের লোকেরা ভয়ে এবং ভক্তিতে তটস্থ থাকত।

স্বামীর জীবদ্দশায় তিনি নিজেও সর্বদা আতঙ্কে থাকতেন, ঘরভরা ছেলেমেয়ের সংসারে সর্বদা সব বিধান কী আর মেনে চলা যায়? পান থেকে চূণ খসলেই স্বামীর বাক্যবাণে বিদ্ধ হতেন এবং আড়ালে চোখের জল ফেলতেন। অথচ বিধবা হয়ে, সেই তিনিই পালা-পার্বণ, তিথি-নক্ষত্র, বার-ব্রত, আমিষ-নিরামিষ, ছ্যুৎ-অছ্যুৎ, কাচা-আকাচা, আচার-বিচারের মোড়কে নিজেকে মুড়ে ফেলেছেন। একাদশীর দিন তিনি নির্জলা উপবাস করেন। সমস্ত বার-ব্রত-তিথি-নক্ষত্র পালনে তিনি স্বয়ং মনুর থেকেও নিষ্ঠুর এবং অমোঘ।

সেই সব তিথির পালনীতে সামান্য চ্যুতি হলে, তিনি পুত্রবধূকে ছেড়ে কথা বলেন না, “তুমি আর এসব জানবে কী করে মা, তোমরা বড়োমানুষের মেয়ে। তোমাদের বাড়িতে শুনেছি কত জাতের কত কাজের লোক। তোমাদের বাপের ঘরে অমন চলতে পারে, কিন্তু এখানে তো ওসব চলবে না, বৌমা। তোমার শ্বশুরঠাকুর ছিলেন এই দিগড়ের বিধান দাতা। তাঁর নির্দেশ ছাড়া এই গাঁয়ের লোকের একপাও চলার ক্ষমতা ছিল? বাপরে, কুরুক্ষেত্র বাধিয়ে তুলতেন! কেউ কিছু অনাচার করে ফেললে, তার প্রায়শ্চিত্তের যা বিধান দিতেন, সে সব শুনলে তোমরা ভিরমি খাবে!”

প্রখর গ্রীষ্মে, একাদশীর নির্জলা উপবাসের দিন, মেঝেয় আঁচল বিছিয়ে শুয়ে থাকা নির্জীব শ্বশ্রুমাতাকে, সোনা একবার এক গেলাস লেবুমিছরির সরবৎ খাওয়ার অনুরোধ করেছিলেন, তাতে নিভাননী উত্তর দিয়েছিলেন, “ছি, ছি, বৌমা, এ তুমি কী করলে? এ যে পাপ। বামুনের ঘরের বেধবাকে একাদশীর ব্রতভঙ্গ করাতে এলে? তোমার কি একবারও মনে হল না, এ অনাচার?”

“ভোর থেকে এত বেলা হল, এই প্রচণ্ড গরমে আপনি একবিন্দু জলও মুখে দিলেন না। আমরা এবার ভাত খেতে যাবো, আর আপনি এভাবে কষ্ট পাচ্ছেন, মা, তাই...”।

তীব্র ঝাঁজের সঙ্গে নিভাননী উত্তর দিয়েছিলেন, “রক্ষে করো, বৌমা, আমার জন্যে তোমার অত দরদে আর কাজ নেই! ওসব তুমি বুঝবে না, মা। উপোসে শরীর-মন শুদ্ধ হয়, কষ্ট হয় না, তোমার বড়লোক বাপ-মা এই শিক্ষাটুকুও দেননি, বাছা? যাও যাও, বেলা অনেক হল, খেয়ে নেবে যাও। আমার ভাবনা আমাকেই ভাবতে দাও”।

সোনা, মাথা নীচু করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, গেলাসের সরবত উঠোনের মাটিতে ফেলে দিয়ে, নিজের ঘরে বিছানায় উপুড় হয়ে শুয়ে কেঁদেছিলেন খুব। ছোট্ট হীরু মায়ের গলা জড়িয়ে ধরে, জিগ্যেস করেছিল, “ও মা, কাঁদছো কেন? খেতে দেবে না? ও মা, চলো না খিদে পেয়েছে”। সেজজা এসে সোনাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলেন, “ও দিদি, মন খারাপ করো না তো! কচি ছেলেটার খিদে পেয়েছে, চলো খেতে দাও”।   

 

 

অচ্যুত যখন বাড়িতে ঢুকলেন, নিভাননী খুঁটিতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন দাওয়ায়। ছোট করে ছাঁটা সাদা-কালো কদমফুলি চুল। পরনে পাড়হীন সাদা থান, সাদা ব্লাউজ। সমস্ত শরীর পাথরের মতো কঠোর আবেগহীন।   

“কেমন আছো, মা?” নীচু হয়ে চরণ স্পর্শ করে প্রণাম করলেন অচ্যুত। নির্বিকার স্বরে নিভাননী উত্তর দিলেন, “যেমন তোমরা, রেখেছো, বাছা! আমাদের আর থাকা না থাকা, শেষের প্রহর গোনা বৈ আর কাজ কী?”

মায়ের অনুমতি ছাড়া পরিবার নিয়ে কলকাতায় চলে যাওয়া নিয়ে অচ্যুতের মনে অপরাধবোধ ছিলই, কুণ্ঠিত স্বরে বললেন, “ওভাবে বলছো কেন, মা? তড়িঘড়ি সব কিছু ঠিক হয়ে গেল, তোমাকে জানাতে পারিনি। অন্যায় যে হয়েছে, সেটা কী আমি বুঝতে পারছি না, মা?”

ঠাকুরঘরের দিকে যেতে যেতে নিভাননী বললেন, “অন্যায় হবে কেন, বাবা? যা করেছো ঠিকই করেছ। সেই কোন ভোরে রওনা হয়েছো, হাতমুখ ধুয়ে এসো। একটু জিরিয়ে নাও। বৌমা, নন্টু এসেছে সরবৎ দাও, জল দাও”।

নিভাননী যদি দুটো কথা কটকট করে শুনিয়ে দিতেন, কিংবা অভিযোগ করে কান্নাকাটি করতেন, অচ্যুতের পক্ষে পরিস্থিতি সামলাতে সুবিধে হত। কিন্তু উদাসীনতার এমন নিরেট দেওয়াল তিনি তুলে দিলেন, তার মধ্যে প্রবেশের আর কোন পথ খুঁজে পেলেন না। মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে, অচ্যুত দাওয়াতে হাতের ব্যাগটা রেখে হেলান দিয়ে দাঁড়ালেন। তাঁর সামনে এসে দাঁড়াল, ছোটভাই শান্টু, তার হাতে কাচের গেলাসে শরবৎ। তার হাত থেকে গেলাস নিতে নিতে তিনি রান্নাঘরের দরজার দিকে তাকালেন, দরজার আড়ালে সেজবৌমার শাড়ির প্রান্ত দেখতে পেলেন।

শরবৎ শেষ করে, শান্টুর মাথায় হাত রেখে অচ্যুত বললেন, “কেমন আছিস রে, শান্টু?”

একগাল লাজুক হেসে শান্টু অচ্যুতকে প্রণাম করে বলল, “ভালো আছি, বড়দা। তোমাদের বাসায় আমাকে নিয়ে যাবে না, দাদা?”

ছোটভাইয়ের কথায় অচ্যুত আবেগে আপ্লুত হলেন, “দেখ বোকা ছেলে কেমন প্রশ্ন করে! নিয়ে যাবো না, কেন? আমার বাসা তো তোদেরও বাসা। যাবি, থাকবি, ওখানে থেকেই লেখাপড়া করবিহীরু তোর কথা খুব বলে, তোর বৌদিও বলে, শান্টুটা কী করছে কে জানে!”

যে অপরাধবোধের জন্যে অচ্যুত মায়ের সামনে আড়ষ্ট হয়ে ছিলেন, ভাইয়ের আন্তরিক কথায় তিনি অনেকটাই স্বস্তি অনুভব করলেন, গলা তুলে বললেন, “বৌমা, তোমাদের খবর সব ভালো তো মা? তোমার বড়দি তোমাদের কথা খুব বলে। তোমরা দুজনে সারাদিন একসঙ্গেই তো থাকতে; বলে, মালতী আমার আর জন্মের বোন ছিল”

“সঙের মতো দাঁড়িয়ে কী শুনছিস, শান্টু? দাদার হাত থেকে খালি গেলাসটা নে। কলকাতা যাওয়ার জন্যে তোর এত আদেখলামোই বা কেন রে? কলকাতা কী পালিয়ে যাচ্ছে? দাদা-বৌদি কলকাতায় বাসা নিয়ে চলে গেছে, তোদের মতো অপোগণ্ড পোষবার জন্যে? বৌমা, দরজায় দাঁড়িয়ে আর আদিখ্যেতা করো না, বাছা। কত বেলা হল, সে খেয়াল আছে? নন্টু এতদিন পরে এল, শুধু ডালভাত বেড়ে দেবে নাকি”? ঠাকুরঘরের দরজায় দাঁড়িয়ে বলা, নিভাননীর কর্কশ কথাগুলো, হাল্কা হওয়া পরিস্থিতিকে আবার বিষাক্ত করে তুলল। কথাগুলি বলে তিনি ঠাকুরঘরের দরজা বন্ধ করে জপে বসলেন। কম্বলের আসনে বসে, ইষ্টদেবতার মুখ মনে করার চেষ্টা করলেন বহুক্ষণ, পারলেন না। চোখ বন্ধ করলে, একটাই মুখ তিনি দেখতে পাচ্ছেন, সুন্দর অথচ কুটিল সেই মুখটি তাঁর বড়পুত্রবধূর। জপের আসনে বসেও তিনি শান্ত হলেন না, বরং ক্রোধের নিঃশ্বাস ফেলতে ফেলতে তিনি তাকিয়ে রইলেন, রাধা-কৃষ্ণের স্মিত যুগলমুখের দিকে।


 

জলখাবার সেরে কাঁধে গামছা ফেলে অচ্যুত গ্রামে বেরিয়েছিলেন, পাড়াপ্রতিবেশীদের সঙ্গে দেখা করতে। উদ্দেশ্য সকলের সংবাদ নেওয়া এবং তাঁর কলকাতায় বাস নিয়ে প্রতিবেশীদের প্রতিক্রিয়া জানা। তিনি ভেবেছিলেন, গ্রামের সকলেই হয়তো ছি ছি করবে! কিন্তু যতটা ভেবেছিলেন, ততটা হয়নি।

দুয়েকজন বয়স্ক বললেন, “এ তোমার উচিৎ হল না, নন্টু। তুমি বাড়ির বড়ো ছেলে হয়ে, সব দায় ঝেড়ে ফেলে পরিবার নিয়ে একেবারে কলকাতায় বাসা করে ফেললে! বিধবা মা, নাবালক ভাইয়ের প্রতি যে কর্তব্য, তোমার মতো উপযুক্ত শিক্ষিত ছেলেরাও যদি এড়িয়ে যায়, তাহলে গাঁয়ে ঘরে আর রইল কী? এমন চললে কদিনেই, দেশ, সমাজ, এ সবই তো উচ্ছন্নে যাবে, হে! পরিবার মানে কী শুধুই মাগ-ভাতার আর ছেলেপুলে? বাপ-মা, ভাই-বোন, খুড়ো, খুড়ি তাঁরা কী পরিবারের কেউ নয়”?

কিন্তু অধিকাংশই সমর্থন করল, “বেশ করেছো। এই এঁদো গাঁয়ে পড়ে থাকার কোন মানে হয় না। আমাদের উপায় নেই, তাই পড়ে পড়ে মার খাওয়া! একটা স্কুল নেই, হাসপাতাল নেই, বিজলি নেই। বর্ষায় পথে ঘাটে এক হাঁটু কাদা। এখানে মানুষ থাকে, পোকার মতো কিলবিল করা! একবার যখন বেরিয়ে পড়েছো, ভায়া, ভুলেও আর এমুখো হয়ো না!”

পুকুর থেকে একেবারে চান করে মাঝদুপুরে বাড়ি ফিরলেন অচ্যুত। ভেজা জামাকাপড় ছেড়ে শুকোতে দিলেন, উঠোনের দড়িতে, তারপর দোতলার ঘরে গিয়ে শুলেন নিজের বিছানায়। মাথার নিচে হাত রেখে চিত হয়ে শুয়ে ভাবতে লাগলেন নানান কথা। আশৈশব তিনি যে মাকে দেখেছেন, চিনেছেন, সেই মা এখন যেন অচেনা। বাবার অত্যধিক নিয়মনিষ্ঠায় তাঁরা সকলেই অতিষ্ঠ হয়ে থাকতেন। বিশেষ করে তাঁর এই মা, ধর্মপালনের নামে বাবার কত যে অদ্ভূত বায়না, তিনি মুখ বুজে সহ্য করেছেন, তার সাক্ষী আর কেউ না থাক, তিনি তো আছেন! রান্নাঘরে গোপনে চোখের জল ফেলা মাকে, তখন সান্ত্বনা দেবার কে ছিল আর, নন্টু ছাড়া?

অথচ বাবার মৃত্যুর পর বাবার ছেড়ে যাওয়া খড়মেই যেন মা পা রাখলেন। কলেজে পড়ার থেকেই তিনি বাইরে বাইরে থাকতেন, অতটা বুঝতে পারেননি। বিয়ের পর স্ত্রীর মুখে অজস্র অভিযোগের কথা শুনে আশ্চর্য হতেন খুব, বিরক্তও হতেন। একজন মানুষ যে যন্ত্রণায় সারা জীবন জ্বলেছেন, সেই যন্ত্রণা তিনি কী ভাবে পরবর্তী প্রজন্মকে দিতে পারেন? কিন্তু আজ প্রায় মাস চারেক অদেখার পর, মায়ের সকালের আচরণে তিনি নিশ্চিত হলেন, এই মানুষটি তাঁর সেই শৈশবের-বাল্যের স্নেহময়ী মা নন। তিনি এখন নীতি ও ধর্ম আচরণের নিষ্ঠুর প্রতিষ্ঠান, জেদী এবং অহংকারী। এ সময় হঠাৎ তাঁর আর একটা কথা মনে এল, তিনি কী এই দমবন্ধ পরিস্থিতি থেকে পালিয়ে যেতেই কলকাতায় বাসা করলেন? ছেলেদের লেখাপড়াটা একটা বাড়তি অজুহাত!

বন্ধুবান্ধব ও কিছু প্রতিবেশী তাঁকে সমর্থন করে এই যে কথাগুলো বলল, সেটা কী তাদের শুভেচ্ছা? নাকি ঈর্ষা? নাকি তাঁর এই পালিয়ে যাওয়ার প্রতি বিদ্রূপ? মনের অবচেতনে তিনিও কী মুক্তিই খুঁজছিলেন? দীর্ঘদিন কলকাতাবাসী হওয়ার দৌলতে তিনি কী শহরের পরিবেশ, শহরের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছেন? আসলে তিনিও কী এই বদ্ধ গ্রামজীবনকে এড়িয়ে সহজ স্বস্তির জীবনে উত্তরণ চাইছেন? তাঁর এই পলায়নপর মনোভাব কী ধরা পড়ে গেল, মায়ের কাছে, পাড়াপ্রতিবেশীদের কাছে?

“বড়দা, খাবে চলো। নিচেয় খাবার বেড়েছে”। শান্টুর কথায় অচ্যুতের চিন্তা থমকে গেল। মেঝেয় পা দিয়ে অচ্যুত ছোট ভাইয়ের কাঁধে হাত রাখলেন, “তুইও খাসনি তো”? লাজুক হেসে শান্টু ঘাড় নাড়ল। না। “চ, একসঙ্গে খাবো”।

খাবার সময় মা সামনে বসে থাকলে বেশ লাগে। এই বয়সেও তিনি যেন বাল্যের দিনে ফিরে যান। এতক্ষণে মা নিশ্চয়ই শান্ত হয়েছেন, আগের মতোই হয়তো স্বাভাবিক কথাবার্তা বলবেন। নিচেয় এসে শান্টু তাঁকে সেজভাইয়ের ঘরে নিয়ে যেতে, তিনি বেশ অবাক হলেন। দেখলেন ঘরের মেঝেয় দুটি আসন পাতা, আসনের সামনে ঢাকা দেওয়া কাঁসার গেলাসে জল। এতদিন তিনি এবং তাঁর ভাইয়েরা একত্র হলে, মায়ের ঘরেই খাবার ব্যবস্থা হয়, আজ তার ব্যত্যয় কেন?

শান্টুকে তিনি জিগ্যেস করলেন, “মা কোথায়?”

শান্টু উত্তর দিল, “মা ছোটকাকীমার সঙ্গে দেখা করতে গেছে”। অচ্যুতের বাবারা তিনভাই, মেজকাকা থাকেন হাওড়ায়, ছোটকাকা-কাকীমা খুড়তুতো ভাইবোনেরা থাকেন, পাশের বাড়ীতে। বাড়ি আলাদা হলেও দুই পরিবারে হৃদ্যতার অভাব নেই।

অচ্যুত খুব বিস্মিত হয়ে বললেন, “আমি তো একটু আগেই ওবাড়ি ঘুরে, দেখা করে এলাম!” এইসময় অচ্যুতের খুড়তুতো বোন বিশাখা ভাতের থালা সাজিয়ে ঘরে ঢুকলেন। তাঁর পিছনে আরেকটা থালা নিয়ে এক গলা ঘোমটা দিয়ে আড়ালে রইলেন সেজবৌমা।

অচ্যুতের আসনের সামনে থালা রেখে বিশাখা বললেন, “বড়দা, শুরু করো। অনেক বেলা হয়ে গেল”

সমস্ত ব্যাপারটাতে অচ্যুতর মন বিরূপ হয়ে উঠল। মায়ের এই আচরণ তাঁর অত্যন্ত বাড়াবাড়ি মনে হল। তাঁর মনে অপরাধবোধের যে কাঁটা এতদিন খচখচ করছিল, সেটা যেন সরে গেল। তিনি যা করেছেন, ঠিকই করেছেন। বিশাখা শান্টুর ভাতের থালাও আসনের সামনে নামিয়ে দেওয়ার পর, অচ্যুত গেলাসের জল নিয়ে গণ্ডূষ করে বললেন, “তোদেরও তো খেতে অনেক দেরি হয়ে গেল। তুই কী এখানেই খাবি? নাকি আবার ও বাড়ি যাবি?”

“না গো। আজ সেজবৌদির সঙ্গে খাবো”।

“মা হঠাৎ এই ভরদুপুরে তোদের বাড়ি গেলেন কেন?”

বিশাখা হাসলেন, “বড়মা, ওইরকম হয়ে গেছেন আজকাল। কোন কিছুই ওঁর পছন্দ হয় না। সবার সঙ্গেই খিটিমিটি করেন।  মায়ের সঙ্গে ওঁর রোজ ঝামেলা হয়। গতকাল পর্যন্ত মুখ দেখাদেখি ছিল না। আজ তুমি এলে, আর আজই উনি মায়ের সঙ্গে গল্প করতে গেলেন! বড়দা, সেজবৌদি জিগ্যেস করছে, পান্নার আঙুলটা সেরেছে কিনা?”

অন্য প্রসঙ্গে কথা শুরু হওয়াতে অচ্যুত কিছুটা স্বস্তি পেলেন। হেসে বললেন, “হ্যাঁ বৌমা, ওর মামার বাড়িতে মাসীরা সবাই মিলে সারিয়ে দিয়েছে। এখন ভালই আছে”।

বিশাখা বললেন, “বৌদির বাবাও তো হঠাৎ মারা গেলেন, শুনেছি। এরপরেও একা একা কলকাতার বাসায় নতুন সংসার  সামলানো- বৌদির কিন্তু খুব মনের জোর, না বড়দা? বৌদির বোনেদের কেউ সঙ্গে গেল না কেন? মাস কয়েক থেকে একটু গুছিয়ে দিয়ে আসত!”

“কথা সেরকমই ছিল। কিন্তু শ্বশুরমশাই মারা যাওয়াতে সব ওলোটপালোট হয়ে গেল”।

“তা ঠিক। বাপ-মা মানে বটগাছ, মাথার ওপর থেকে তাঁদের ছায়া চলে যাওয়া কী চাট্টিখানি কথা? হীরু আমাদের কথা বলে, বড়দা? নাকি ভুলে গেছে?”

“দ্যাখো, ভুলে যাবে কেন? হীরু এখন স্কুলে ভর্তি হয়েছে, স্কুলে যাচ্ছে। তার আগে দুপুরবেলা হলেই মন খারাপ করত। সারা দুপুর নাকি ওবাড়িতে তোদের সঙ্গে দৌরাত্ম্য করত!”

“দৌরাত্ম্য কী বলছো, বড়দা? ছেলেমানুষ চঞ্চল হবে না? মাঝে মাঝে বড়োমা হীরুকে আটকে রাখতেন, আমাদের বাড়ি যেতে দিতেন না, আমি এসে তুলে নিয়ে যেতাম। বড়োমা আমাকে কিছু বলতেন না, জানেন তো বিশাখাও কম মুখরা নয়”।

অচ্যুত বোনের একথায় খুব হাসলেন হা হা করে, বললেন, “বাবা। সেই বিশাখা, এত্তোটুকুন মেয়ে, তুই এখন এত পাকা হয়েছিস? আমার মায়ের সঙ্গেও ঝগড়া করিস?”

মুখ টিপে হেসে বিশাখা বললেন, “করবো না? আরেকটু ভাত দিই, বড়দা?”

“না রে, একটুও না। যা দিয়েছিস, এই পুরোটা খেতে পারলে হয়”।

মুচকি হেসে বিশাখা বলল, “তোমার খাওয়া অনেক কমে গেছে, বড়দাসেজবৌদি বলছে”

“না গো বৌমা, শুরুতেই অনেক ভাত দিয়ে ফেলেছো যে!” হাসতে হাসতে বললেন অচ্যুত। 

 

 

খাওয়া দাওয়া সেরে নিজের ঘরের বিছানায় একটু গড়িয়ে নিয়েই অচ্যুত আবার পাড়ায় বেরিয়ে পড়েছিলেন।  ফিরলেন সন্ধের বেশ কিছুটা পরে। বাড়ি এসে হাতপা ধুয়ে দাওয়ায় বসতেই, ছোটভাই শান্টু এসে জিগ্যেস করল, “বড়দা, চা খাবে? সেজবৌদি জিগ্যেস করতে বলল”।

“নাঃ রে। আমি তো চা খাই না। মা কোথায় রে?”

“ঠাকুর ঘরে, আহ্নিক করছে”।

“ও আচ্ছা”। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, এখনও সন্ধ্যা আহ্নিক!

শান্টুকে বললেন, “ভেতর থেকে একটা মাদুর নিয়ে আয় তো, দাওয়ায় বসি, আর তোর বই খাতাও নিয়ে আয়, কেমন লেখাপড়া করছিস দেখি?” শান্টু দ্রুত পায়ে ঘরের ভেতর থেকে একটা মাদুর এনে বিছিয়ে দিল দাওয়ায়। অচ্যুত দাওয়ায় উঠে বসলেন। শান্টু দৌড়ে গিয়ে ঘরের ভেতর থেকে হ্যারিকেনটাও এনে দাওয়াতে রাখল। হ্যারিকেনের পলতে নামানো ছিল, সেটাকে বাড়িয়ে দিতে আলোটা বাড়ল কিছুটা।  তারপর আবার ঘরের ভেতরে গেল বই-খাতা আনতে।

অচ্যুত বললেন, “আরে, অন্ধকার ঘরের মধ্যে কোথায় হাঁটকাবি, হ্যারিকেনটা নিয়ে যা”।

“তুমি অন্ধকারে থাকবে, বড়দা?”

“কেন? আমি অন্ধকারে বসলে, আমায় ভূতে ধরবে বুঝি? যাঃ যাঃ মেলা পাকামি করিস না, আমি তোর বড়দা, না তুই আমার? আলোটা নিয়ে অংক, ইংরিজি আর সংস্কৃত বইটা নিয়ে আয়, দেখি কেমন পড়েছিস”? শান্টু হ্যারিকেন নিয়ে ঘরের ভেতরে গেল, কিছুক্ষণের মধ্যে বইগুলো সঙ্গে নিয়ে, দাদার সামনে এসে বসল

অচ্যুত হ্যারিকেনের পলতেটা একটু কমিয়ে দিলেন, পলতের আগুন ব্যাঁকা হয়ে জ্বলছিল, বললেন, “পলতেটা ঠিক করে কাটা হয়নি রে, ব্যাঁকা হয়ে গেছে। এভাবে জ্বললে কাচের একদিকে কালি পরে ভূতুষি হয়ে যাবে একটু পরেই। অনেক সময় কাচ ফেটেও যায়। শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করিস? লতা শব্দের পঞ্চমীর দ্বিবচনে কী হয়?” শান্টু খুব অস্বস্তিতে পড়লতার মেজকাকা আর বড়দার লেখাপড়া নিয়ে গাঁয়ে এখনো চর্চা হয়, সংস্কৃতে আর ইংরিজিতে দুজনেরই এখনও খুব নাম আছে এ অঞ্চলে। সেই বড়দা অনেকদিন পর হঠাৎ এসে পড়া ধরতে বসলে ভয় পাওয়ারই কথা।

শান্টু শুকনো গলায় ঢোঁক গিলে বলল, “ল--লতাভ্যাম্‌”

“বাঃ ভেরি গুড। তোৎলাচ্ছিস কেন? ঠিকই তো বলেছিস। শ্রী শব্দের সপ্তমীর বহুবচন?”

“স্‌-স্‌ শ্রীণাম্‌”।

“এঃ পারলি না? শ্রীণাম ষষ্ঠীর বহুবচন। সপ্তমীর বহুবচনে শ্রীষু। “পুষ্পিতৌ লতে” কথাটা ঠিক না ভুল?”

“ভুল”।

“ঠিকটা কী হবে?”

অনেকক্ষণ মাথা নীচু করে পায়ের নখ খোঁটার পর শান্টু বলল, “পুষ্পিতৌ লতৌ”।

অচ্যুত জিভে আক্ষেপের চিক শব্দ করলেন, বললেন, “এখানে বিশেষ্য কোনটা আর বিশেষণ কোনটা?”

শান্টু খুব ভয়ে ভয়ে বলল, “লতা বিশেষ্য আর পুষ্পিতা বিশেষণ”।

“তাহলে? বিশেষ্যর যে লিঙ্গ, বিভক্তি এবং বচন হবে, বিশেষণেরও তাই হবে। লতা স্ত্রীলিঙ্গ, তার প্রথমার দ্বিবচনে লতে। তার বিশেষণ পুষ্পিতারও তাই হবে। কী হবে তাহলে?”

“পুষ্পিতে লতে”।

“গুড। বুঝতে পেরেছিস? সংস্কৃত অনেকটা অংকের মতো, নিয়মটা একবার বুঝতে পারলে আর কোনদিন ভুল হবে না...”।

নিজের পড়া হোক কিংবা অন্যকে পড়ানো – দুটো ব্যাপারেই অচ্যুতের ভীষণ ঝোঁক। লেখাপড়ার চর্চায় অবগাহন করতে তিনি বড়ো আনন্দ পান। ছোট ভাইকে পড়াতে পড়াতে তিনি এতটাই মগ্ন ছিলেন, নিভাননী কখন এসে তাঁর পিছনে দাঁড়িয়েছেন তিনি লক্ষ্যও করেননি।

কিছুক্ষণ অপেক্ষার পর নিভাননী বললেন, “নন্টু, সেই কোন ভোর কলকাতার বাসা থেকে বেরিয়ে এতদূর পাড়াগাঁয়ে এলি! কোথায় একটু বিশ্রাম করবি তা না, এখন আবার শান্টুকে নিয়ে পড়লি?” লেখাপড়ার রাজ্যে অচ্যুত ডুবে ছিলেন, কলকাতায় বাসা নিয়ে তাঁর চলে যাওয়া আর সেই নিয়ে তাঁর মায়ের বিদ্বিষ্ট আচরণের কথা তিনি ভুলেই গেছিলেন।

মায়ের হঠাৎ এই উদ্বিগ্ন কথার শ্লেষ তিনি ধরতে পারলেন না, তিনি বললেন, “না, না, মা, আমার কিচ্‌ছু কষ্ট নেই! শান্টু লেখাপড়ায় খুব অবহেলা করছে!”

“এতদিন পরে একবেলা পড়িয়ে তুমি ভাইকে কী দিগ্‌গজ পণ্ডিত বানিয়ে তুলবে, বাবা? শান্টু, বইপত্তর নিয়ে ঘরে যা, নিজে নিজে যা পারিস পড়। দাদাকে বিরক্ত করিস না”।

নিভাননীর এই কথায় অচ্যুত আবার বাস্তবে ফিরলেন। তিনি কোন উত্তর দিলেন না। ভাইয়ের মুখের দিকে তাকালেন। শান্টু ম্লানমুখে তাঁর দিকেই তাকিয়ে ছিল, চোখাচোখি হতে মুখ নামাল। সামনে খুলে রাখা ব্যাকরণ কৌমুদী বন্ধ করে রাখল। তারপর ধীরে ধীরে সব বই তুলে নিয়ে চলে গেল ঘরের ভিতর। অচ্যুতর মনে ভীষণ এক বিরোধ বিদ্রোহের মতো ঝলসে উঠল। ইচ্ছা হল মায়ের এই নিষ্ঠুর আচরণের জবাব দেওয়ার। শান্টু ঘরে চলে যাবার পর, নিভাননী পিছন ফিরে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন।

অচ্যুত পিছন থেকে একটু উদ্ধত স্বরে বললেন, “মা, কাল সকালেই আমি বেরিয়ে যাবো। তোমার বৌমার একটা ট্রাংক আছে, সেটাও নিয়ে যাবো। তাছাড়া আমাদের যা টুকটাক জিনিষ পত্র রয়ে গেছে, সেসবই আমি কাল নিয়ে যাচ্ছি”

নিভাননী ঘাড় ঘুরিয়ে তাকালেন বড়ো ছেলের মুখের দিকে, চোখে চোখ রেখে বললেন, “যেও”। তারপর  ধীর পায়ে উঠে গেলেন পাশের ঘরে দাওয়ায়।

অচ্যুত মাথা নীচু করে বসে রইলেন অনেকক্ষণ, হ্যারিকেনের কল ঘুরিয়ে পলতে কমিয়ে দিলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে অস্ফুটে বললেন,

“পরিবর্তিনি সংসারে মৃতঃ কো বা ন জায়তে।

স জাতো যেন জাতেন যাতি বংশঃ সমুন্নতিম্‌”।।

পরিবর্তনের এই সংসারে মৃত্যুর পর পুনর্জন্ম কার না হয় ?

কিন্তু যে জন্মে বংশের সম্যক উন্নতি হয় সেই জন্মই (সার্থক)

..০০..

চলবে...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন পোস্টগুলি

পরিবর্তিনি সংসারে...

  স্মৃতি মেদুর এই রম্যকথার শুরু - "  লিটিং লিং - পর্ব ১ " এর আগের পর্ব - "  পাখির চোখ " ১   নন্টু আসছেন, নিভাননী সংবাদ...