শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

বিপ্লবের আগুন - পর্ব ৩

  

এর আগের ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব  - " সুরক্ষিতা - পর্ব ১ " 

অন্যান্য সম্পূর্ণ  উপন্যাস - " এক দুগুণে শূণ্য "

"অচিনপুরের বালাই"

সৌদামিনীর ঘরে ফেরা "

আরেকটি  ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " এক যে ছিলেন রাজা - ১ম পর্ব "





[প্রাককথাঃ  আধুনিক গণতান্ত্রিক সমাজ হোক কিংবা প্রাচীন রাজতান্ত্রিক সমাজ – বিদ্রোহ, বিপ্লব সর্বদাই প্রশাসনের মাথাব্যথার কারণ হয়েছে। নিরীহ, অনুন্নত এবং প্রান্তিক মানুষরা যুগেযুগে সেই বিদ্রোহের পথে যেতে কীভাবে উদ্বুব্ধ হয়েছিলেন এবং হচ্ছেন? কীভাবে তাঁরা অস্ত্র সংগ্রহ করেন? সেই বহুমূল্য অস্ত্রসম্ভার কি তাঁরা বিনামূল্যে সংগ্রহ করেন? কোদাল চালানো কিংবা লাঙ্গল ঠেলার দক্ষতা যাঁদের সম্বল, কে তাঁদের আধুনিক অস্ত্র চালনায় শিক্ষিত করে তোলে? কার শক্তি ও উস্কানি তাঁদের রাষ্ট্রশক্তির চোখে চোখ রাখার স্পর্ধা যোগায়?  হয়তো কখনও তাঁরা পর্যুদস্ত হয়েছেন, কখনও ক্ষণস্থায়ী সাফল্য পেয়েছেন। আবার কখনও কখনও প্রবল প্রতাপ রাষ্ট্রকে তাঁরা পরাস্ত করে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাও করেছেন। কিন্তু নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাতেও পুরোন বিদ্রোহ-বিপ্লবের আগুন নেভে না কেন?  কেনই বা রাষ্ট্রের বিরুদ্ধে এই বিপ্লব চলতে থাকে আবহমান কাল ধরে?]  

এই উপন্যাসের দ্বিতীয় পর্ব পড়া যাবে পাশের সূত্রে নাড়া দিলেই "বিপ্লবের আগুন - পর্ব ২


 

 গতকাল সারা দিন ও রাত একটানা হেঁটেছে ভল্লা। একে তো তার গায়ে প্রচণ্ড জ্বর। যন্ত্রণা এবং ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে তার শরীর। তবু সে হেঁটেছে অবিরাম। আজ রাত্রির আট প্রহরে সে এসে পৌঁছল বিশাল এক সরোবরের পাশে। বীজপুর চটির জনাই তাকে দিক নির্দেশ করে বলেছিল, এই পথ ধরে একদম নাক বরাবর গেলে ডানদিকে একটা সরোবর পাবি। ওই সরোবরটা ছোট্ট একটা পাহাড়ের কোলে। ওখান থেকে নিচের দিকে তাকালে দেখতে পাবি – যতদূর চোখ যায় – ছোটছোট ঝাড়ি আর কাঁটাঝোপের জঙ্গলে ভরা ঢালু জমি। তার মানে তুই নোনাপুর গ্রামের চৌহদ্দিতে পৌঁছে গেলি। ভল্লার মনে হল এটাই সেই সরোবর।

জনাই আরও বলেছিল, ওই সরোবরের পশ্চিম পাড়ে দাঁড়ালেই তোর ডানদিকে দেখতে পাবি একটা পায়েচলা সরুপথ নেমে গেছে সাপের মতো এঁকেবেঁকে। ওই রাস্তা ধরে, খুব বেশি না, আধক্রোশেরও কম, হাঁটলেই পেয়ে যাবি, নোনাপুরের গ্রামপ্রধানের বাসা। নাম জুজাক। এমনিতে লোক খারাপ না, তবে বড্ডো বদরাগী। একবার রেগে গেলে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। তবে ওর বউটা খুব ভালো। মনে খুব মায়া-মমতা।

জনাই কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল জুজাকের দু-দুটো ছেলে – ছোটবেলাতেই একসঙ্গে মারা গিয়েছিল।

কৌতূহলে ভল্লা জিজ্ঞাসা করেছিল, “সে কি? কী করে?”

“কী আর বলব? সে কথা মনে পড়লেই মন খারাপ হয়ে যায়। এমনিতেই ওই জায়গাটা অফসলী। বৃষ্টি কম। সামান্য কিছু আবাদি জমি আছে, সেখানে সামান্য কিছু ভুট্টা, জোয়ার-টোয়ার হয়। তাতে সম্বৎসরের খোরাক হয় কি না হয়। তোরা তো এদিককার লোক নোস, জানবি না। বছর দশেক আগে, এদিকে পরপর চার বছর খরা হয়ে – জমি-জঙ্গল একেবারে যেন ঝলসে গিয়েছিল। খিদের জ্বালা সবচে বড়ো জ্বালা রে, ভল্লা। সে জ্বালা যে কোনদিন ভোগ করেনি – সে বুঝতে পারবে না। দুই ভাই মিলে, বছর দশ আর আটের দুই ছেলে, কন্দ খুঁজতে ঢুকেছিল পাশের জঙ্গলে। সেখানেই তাদের মৃত্যু হয় সাপের কামড়ে”।

জনাই আবার চুপ করে রইল কিছুক্ষণ, বলল, “সেই থেকেই জুজাক কেমন যেন বদমেজাজি হয়ে গেল। আর ওর বউটা হল উলটো”। 

সরোবরের পশ্চিম পাড়ে বসে থাকা ভল্লার ঝিমধরা মাথায় এই সব কথাই ভনভন করছিল মাছির মতো। পুব আকাশ পরিষ্কার হয়ে আসছে। অজস্র পাখিদের কলকাকলিতে ভরে উঠছে বিশ্বচরাচর। ভল্লা ডানদিকে সরু সেই পায়েচলা পথটাও দেখতে পেল, জনাই যেমনটি বলেছিল। ওই পথ ধরেই তাকে পৌঁছতে হবে নোনাপুরে। সে জানে না, সেখানে কী অপেক্ষা করে আছে তার জন্যে। তবে সে সব কথা সে এখন ভাবছেও না। সে ভাবছে তার সঙ্গের এই বিপুল বোঝাটাকে টেনে টেনে কী করে পৌঁছবে আধক্রোশ দূরের ওই গ্রামে।

নিজের শরীর নিয়ে বড় গর্ব ছিল ভল্লার – চিতার মতো সর্বদাই টগবগে আর চনমনে তাজা। অথচ গতকাল   সেই শরীরটাকেই বইতে চাইছিল না তার পাদুটো। যদি ফেলে আসা যেত কোথাও  – কিছুটা হাল্কা হওয়া যেত। আর এই মাথাটা - দুই হাতে ধরে যেটাকে সে এখন সামলাচ্ছে? অসহ্য যন্ত্রণায় দপদপ করছে সর্বক্ষণ। সেটাই বা কম কি? এখন ইচ্ছে হচ্ছে এই নিরিবিলি সরোবরের পাড়ে, ভোরের নরম মায়াবী আলোমাখা প্রান্তরে নিজের শরীরটাকেও ঘাসে বিছিয়ে দিতে। চুলোয় যাক তার কাজ, চুলোয় যাক তার শরীরের সকল যাতনা। ভল্লা সত্যি সত্যিই দুই হাত-পা মেলে নিজেকে ছড়িয়ে দিল মাটিতে। নির্মল আকাশের দিকে তাকিয়ে রইল ভল্লা, তার চোখের দৃষ্টি ঘোলাটে… উদাসীন। তার চোখের ওপরে প্রতি ক্ষণে বদলে যাচ্ছিল আকাশের রঙ… নতুন দিনের ভোর এগিয়ে চলেছে নবীন সকালের দিকে। তার চোখ বুজে এল।

চিকা তার কর্তব্যে কোন অবহেলা করেনি, সূর্যোদয়ের অনেক আগেই সে ভল্লাকে জাগিয়ে দিয়েছিল। তার গায়ে হাত রেখে উদ্বিগ্ন স্বরে বলেছিল, “তুই যাবি কী করে ভল্লা? এতটা পথ। জ্বরে যে তোর গা পুড়ে যাচ্ছে। একটা দিন অন্ততঃ থেকে যা। আমি কিছু জড়িবুটির ব্যবস্থা করি – একটা দিন বিশ্রাম নে, কাল বেরোবি”। ভল্লা সে কথায় কান দেয়নি। দ্রুত নিত্যকর্ম সেরে রওনা হওয়ার জন্যে প্রস্তুত হয়েছিল। চিকা বলেছিল, “তাহলে তুই যাবিই”? ভল্লা সে প্রশ্নের উত্তর না দিয়ে বলেছিল, “আমার রণপা”? রণপা আর চিকার দেওয়া পুঁটলিতে বাঁধা কিছু খাবার নিয়ে ভল্লা রওনা হয়েছিল জনাইয়ের চটির দিকে।

জনাইয়ের চটিতে পৌঁছতে ভল্লার বেশ দেরিই হয়েছিল, প্রায় মধ্য রাত্রি। দরজা খুলে জনাই বেশ বিরক্ত হয়েই বলেছিল “কি রে? এত দেরি করলি?” তারপর প্রদীপের আলোয় তার চেহারা দেখে চমকে উঠেছিল জনাই, “শরীরের এই অবস্থায় রণপা নিয়ে তুই এতটা পথ এলি কী করে? চিকার চটিতেই একটা দিন বিশ্রাম করতে পারলি না? একটা দিনে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? হতভাগা, পথে-ঘাটে মরে পড়ে থাকলে – কেউ জানতে পারত? শেয়ালে-শকুনে ছিঁড়ে খেত। তখন কে করত তোর কাজ?”

ভল্লা জনাইয়ের কথার উত্তর না দিয়ে বলেছিল, “একটু শোবার জায়গা করে দিবি? ঘুমোব”। জনাই খাবার এনে দিয়েছিল, ভল্লা খেতে পারেনি। খেতে ভালো লাগছিল না। খড়ের গদির ওপর চাদর বিছিয়ে, বেশ ভালই বিছানা করে দিয়েছিল, জনাই। ভল্লা ভেবেছিল একবার শুতে পারলে ঘুম আর ঠেকায় কে? কিন্তু আশ্চর্য, ঘুম এলই না। যখনই তন্দ্রাচ্ছন্ন হয়, একএকটা ছবি ভেসে উঠছিল চোখের সামনে…তন্দ্রা টুটে যাচ্ছিল। ভল্লা পাশ ফিরে শুল। আবারও তন্দ্রা এল, চোখের সামনে ভেসে উঠল অন্য এক ছবি…। আধো জাগরণ, আধো তন্দ্রায়, এভাবেই এক প্রহর কাল কাটিয়ে সে উঠে বসল। তার পাশের বিছানায় ঘুমোচ্ছে জনাই। জনাইকে ডেকে তুলে জিজ্ঞাসা করল “নোনাপুর গ্রামটা কোনদিকে রে?”

জনাইয়ের দেওয়া খাবারের পুঁটলি নিয়ে বিদায়ের সময় ভল্লা জিজ্ঞাসা করেছিল, “হ্যারে, রণপা জোড়া দে না, এতটা পথ পায়ে হেঁটে যাওয়ার থেকে – অনেক তাড়াতাড়ি…”।

জনাই কঠিন মুখে বলল, “তোকে তো বারবার বললাম, একটা দিন থেকে যা। শুনলি না। তুই জানিস না? ওপরের নির্দেশ, বাকি পথটা তোকে পায়ে হেঁটেই যেতে হবে! তোর আসল পরিচয় গোপন রাখতে সেটা জরুরি”!     

 

ভল্লা চকিতে উঠে বসল, তার সামনে সরোবরের জলে আকাশের ছায়া, ঈষৎ সবজে। আকাশে সকালের আলো, পূর্ব দিগন্তটা লাল হয়ে উঠেছে। সূর্যোদয় হতে দেরি নেই। জলের কাছে নেমে মুখচোখে জল দিল, মাথাটাও ভিজিয়ে নিল। স্নিগ্ধ শীতল জলের স্পর্শে কিছুটা আরাম পেল। গামছায় মুখ হাত মুছে, সেটা মাথায় বাঁধল শক্ত করে, মাথার দপদপানি কিছুটা কমল। তারপর পাড়ে উঠে হাঁটতে শুরু করল। জনাই বলেছিল, খুব বেশি না, আধক্রোশ মত হবে…শালা, জানোয়ারের বাচ্চা জনাই, সরু সরু দুটো মাত্র পায়ে ভর দিয়ে এই ভারি শরীর আর মাথাটাকে আধক্রোশ টেনে নিয়ে যাওয়াটা, তোর কাছে ছেলেখেলা না? কোন ধারণা আছে তোর, সুস্থ সবল একটা শরীর কখন নিজের কাছেই অবাঞ্ছিত মনে হয়? নামতে নামতে সে একবার পড়ে গেল, ঢালু রাস্তায় গড়িয়ে নেমে এল বেশ কিছুটা।

ভল্লা কোনরকমে উঠে দাঁড়াল, আবার হাঁটতে লাগল। একটা পা মাটি থেকে তুলে সেটাকে সামনে এগিয়ে রাখতে এত যে কষ্ট হয়, ভল্লা এর আগে কোনদিন টের পায়নি। তার সারা শরীর কাঁপছে। তার পিছনের পা কাঁপছে থরথর করে। তবু ভল্লা এগিয়ে চলল। গুয়োর ব্যাটারা, এতদিন খাওয়ালাম, পরালাম, এখন এই আধক্রোশ পথ পার হতে হেদিয়ে মরছিস? তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সামনে পড়ে থাকা মেটে রঙের মাদুরের মতো বিছানো পথ। তার দুপাশে একঘেয়ে সবুজ পর্দার মতো ঝোপঝাড়। কোন কিছুই তার চোখে স্পষ্ট ধরা পড়ছে না। পাখিদের প্রভাতী ব্যস্ততা, তাদের অজস্র ওড়াউড়ি, সে কিছুই দেখছে না। এমনকি অজস্র পাখিদের ব্যস্ত-কাকলিও তার কানে আসছে না। তার কানে আসছে শুধু তার নিজেরই বুকের শব্দ। ধক ধক – ধক ধক। তার সমস্ত চেতনা জুড়ে এখন ওই একটাই আওয়াজ।

কতক্ষণ ভল্লা জানে না। তার মনে হল, হয়তো মাসাধিক কাল, কিংবা কয়েক বছর ধরে চলছে তার ই পথ চলা। একসময় তার নজরে এল পথের ডানদিকের সবুজ পর্দাটা আর নেই… ছোট্ট পাতায় ছাওয়া বাড়ি, তার সামনে কাঠের খুঁটির বেড়া দেওয়া প্রশস্ত অঙ্গন। ঘটিতে জল নিয়ে এক রমণী দাঁড়িয়ে আছে পথের ধারে, অবাক চোখ মেলে তাকেই দেখছে। ভল্লার দুই পা এবার জলস্রোতে নদীর পাড়ভাঙার মতো ধ্বসে পড়ল। মাটিতে মুখ থুবড়ে পড়তে পড়তে ভল্লা অস্ফুট স্বরে ডাকল, “মা…”। তার চেতনা থেকে সকালের স্নিগ্ধ আলোটুকু নিভে গেল। সে ডুব দিল নিশ্চিন্ত অন্ধকারে।

 

 

শুকনো পাতা দিয়ে বানানো গদিতে ভল্লা শুয়ে আছে। আজ পাঁচদিন হল সে একইভাবে শুয়ে আছে, নিশ্চেতন।   তার মাথার কাছে বসে আছেন জুজাকের বউ। জুজাক দাঁড়িয়ে আছে্ন পায়ের দিকে। আর নীচু হয়ে বৃদ্ধ কবিরাজ হাতের নাড়ি পরখ করছেন ভল্লার। কিছুক্ষণ পর কবিরাজ ভল্লার হাতটা নামিয়ে দিলেন বিছানায়। সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, “জুজাক, আমার মন বলছে, ছোকরা এ যাত্রায় বেঁচে গেল। হতভাগার বাপ-মায়ের কপাল ভালো বলতে হবে।”

জুজাকের বউ, জোড়হাত কপালে ঠেকিয়ে বললেন, “ওফ্‌ যে অবস্থায় এসে পৌঁছেছিল। ভগবান মুখ তুলে চেয়েছেন”।

জুজাক বিরক্ত হয়ে বললেন, “ছোকরা যদি বাঁচে - সে কবিরাজদাদার ওষুধে আর তোমার সেবায়। এর মধ্যে ভগবান এল কোত্থেকে? যত্তো সব। আমি কিন্তু অন্য কথা ভাবছি, কবিরাজদাদা। ছোকরা চোর না ডাকাত? নাকি পালিয়ে বেড়ানো অপরাধী? কিছুই জানি না আমরা। ছোকরা একটু সুস্থ হলেই ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দেব গ্রাম থেকে”।

কবিরাজ বললেন, “দেখ জুজাক, আমাদের কর্তব্য অসুস্থকে সারিয়ে তোলা। সে ডাকাত হোক কিংবা সাধু মহারাজ, তাতে কিছু যায় আসে না। আমার ধারণা আর এক-দুদিনের মধ্যে ও উঠে-হেঁটে বেড়াতে পারবে। তারপরে তুমিও গ্রাম-প্রধানের কর্তব্য শুরু করতে পারো। আমার কোন বক্তব্য থাকবে না”।

জুজাকের বউ উদ্বিগ্ন স্বরে বললেন, “কিন্তু কবিরাজদাদা, ওর তো এখনও জ্ঞানই ফিরল না। একবারের জন্যেও চোখ মেলে তাকাতে পারল না। আপনি বলছেন, দু-একদিনের মধ্যে…”।

কবিরাজ বললেন, “শাস্ত্রে বলে, আমাদের জীবনকে চালনা করে প্রাণশক্তি। ওর ভেতরে সেই প্রাণশক্তির সাড়া আমি পেয়েছি, মা কমলি। চিন্তা করো না আজ বিকেলে অথবা কাল সকালে ওর জ্ঞান ফিরবে, চোখ মেলে তাকাবে। ওর জ্ঞান ফিরলেই আমাকে সংবাদ দিও মা, আমি আসব। এখন আসি”।

জুজাক কবিরাজমশাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে অঙ্গন পার হয়ে পথ পর্যন্ত সঙ্গ দিলেন, তারপর বিদায় জানিয়ে, ঘরে ফিরে এসে বললেন, “যত্তো উটকো ঝামেলা, ঘাড়ে এসে আচ্ছা জুটল। কোথাকার কে, ঠিক, ঠিকানা নেই…”।

কমলি বললেন, “ভোরবেলা সদরে জলছড়া দিতে গিয়ে দেখলাম, বেচারা আমাদের দুয়োরের সামনেই পা দুমড়ে, মুখ থুবড়ে একবার যে পড়ল আর উঠল না। একজন মানুষের এমন অসহায় অবস্থায় ওকে রাস্তাতেই ফেলে আসব?”

জুজাক একটু বিরক্ত স্বরে বললেন, “ঠিক আছে, ঠিক আছে, সে কী আর আমি জানি না? আশেপাশের লোককে ডেকে এনে, ব্যাটাকে ঘরে এনে তুললাম তো। তুমিও তো দিন নেই, রাত নেই। নাওয়া নেই খাওয়া নেই সেবা করে চলেছ। বলি, আর কদ্দিন? কবিরাজদাদা বললেন, আজই ওর জ্ঞান ফিরবে, আমি কাল পরশু গ্রামের দশজনকে নিয়ে সভা ডাকব…তার পর দূর দূর করে তাড়িয়ে দেব। হতভাগা যেখানে খুশি চলে যাক, আমাদের কোন মাথাব্যথা থাকবে না”।

কমলি মুখ ঝামটা দিয়ে বললেন, “অসুস্থ একটা মানুষকে নিয়ে তোমার খালি এক কথা – ঘাড় ধাক্কা দেব, দূর দূর করে তাড়িয়ে দেব…”

জুজাক কিছু বললেন না, “ঘোঁত” করে নাক দিয়ে শব্দ করলেন।

 

কবিরাজমশাইয়ের কথাই ঠিক হল, সেদিন বিকেলেই ভল্লার জ্ঞান ফিরল, চোখ মেলে তাকাল। সে কতদিন অচৈতন্য অবস্থায় পড়ে আছে, সে জানে না। কিন্তু অবরে সবরে অর্ধচৈতন্য অবস্থাতেও যখনই সে ঘোলাটে চোখ মেলেছে- দেখেছে মায়াবী এক রমণীর মুখ। তার মুখের দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়ে রয়েছেন…। আজ জ্ঞান ফেরার পর চোখ মেলে তাকিয়ে সেই রমণীর মুখই সে দেখতে পেল। গভীর কৃতজ্ঞতায় সে অস্ফুট স্বরে উচ্চারণ করতে পারল শুধু একটিই শব্দ, “মা…। কমলির মুখে হাসি, দু চোখে অশ্রুর প্লাবন। দু হাতে ভল্লর মুখটি ধরে বললেন, “কি বলছিস, বাবা?” তারপর চেঁচিয়ে স্বামীকে ডাকলেন, বললেন, “শুনছো, ছেলেটা কথা কয়েছে, আমাকে মা ডেকেছে…” ।

জুজাক উঠোনে খাটিয়ায় বসে চারজন প্রবীণ প্রতিবেশীর সঙ্গে গল্পগাছা করছিলেন। বউয়ের ডাক শুনে দৌড়ে ঘরে ঢুকে দেখলেন কমলির মুখের হাসি, আর চোখে জল। রাগত স্বরে বললেন, “হুঁঃ তবে আর কি? উলু দাও, শাঁখ বাজাও… আমি ততক্ষণ কবিরাজদাদাকে সংবাদ পাঠাই”।

সন্ধের একটু পরে কবিরাজমশাই এসে ভল্লাকে দেখে সন্তুষ্ট হলেন, তাঁর মুখে মৃদু হাসি। তিনি পুরোন ওষুধ পালটে কিছু নতুন বটিকা দিলেন। বললেন, “বৌমা, এবার কিন্তু আর শুধু সেবা নয়, উপযুক্ত পথ্যিও দরকার মনে রেখো”। কমলিকে তিনি নতুন বটিকা আর পথ্যের নির্দেশ বুঝিয়ে জুজাককে বললেন, “চলো জুজাক, আমরা বাইরে বসি”।

কবিরাজ মশাই বাড়ির বাইরে আসতেই প্রতিবেশীদের সবাই উঠে দাঁড়াল, জিজ্ঞাসা করল, “কেমন দেখলেন, কবিরাজমশাই?”

কবিরাজমশাই আসনে বসতে বসতে বললেন, “তোমরা সবাই অমন উঠে পড়লে কেন হে? বসো, বসো। ছোকরার বিপদ কেটে গেছে, আর কোন ভয় নেই। আমার ধারণা, কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে”।

সকলেই বসতে বসতে বলল, “যাক বাবা, যে অবস্থায় এসেছিল, অচেনা আগন্তুক – তবু মানুষতো...”।

জুজাক ঝেঁঝে উঠে বললেন, “আমার ঘাড় থেকে হতভাগা নামলে বাঁচি। ওঠা-হাঁটা শুরু করলেই স্পষ্ট বলে দেব, পথ দেখ বাছা...”।

কবিরাজমশাই হাসলেন, বললেন, “মাতৃবৎ সেবা করে বৌমা যেভাবে ওকে বাঁচিয়ে তুলল, তাতে ব্যাপারটা অত সহজ হবে না, জুজাক”।

জুজাক বললেন, “ছেলেটার সম্বন্ধে আমরা কোন কিছুই জানি না। কোথায় কোন অপাট কাজ করে এখানে গা ঢাকা দিয়ে থেকে গেল – তারপরে রাজাধিকারিকদের কানে গেলে, আমাকে ভিটেমাটি ছাড়া করবে যে, কবিরাজদাদা?”

কবিরাজমশাই বললেন, “তা বটে। কিন্তু আমরা ধরেই বা নিচ্ছি কেন, ছেলেটা কোথাও কুকীর্তি করে এখানে জুটেছে। ওর পরিচয় কি? কোথা থেকে এল? কী করে এমন অবস্থা হল? সেসব কথা বলার একটা সুযোগ কী আমাদের দেওয়া কর্তব্য নয়? কী বলো হে, তোমরা?”

উপস্থিত প্রতিবেশীরা বললেন, “ঠিকই বলেছেন কবিরাজমশাই, তবে জুজাকভাইয়ের ওপরে চাপটা তো বেড়েই যাচ্ছে”।

জুজাক বললেন, “সে কথাটা তোমরা একবার ভাল করে বোঝাও দেখি, আমার বউকে আর কবিরাজদাদাকে...। আমরা তো আর উত্তর কিংবা পূবের লোকদের মতো সম্পন্ন নই, যে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করে প্রচুর পুণ্য কামাব। নিজেরাই ঠিক মতো খেতে পাই না...তার মধ্যে এই উটকো আপদ...”।

কবিরাজমশাই চিন্তিত মুখে বললেন, “তোমার উদ্বেগের কারণ আমি বুঝছি, জুজাক। তবে আমি ছেলেটির স্বাস্থ্য, হাত-পায়ের লক্ষণ দেখে যেটুকু বুঝেছি – বসে বসে অন্ন ধ্বংস করার ছেলে এ নয়। যথেষ্ট দক্ষ এবং খাটিয়ে ছেলে। যে অবস্থায় ওকে প্রথম দেখেছি, সাধারণ, মানে আমাদের ঘরের ছেলেপুলে হলে, অনেক আগেই তার ভবলীলা সাঙ্গ হত”।

জুজাক সন্দেহের সুরে জিজ্ঞাসা করলেন, “ওকে তোমার অসাধারণ বলে মনে হচ্ছে, কবিরাজদাদা?”

কবিরাজমশাই মৃদু হাসলেন, বললেন, “অসাধারণ তো বটেই এবং যথেষ্ট শক্তিমান যুবক। ওর বুকে পেটে, হাতে পায়ে, বেশ কিছু পুরোনো ক্ষতের দাগ রয়েছে। কিন্তু পিঠে তেমন কিছু নেই। এ সবই একজন বীর যোদ্ধার লক্ষণ জুজাক”।

কবিরাজমশাইয়ের কথায় কেউই কোন কথা বলল না। কিছুক্ষণ পরে কবিরাজমশাই আবার বললেন, “যদি বিশেষ কোন উদ্দেশে এখানে না এসে থাকে, একটু সুস্থ হলে ও নিজেই চলে যাবে। তবে ছেলেটি এসেছে অনেক দূর থেকে – সেক্ষেত্রে হয়তো এখানে আসাটাই ছিল ওর উদ্দেশ্য”।

জুজাক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, “তোমার তাই মনে হচ্ছে? কিন্তু রাজ্যের এই প্রান্তসীমায় একা একজন বীর যোদ্ধা আসার কী উদ্দেশ্য থাকতে পারে, কবিরাজদাদা?”

কবিরাজমশাই হাসলেন, বললেন, “তা তো বলতে পারব না। আমি কবিরাজ, গণৎকার নই। কয়েকটাদিন ধৈর্য ধরে দেখা যাক না, ছেলেটি কী বলে। তারপর না হয়, আমরা আমাদের সিদ্ধান্ত স্থির করব। আজ উঠিআমি পরশু আবার এসে একবার দেখে যাব”।

পরের পর্ব পাশের সূত্রে - " বিপ্লবের আগুন - পর্ব ৪ "


বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

গীতা - ৯ম পর্ব

এই সূত্রে - "  ঈশোপনিষদ 

এই সূত্র থেকে শুরু - " কঠোপনিষদ - ১/১ "

এই সূত্র থেকে শুরু - " কেনোপনিষদ - খণ্ড ১ ও ২ " 

এই সূত্র থেকে শুরু - " শ্রীশ্রী চণ্ডী - পর্ব ১ " 

এই সূত্র থেকে শুরু - " গীতা - ১ম পর্ব "  



এর আগের অষ্টম অধ্যায়ঃ অক্ষরব্রহ্মযোগ পড়া যাবে পাশের সূত্রে "গীতা - ৮ম পর্ব"


নবম অধ্যায়ঃ রাজযোগ  



শ্রীভগবানুবাচ

ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসূয়বে।

জ্ঞানং বিজ্ঞানসহিতং যজ্‌জ্ঞাত্বা মোক্ষ্যসেঽশুভাৎ।।

শ্রীভগবান উবাচ

ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনসূয়বে।

জ্ঞানং বিজ্ঞানসহিতং যৎ জ্ঞাত্বা মোক্ষ্যসে অশুভাৎ।।

শ্রীভগবান বললেন- যেহেতু তোমার মনে দোষদৃষ্টি নেই, তাই অতি গোপন উপলব্ধির এই পরমজ্ঞানের কথা তোমার কাছে ব্যাখা করব, যা জানলে সকল অশুভ থেকে তোমার মুক্তি লাভ হবে।

 

রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমম্‌।

প্রত্যক্ষাবগমং ধর্ম্যং সুসুখং কর্তুমব্যয়ম্‌।।

রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রম্‌ ইদম্‌ উত্তমম্‌।

প্রত্যক্ষ-অবগমং ধর্ম্যং সুসুখং কর্তুম্‌ অব্যয়ম্‌।।

এই রাজবিদ্যা সবচেয়ে গোপন পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ এই বিদ্যা প্রত্যক্ষ ফলদায়ক, ধর্মের একান্ত অনুসারী এই বিদ্যা সহজসাধ্য এবং অক্ষয়ফল দান করে।

      

অশ্রদ্দধানাঃ পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ।

অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যুসংসারবর্ত্মনি।।

অশ্রদ্দধানাঃ পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ।

অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যুসংসারবর্ত্মনি।।

হে শত্রুহারী অর্জুন, যে ব্যক্তিরা এই ধর্মকে শ্রদ্ধা করে না, তারা আমাকে পায় না। তারা মৃত্যুময় এই সংসারের চক্রে বার বার ঘুরতেই থাকে।

    

ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা।

মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্ববস্থিতঃ।।

ময়া ততম্‌ ইদং সর্বং জগৎ অব্যক্তমূর্তিনা।

মৎস্থানি সর্বভূতানি ন চ অহং তেষু অবস্থিতঃ।।

আমার অব্যক্তমূর্তি সমস্ত ইন্দ্রিয়ের অগোচর এবং সেই ভাবেই আমি সমস্ত জগতে ব্যাপ্ত। ব্রহ্ম থেকে স্থাবর পর্যন্ত সমস্ত ভূতগণ আমার মধ্যেই অবস্থান করে, কিন্তু আমি কোথাও থাকি না।

  

ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম্‌।

ভূতভৃন্ন চ ভূতস্থো মমাত্মা ভূতভাবনঃ।।

ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগম্‌ ঐশ্বরম্‌।

ভূত-ভৃৎ চ ভূতস্থঃ মম আত্মা ভূতভাবনঃ।।

আবার এই ভূতগণ আমার মধ্যে অবস্থান করেও না। আমার ঐশ্বরিক মাহাত্ম্য তুমি লক্ষ করো, আমার আত্মা থেকেই এই সকল ভূতের সৃষ্টি, আমার আত্মাই এই ভূতের ধারক, কিন্তু আমার আত্মা এই ভূতগণের মধ্যে অবস্থান করেন না। 

 

যথাকাশস্থিতো নিত্যং বায়ুঃ সর্বত্রগো মহান্‌।

তথা সর্বাণি ভূতানি মৎস্থানীত্যুপধারয়।।

যথা আকাশস্থিতঃ নিত্যং বায়ুঃ সর্বত্রগঃ মহান্‌।

তথা সর্বাণি ভূতানি মৎস্থানি ইতি উপধারয়।।

সর্বত্রবিচরণশীল বাতাস সর্বদা আকাশে অবস্থান করলেও, আকাশের সঙ্গে যেমন তার কোন যোগ নেই,  তেমনই জেনে রাখো, সমস্ত ভূতগণ আমাতেই অবস্থান করে।

 

সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং যান্তি মামিকাম্‌।

কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম্‌।।

সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং যান্তি মামিকাম্‌।

কল্পক্ষয়ে পুনঃ তনি কল্প-আদৌ বিসৃজামি অহম্‌।।

হে কুন্তীপুত্র অর্জুন, প্রত্যেক কল্পের শেষে সকল ভূত, সত্ত্ব, রজঃ ও তমঃ আমার এই তিনগুণের মায়ায় আমার মধ্যেই বিলীন হয়, আবার নতুন কল্পের শুরুতে আমিই সেই ভূত সকলকে সৃষ্টি করি।

    

প্রকৃতিং স্বামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ।

ভূতগ্রামমিমং কৃৎস্নমবশং প্রকৃতের্বশাৎ।।

প্রকৃতিং স্বাম্‌ অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ।

ভূতগ্রামম্‌ ইমং কৃৎস্নম্‌ অবশং প্রকৃতেঃ বশাৎ।।

নিজের অবিদ্যারূপ তিনগুণের নিয়ন্ত্রণে আমি জন্ম-মৃত্যুর বশীভূত এই সমস্ত ভূতকে বার বার সৃষ্টি করে থাকি

 

ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধণঞ্জয়।

উদাসীনবদাসীনমসক্তং তেষু কর্মসু।।

ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধণঞ্জয়।

উদাসীনবৎ আসীনম্‌ অসক্তং তেষু কর্মসু।।

হে ধনঞ্জয়, এই সমস্ত কর্মে আমি অনাসক্ত ও নির্বিকারভাবে অবস্থান করতে পারি, এবং তাই এই সমস্ত কর্মে আমি বাঁধা পড়ি না। 

 

১০

ময়াধ্যক্ষেণ প্রকৃতিঃ সূয়তে সচরাচরম্‌।

হেতুনানেন কৌন্তেয় জগদ্বিপরিবর্ততে।।

ময়া অধ্যক্ষেণ প্রকৃতিঃ সূয়তে স-চর-অচরম্‌।

হেতুনা অনেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে।।

হে কুন্তীপুত্র, আমার পরিচালনায়, আমার ত্রিগুণের মায়ায় এই সমগ্র বিশ্বচরাচর সৃষ্টি হয়, আর সেই কারণেই এই জগৎ বিচিত্র রূপে বেড়ে ওঠে। 

 

১১

অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম্‌।

পরং ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম্‌।।

অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তনুম্‌ আশ্রিতম্‌।

পরং ভাবম্‌ অজানন্তঃ মম ভূত-মহা-ঈশ্বরম্‌।।

সর্ব ভূতের মহান ঈশ্বর স্বরূপে আমার এই পরমাত্ম তত্ত্ব উপলব্ধি করতে না পেরে, মূর্খেরা মানুষের দেহধারী এই আমাকে, অবজ্ঞা করে থাকে। 

 

১২

মোঘাশা মোঘকর্মাণো মোঘজ্ঞানা বিচেতসঃ।

রাক্ষসীমাসুরীঞ্চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতাঃ।।

মোঘ-আশাঃ মোঘ-কর্মাণঃ মোঘ-জ্ঞানাঃ বিচেতসঃ।

রাক্ষসীম্‌ আসুরীং চ এব প্রকৃতিং মোহিনীং শ্রিতাঃ।।

আর সেই কারণে, তাদের আশা ব্যর্থ হয়, কর্ম নিষ্ফল হয়, জ্ঞান বিফল হয়। এই বিবেকবোধহীন ব্যক্তিরা রাক্ষসী এবং আসুরী স্বভাব পেয়ে থাকে।

[রাক্ষসীরা তমোগুণ থেকে তামসী এবং আসুরীরা রজঃগুণ থেকে রাজসী স্বভাব পেয়ে থাকে।] 

 

১৩

মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ।

ভজন্ত্যনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম্‌।।

মহাত্মানঃ তু মাং পার্থ দৈবীং প্রকৃতিম্‌ আশ্রিতাঃ।

ভজন্তি অনন্য-মনসঃ জ্ঞাত্বা ভূতাদিম্‌ অব্যয়ম্‌।।

হে পার্থ, কিন্তু মহাত্মা ব্যক্তিরা দেবদুর্লভ সাত্ত্বিক হওয়ার কারণে আমাকে সর্বভূতের কারণ এবং আমার অক্ষর স্বরূপ উপলব্ধি ক’রে, একনিষ্ঠায় আমারই ভজনা করেন।

 

১৪

সততং কীর্তয়ন্তঃ মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ।

নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে।।

সততং কীর্তয়ন্তঃ মাং যতন্তঃ চ দৃঢ়ব্রতাঃ।

নমস্যন্তঃ চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে।।

তাঁরা সর্বদা আমার গুণের কথা কীর্তন করেন, কঠিন ব্রতে, কঠোর নিষ্ঠায় ও ভক্তিতে আমাকে নমস্কার করেন আর সর্বদা আমার চিন্তায় সমাহিত থেকে আমার উপাসনা করেন। 

 

 

১৫

জ্ঞানযজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মামুপাসতে।

একত্বেন পৃথক্‌ত্বেন বহুধা বিশ্বতোমুখম্‌।।

জ্ঞানযজ্ঞেন চ অপি অন্যে যজন্তঃ মাম্‌ উপাসতে।

একত্বেন পৃথক্‌ত্বেন বহুধা বিশ্বতঃ মুখম্‌।।

কেউ কেউ ভগবৎবিষয়ে জ্ঞানচর্চায় আমার উপাসনা করেন। কেউ বা বিভিন্ন স্বরূপে একই ব্রহ্মার প্রকাশ উপলব্ধি করেন, আবার কেউ কেউ আমাকে বিশ্বমূর্তি ভগবান ভেবেই উপাসনা করেন।

 

১৬

অহং ক্রতুরহং যজ্ঞঃ স্বধাঽহমহমৌষধম্‌।

মন্ত্রোঽহমহমেবাজ্যমহমগ্নিরহং হুতম্‌।।

অহং ক্রতুঃ অহং যজ্ঞঃ স্বধা অহম্‌ অহম্‌ ঔষধম্‌।

মন্ত্রঃ অহম্‌ অহম এব আজ্যম্‌ অহম্‌ অগ্নিঃ অহং হুতম্‌।।

আমিই যজ্ঞ, আমিই পঞ্চমহাযজ্ঞ, আমিই পিতৃপুরুষের শ্রাদ্ধমন্ত্র। আমিই ঔষধ, আমিই মন্ত্র, আমিই হোমের ঘৃত, আমিই হোমের আগুন এবং আমিই হোম

  

১৭

পিতাঽহমস্য জগতো মাতা ধাতা পিতামহঃ।

বেদ্যং পবিত্রমোঙ্কার ঋক্‌ সাম্‌ যজুরেব চ।।

পিতা অহম্‌ অস্য জগতঃ মাতা ধাতা পিতামহঃ।

বেদ্যং পবিত্রম্‌ ওঙ্কার ঋক্‌ সাম্‌ যজুরেব চ।।

আমিই এই জগতের পিতা, আমিই মাতা ও পালিকা, আমিই পিতৃপুরুষের পিতা, আমিই পবিত্র জ্ঞান, আমিই ওঁকার ধ্বনি, আমিই ঋক, সাম ও যজুঃ বেদ।

 

১৮

গতির্ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণং সুহৃৎ।

প্রভবঃ প্রলয়ঃ স্থানং নিধানং বীজমব্যয়ম্‌।।

গতিঃ ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণং সুহৃৎ।

প্রভবঃ প্রলয়ঃ স্থানং নিধানং বীজম্‌ অব্যয়ম্‌।।

আমিই জগতের গতি, আমিই পালক, সকলের প্রভু। আমি সমস্ত প্রাণীর আশ্রয়, আমিই সকলের শুভাশুভ, আমিই রক্ষক এবং বন্ধু। আমিই সৃষ্টি করি, আমিই ধ্বংস করি। আমিই ধারণ করি, আবার বিনাশও করি, আমিই জগতের অক্ষয় কারণ।

 

১৯

তপাম্যহমহং বর্ষং নিগৃহ্নাম্যুৎসৃজামি চ।

অমৃতঞ্চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন।।

তপামি অহং অহং বর্ষং নিগৃহ্নামি উৎসৃজামি চ।

অমৃতং চ এব মৃত্যুঃ চ সৎ-অসৎ চ অহম্‌ অর্জুন।।

হে অর্জুন, আমিই উত্তাপ বিকিরণে বর্ষাকে আকর্ষণ করি এবং বৃষ্টি সৃজন করি। আমিই অমৃতরূপ জীবন, আমিই মৃত্যুর কারণ। স্থূলরূপে আমি প্রত্যক্ষ আবার সূক্ষ্মরূপে আমি পরোক্ষ।

   

২০

ত্রৈবিদ্যা মাং সোমপাঃ পূতপাপা

যজ্ঞৈরিষ্ট্বা স্বর্গতিং প্রার্থয়ন্তে।

তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকমশ্নন্তি

দিব্যান্‌ দিবি দেবভোগান্‌।।

ত্রৈবিদ্যা মাং সোমপাঃ পূতপাপা

যজ্ঞৈঃ ইষ্ট্বা স্বর্গতিং প্রার্থয়ন্তে।

তে পুণ্যম্‌ আসাদ্য সুরেন্দ্রলোকম্‌ অশ্নন্তি

দিব্যান্‌ দিবি দেবভোগান্‌।।

তিনবেদে জ্ঞানী পণ্ডিতগণ যজ্ঞে আমারই পুজো করেন এবং যজ্ঞের শেষে সোমরস পান ক’রে পাপমুক্তির পর, স্বর্গে যাবার প্রার্থনা করেন। তাঁরা তাঁদের পুণ্যফলে দেবলোক লাভ করেন এবং স্বর্গীয় দেবভোগ উপভোগ করেন।

 

২১

তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং

ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি।

এবং ত্রয়ীধর্মমনুপ্রপন্না

গতাগতং কামকামা লভন্তে।।

তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং

ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি।

এবং ত্রয়ীধর্মম্‌ অনুপ্রপন্না

গত-আগতং কাম-কামাঃ লভন্তে।।

সেই বিপুল স্বর্গলোক উপভোগ করতে করতে তাঁদের পুণ্য ক্ষয় হয়ে গেলে, তাঁরা মানুষের মর্ত্যলোকেই ফিরে আসেন। তিনবেদে বর্ণিত ধর্ম অনুসরণ করে যাঁরা যজ্ঞ অনুষ্ঠান করেন, সেই স্বর্গলোভী ব্যক্তিরা এইভাবেই বারবার সংসারে যাওয়া আসা করেন।

    

২২

অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।

তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্‌।

অনন্যাঃ চিন্তয়ন্তো মাং যে জনাঃ পরি-উপাসতে।

তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহামি অহম্‌।

অন্য চিন্তা ত্যাগ করে যে ব্যক্তি সর্বদা আমাকেই চিন্তা করেন, সেই নিত্য ধ্যানপরায়ণ ব্যক্তির যোগ ও ক্ষেম আমিই বহন করি।

[না পাওয়া বস্তু পাওয়ার নাম যোগ আর পাওয়ার পর তার সংরক্ষণের নাম ক্ষেম।]

 

২৩

যেঽপ্যন্যদেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়াঽন্বিতাঃ।

তেঽপি মামেব কৌন্তেয় যজন্ত্যবিধিপূর্বকম্‌।।

যে অপি অন্যদেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়াঃ অন্বিতাঃ।

তে অপি মাম্‌ এব কৌন্তেয় যজন্তি অবিধিপূর্বকম্‌।।

হে কুন্তীপুত্র, যে ভক্ত অত্যন্ত শ্রদ্ধায়, একাত্ম হয়ে অন্যান্য দেবতারও পুজো করেন, সেই ভক্তেরা না জেনে আসলে আমাকেই পুজো করে থাকেন।

  

২৪

অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ।

ন তু মামভিজানন্তি তত্ত্বেনাতশ্চ্যবন্তি তে।।

অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুঃ এব চ।

ন তু মাম্‌ অভিজানন্তি তত্ত্বেন অতঃ চ্যবন্তি তে।।

আমিই সকল যজ্ঞের ভোক্তা এবং যজ্ঞের ফল নির্ধারণের কর্তা। অথচ, ভক্তরা আমার স্বরূপ জানেন না বলেই তাঁরা বার বার সংসারে ফিরে আসেন।

 

২৫

যান্তি দেবব্রতা দেবান্‌ পিতৄ্ন্‌ যান্তি পিতৃব্রতাঃ।

ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদ্‌যাজিনোঽপি মাম্‌।।

যান্তি দেবব্রতা দেবান্‌ পিতৄ্ন্‌ যান্তি পিতৃব্রতাঃ।

ভূতানি যান্তি ভূত-ইজ্যাঃ যান্তি, মৎ-যাজিনঃ অপি মাম্‌।।

যাঁরা দেবতার পুজো করেন তাঁরা দেবতাকেই পান, যাঁরা পিতৃপুরুষের ভক্ত, তাঁরা পিতৃলোকে যান, যাঁরা ভূতগণের উপাসক তাঁরা ভূতলোক লাভ করেন। আর যাঁরা আমাকে পুজো করেন, তাঁরা আমাকেই লাভ করেন।

 

২৬

পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি।

তদহং ভক্ত্যু্পহৃতমশ্নামি প্রযতাত্মনঃ।।

পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি।

তৎ অহং ভক্তি উপহৃতম্‌ অশ্নামি প্রযত-আত্মনঃ।।

যিনি পরমভক্তির সঙ্গে আমাকে পত্র, ফুল, ফল ও জল উৎসর্গ করেন, শুদ্ধচিত্ত সেই ভক্তের ভক্তিনিষ্ঠ উপহারে আমি সন্তুষ্ট হই।  

 

২৭

যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোসি দদাসি যৎ।

যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম্‌।।

যৎ করোষি যৎ অশ্নাসি যৎ জুহোসি দদাসি যৎ।

যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মৎ-অর্পণম্‌।।

হে কুন্তীপুত্র, যা কর্ম করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সব আমাতেই সমর্পণ করে দাও।

  

২৮

শুভাশুভফলৈরেবং মোক্ষ্যসে কর্মবন্ধনৈঃ।

সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈষ্যসি।।

শুভ-অশুভফলৈঃ এবং মোক্ষ্যসে কর্মবন্ধনৈঃ।

সন্ন্যাসযোগ-যুক্ত-আত্মা বিমুক্তঃ মাম্‌ উপ-এষ্যসি।।

এইভাবেই শুভ কিংবা অশুভ ফলের প্রত্যাশায় কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হতে পারবে এবং এই সন্ন্যাস যোগে তোমার আত্মা মুক্ত হয়ে আমাকে লাভ করবে।

 

২৯

সমোঽহং সর্বভূতেষু ন মে দ্বেষ্যোঽস্তি ন প্রিয়ঃ।

যে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম্‌।।

সমঃ অহং সর্বভূতেষু ন মে দ্বেষ্যঃ অস্তি ন প্রিয়ঃ।

যে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চ অপি অহম্‌।।

সকল ভূতেই আমার সমান ভাব, আমার কাছে কেউ অপ্রিয় নয়, কেউই প্রিয় নয়। কিন্ত যে ব্যক্তি একনিষ্ঠ ভক্তিতে আমার ভজনা করেন, তাঁরা আমার এবং আমি তাঁদের অন্তরে বাস করি।

 

৩০

অপি চেৎ সুদুরাচারো ভজতে মামনন্যভাক্‌।

সাধুরেব স মন্তব্যঃ সম্যগ্ব্যবসিতো হি সঃ।।

অপি চেৎ সুদুরাচারঃ ভজতে মাম্‌ অনন্যভাক্‌।

সাধুঃ এব স মন্তব্যঃ সম্যক্‌ ব্যবসিতঃ হি সঃ।।

অত্যন্ত দুর্জন ব্যক্তিও যদি একাগ্র মনে আমার উপাসনা করেন, তাঁকেও সজ্জন বলেই মনে করবে, কারণ তাঁর সংকল্প শুভ।

 

৩১

ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিং নিগচ্ছতি।

কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণশ্যতি।।

ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিং নিগচ্ছতি।

কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণশ্যতি।।

এই ধরনের ধর্মাত্মা খুব অল্প সময়েই পরম শান্তি লাভ করেন। হে কুন্তীপুত্র, এই কথাটা নিশ্চিত জেনো, আমার ভক্তরা কখনো বিনষ্ট হন না।

 

৩২,

৩৩

মাং হি পার্থ ব্যপাশ্রিত্য যেঽপি স্যুঃ পাপযোনয়ঃ।

স্ত্রিয়ো বৈশ্যাস্তথা শূদ্রাস্তেঽপি যান্তি পরাং গতিম্‌।।

কিং পুনর্ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা।

অনিত্যমসুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম্‌।।

মাং হি পার্থ ব্যপাশ্রিত্য যে অপি স্যুঃ পাপযোনয়ঃ।

স্ত্রিয়ঃ বৈশ্যঃ তথা শূদ্রাঃ তে অপি যান্তি পরাং গতিম্‌।। 


কিং পুনঃ ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়ঃ তথা।

অনিত্যম্‌ অসুখং লোকম্‌ ইমং প্রাপ্য ভজস্ব মাম্‌।। 

হে পার্থ, আমাতে পূর্ণ আশ্রয় করে স্ত্রী, বৈশ্য এবং শূদ্র তো বটেই, এমনকি অত্যন্ত নিকৃষ্টজন্মা জীবও পরমগতি লাভ করে থাকে। পুণ্যবান, ব্রাহ্মণ, ভক্ত এবং রাজর্ষি ক্ষত্রিয়দের কথা তো বলাই বাহুল্য। কাজেই মরণশীল ও দুঃখময় এই মর্ত্যলোকে যখন এসেই পড়েছ, তখন আমার উপাসনা করো।

    

৩৪

মন্মনা ভব মদ্ভক্তো মদ্‌যাজী মাং নমস্কুরু।

মামেবৈষ্যসি যুক্ত্বৈবমাত্মানং মৎপরায়ণঃ।

মৎ-মনা ভব মৎ-ভক্তঃ মৎ-যাজী মাং নমস্কুরু।

মাম্‌ এব এষ্যসি যুক্ত্বা এবম্‌ আত্মানং মৎপরায়ণঃ।

তোমার মন আমাতে অর্পণ ক’রে, তুমি আমার ভজন করো, পুজো করো, আমায় নমস্কার করো। এই ভাবে আমাতে একনিষ্ঠ হয়ে, আমাতে তোমার আত্মাকে সমাহিত করলে, আমাকেই লাভ করবে।  

  

রাজযোগ সমাপ্ত

পরের পর্ব পাশের সূত্রে " গীতা - ১০ম পর্ব "

নতুন পোস্টগুলি

ভাগবত পুরাণ - পর্ব ১/১০

 এই সূত্রে - "    ঈশোপনিষদ "  এই সূত্র থেকে শুরু - " কঠোপনিষদ - ১/১ " এই সূত্র থেকে শুরু - " কেনোপনিষদ - খণ্ড ১ ও...