এর আগের ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " সুরক্ষিতা - পর্ব ১ "
অন্যান্য সম্পূর্ণ উপন্যাস - " এক দুগুণে শূণ্য "
আরেকটি ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " এক যে ছিলেন রাজা - ১ম পর্ব "
"বিপ্লবের আগুন" ধারাবাহিক উপন্যসের শুরু - " বিপ্লবের আগুন - পর্ব ১ "
এই উপন্যাসের আগের পর্ব - " বিপ্লবের আগুন - পর্ব ৩১ "
৩৮
“হুঁ, বুঝলাম। তার মানে তুমি রাজধানীর
পথে রতিকান্তকে ভল্ল ছোঁড়ার যে কাণ্ডটা করেছিলে - সবটাই সাজানো
নাটক”?
“ঠিকই – পুরোটাই নাটক। আমাকে এখানে পাঠানো এবং এখানে এসে আমার
কাজের সুবিধার জন্যেই এরকম একটা ঘটনার পরিকল্পনা করেছিল প্রশাসন থেকে। তবে রতিকান্তের
প্রতি আমাদের অর্থাৎ রাজধানীর সমস্ত রক্ষীদের ঘৃণা এবং বিদ্বেষের বিষয়টার মধ্যে এতটুকু
নাটক নেই। রতিকান্তকে প্রাণে না মেরে – চরম একটা শিক্ষা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।
যে শিক্ষা সে সারাজীবন বয়ে বেড়াবে আর জ্বলে মরবে। এ কথা প্রশাসন যদিও জানে না। তবে
আমার মনে হয় তারা বোঝে এবং বুঝেও না বোঝার ভান করে থাকে”।
“সেটাই কি মারুলাদাদা সেদিন বলছিল?”
“হ্যাঁ, ওরকমই। এবং মারুলাই ওই কাজটার দায়িত্ব নিয়েছে। আমরা
সাহায্য করব”, হাসতে হাসতে ভল্লা বলল।
দুজনের কেউই কোন কথা বলল না অনেকক্ষণ। শেষ রাতের নিস্তব্ধ জনপ্রাণীহীন
রাজপথে দুজোড়া রণপা দ্রুত এগিয়ে চলল। পাথুরে রাস্তায় আওয়াজ উঠছিল খুট-খাট খুট-খাট।
কিছুক্ষণ পর রামালি বলল, “নোনাপুর ফিরেই আমাদের রণপাগুলো বালিয়াকে
দিয়ে দিতে হবে। পাথুরে রাস্তায় এভাবে বারবার চলতে গেলে, লোহার খুড়ো ছাড়া চলবে না”।
“হুঁ। ভল্লর ফলাগুলো হয়ে গেলেই – রণপাগুলো
দিয়ে দিস”। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর ভল্লা বলল, “সব কথাই তো শুনলি এবং বুঝলি।
তোর কী মনে হচ্ছে, রামালি?”
একটু সময় নিয়ে রামালি বলল, “দেখ ভল্লাদাদা, নিজের প্রাণটুকু
ছাড়া আমার জীবনে হারানোর কিচ্ছু ছিল না। তোমার সঙ্গে এই ক মাসে যা শিখেছি, নিজের ওপর
যে বিশ্বাস আমি অর্জন করেছি, সেটা আমি আর কোনভাবেই হারাতে চাই না। তোমাকে আমি যতটা
শ্রদ্ধা করি, কিন্তু কিছু কিছু ব্যাপারে তোমার ওপর ঠিক ততটাই ক্ষুব্ধ”।
ভল্লা অন্ধকারের মধ্যে রামালির গম্ভীর মুখের দিকে তাকাল, বলল,
“যেমন?”
একটু ইতস্ততঃ করে রামালি বলল, “এই যেমন ধরো, গ্রামপ্রধান এবং
কবিরাজমশাই দুজনকেই তুমি যে সত্যি সত্যিই শ্রদ্ধা করো, সে বিষয়ে আমার কোন সন্দেহ নেই।
কিন্তু এই দুজনেরই মৃত্যুর জন্যে তুমিই যে দায়ী – সে বিষয়েও আমি নিশ্চিত। এরকম করছ
কেন?”
“কিন্তু কবিরাজমশাই তো মারা যাননি। বন্দী হয়ে আছেন”।
“ভোলাচ্ছো ভল্লাদাদা? ওঁনার আয়ু আর কয়েকদিন মাত্র – হয়তো কাল
কিংবা পরশু অথবা তার পরের দিন…”।
ভল্লা দীর্ঘশ্বাস ফেলে বলল, “দেখ রামালি, আমরা যতই দক্ষ এবং
উচ্চপদস্থ রাজকর্মীই হই না কেন – আমরা আসলে তো ভৃত্য। অর্থাৎ কর্তার ইচ্ছেয় কর্ম। অতএব
প্রশাসনের নির্দেশে কোন কোন নীতিবিরুদ্ধ কাজ – কখনো কখনো বিবেক-বিরুদ্ধ কাজও - করতেই হয়। এমনকি যখন আমি নিজেই কোন প্রশাসনিক প্রধানের দায়িত্বে
থাকি – তখনও প্রশাসনের স্বার্থেই, মন থেকে সায় না থাকলেও, অনেক কঠোর এবং অনৈতিক কাজ
করতে হয়। তোদের নোনাপুর গ্রামের কথাই ধর। প্রশাসন এখানে কাজটা গুছিয়ে করার জন্যে আমাকে
পূর্ণ স্বাধীনতা দিয়েছে। শষ্পক আমার থেকে অনেকটা উচ্চপদে থাকলেও, রাজধানীর নির্দেশে,
আমার অধিকাংশ সিদ্ধান্ত মেনে নিয়ে – আমাকে সম্পূর্ণ সাহায্য তাকে করতেই হবে”।
একটু চুপ করে থেকে ভল্লা আবার বলল, “এখানেও কিন্তু অলিখিত কিছু
নিয়ম আছে – যেমন আমি স্বাধীনতা পেয়ে, এমন কিছু করতে পারি না, যাতে প্রশাসনের কোন ক্ষতি
হয়। অথবা প্রশাসন সরাসরি কোন বিপদে পড়ে। শষ্পকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কিন্তু
শষ্পকের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল। ধর আমি এমন কিছু সিদ্ধান্ত নিলাম, তাতে মারাত্মক
কোন গোলমাল হয়ে গেল। রাজধানী আমাকে শাস্তি তো দেবেই, শষ্পককেও ছেড়ে দেবে না। বলবে,
উচ্চপদে থেকেও ভল্লার এই সিদ্ধান্ত তুমি মেনে নিলে কী করে?
এবারে কবিরাজমশাই এবং প্রধানমশাইয়ের কথায় আসি। ওঁনারা বড়ো বেশি
বুঝে ফেলেছিলেন। বিশেষ করে, কবিরাজমশাই যা বুঝেছিলেন, সেটা এতটাই
সত্যি এবং যুক্তিনির্ভর যে, সেটাকে কোন মিথ্যা দিয়েই ঢেকে দেওয়া সম্ভব নয়”।
“হুঁ। সেকথার কিছুকিছু আমরাও শুনেছি”।
“রাজধানীর সিদ্ধান্ত অস্ত্রভাণ্ডার থেকে কৌশলে পুরোন অস্ত্র
বিক্রি করতে হবে। তার জন্যে এই রকম ভয়ানক পরিকল্পনা করে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার
দায়িত্ব, কোন একজন সেনাধ্যক্ষ বা মহাধিকারিকের পক্ষে নেওয়া সম্ভব? না – সম্ভব নয়। এমন
সিদ্ধান্ত ও পরিকল্পনা করতে পারেন, রাজ্যের সর্বোচ্চ কর্তারা – অর্থাৎ রাজা স্বয়ং এবং
মহামন্ত্রী। আমার ধারণা মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীরাও এ বিষয়ে এখনও কিছুই জানেন
না।
এইবার এত কাঠ-খড় পুড়িয়ে, এত নাটক করে, সবে যখন আমাদের কাজটা
সাফল্যের দিকে এগোচ্ছে, সে সময় কবিরাজমশাই এবং প্রধানমশাই আমাদের গোপন কৌশলটাই যদি
সবার সামনে ফাঁস করে দেন, কী হবে? আমরা ব্যর্থ হবো – কিন্তু সেটা তুচ্ছ ব্যাপার। গুরুতর
হচ্ছে - সব কথা জানাজানি হয়ে গেলে মন্ত্রীসভায় ঝড় বয়ে যাবে। রাজা ও মহামন্ত্রীকে বাধ্য
হয়ে – তাঁদের বিশ্বাসভাজন সেনাধ্যক্ষ এবং মহাধিকারিকদের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে এবং
যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত – সকলকে শাস্তি দিয়ে – পরিস্থিতি সামাল দিতে হবে। তাতে
রাজ্যের সমস্ত প্রশাসনিক কর্মী ও সেনাবাহিনীতে তুমুল বিক্ষোভ সৃষ্টি হবে। এক কথায়
রাজ্যের প্রশাসন ও সুরক্ষা ভয়ংকর সংকটের সম্মুখীন হবে – তাতে রাজার সিংহাসনও টলে যেতে
পারে…।
অতএব যতই অপ্রিয় বা অনৈতিক কাজ হোক না কেন, আমরা যে ভয়ে হানো
এবং শল্কুকে বিদায় দিলাম – তার থেকেও অনেক বড়ো বিপদ এড়াতে, প্রধানমশাইয়ের মতো কবিরাজমশাইকেও
এই ধরাধাম থেকে বিদায় নিতে হবে”।
ভল্লা চুপ করে যেতে রামালি দীর্ঘশ্বাস ফেলে বলল, “ভোরের আলো
ফুটছে যে ভল্লাদাদা, বীজপুরের চটি আর কতদূর?”
রামালির স্বাভাবিক স্বরে, ভল্লা নিশ্চিন্ত হয়ে বলল, “আরও প্রহর দেড়েক তো বটেই। তবে আমিও কী আর ঠিক করে জানি? এ পথে একবারই গিয়েছি – তাও আধমরা অবস্থায়। কোথাও বসে একটু জিরিয়ে নিই, চল। এতটা পথ হেঁটে তোর খিদে পায়নি? আমার তো পেয়েছে…”।
দিনের প্রথম প্রহরের মাঝামাঝি সময়ে, পিছনের দরজা দিয়ে, জনাইয়ের চটিতে ঢুকে পড়ল ভল্লারা। জনাইয়ের ঘরে গিয়ে দেখল, জনাই নেই। রণপাগুলো ঘরের বাইরে খাড়া করে রেখে, ঘরের ভেতরে ঢুকে ভল্লা বলল, “এখানেই আমাদের থলেগুলো রাখি, তারপর চ মুখ-হাত-পা ধুয়ে একেবারে স্নানটা সেরে নিই”।
“এখানে কে থাকে, ভল্লাদাদা”?
“বীজপুরের এই চটির অধ্যক্ষ – জনাই। যদিও এখন সে
জন ঘরে নাই”। ভল্লার কথায় রামালি হাসল।
স্নান করে ভল্লারা জনাইয়ের ঘরে এসে দেখল, ঘরের ভেতরে জনাই দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। ভল্লাকে দেখে চেঁচিয়ে উঠল জনাই, “শালা, ভল্লা! তুই হঠাৎ কোত্থেকে? ঘরে ঢুকে সেই থেকে আমি ভাবছি – বাইরে রণপা দুজোড়া, আমার ঘরে ঝোলাঝুলি – কে রেখে গেল, আর গেলই বা কোথায়?”
ভল্লা হাসতে হাসতে ঘরের মেঝেয় বসল আরাম করে, বলল,
“রামালি, বস। জনাই, এ হচ্ছে আমার সেনাপ্রধান, নাম রামালি। আর তোকে তো বলেছিলাম,
জনাই হচ্ছে এই চটির সর্বেসর্বা”।
জনাই রামালির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর
হাসল একটু, বলল, “এখন কী খাবি বল? এত সকাল সকাল এখানে পৌঁছে গেলি, রাত্রে কখন
বেরিয়েছিলি?”
ভল্লা বলল, “এখন কিচ্ছু খাবো না, সঙ্গে খাবার নিয়ে বেরিয়েছিলাম, পথে খেয়েছি। তবে দুপুরে কী খাওয়াবি বল? মাছের ঝোল
– ভাত খাওয়াতে পারবি?”
জনাই বলল, “মাছ? এই সময়ে হাটে মাছ একটু কম আসে।
তাও দেখছি – দাঁড়া হাটে লোক পাঠিয়ে আমি এখনই আসছি”। জনাই উঠতে যাচ্ছিল, ভল্লা তার
হাত ধরে বসাল, বলল, “আরে অত তাড়াহুড়ো করার কিছু নেই... মাছ না পেলেও কিছু যাবে
আসবে না। তার আগে যে জন্যে আসা সেটা আগে বলে নিই”। জনাই কিছু বলল না, ভল্লার মুখের
দিকে তাকিয়ে রইল।
“বীজপুরে কেউ একজন ইঁটের গাঁথনির ঘর বানায় –
চিনিস? তাকে লাগবে – দুটো করে দু জায়গায় মোট চারটে ঘর বানাতে হবে, টালির চাল। খুব
তাড়াতাড়ি দরকার”।
“চিনি বৈকি! নাম সুমের। আমার এই চটিতে সে অনেক
কাজ করেছে। ডেকে পাঠাচ্ছি, কথা বলে নে”।
“কথা বলবি, তুই আর রামালি – আমি সামনে থাকব না”।
“আচ্ছা। আর কিছু?”
“কালো কাপড়ের থান– জনা চল্লিশেক ছেলের ধুতি বানাতে হবে। পাওয়া যাবে”?
চলবে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন