রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

খুঁজে ফিরি - পর্ব ১

 প্রথম  ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব  - " সুরক্ষিতা - পর্ব ১ " 

দ্বিতীয়  ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " এক যে ছিলেন রাজা - ১ম পর্ব "

তৃতীয়  ধারাবাহিক উপন্যসের শুরু - " বিপ্লবের আগুন - পর্ব ১ "

চতুর্থ ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব  - " শুধু _তুই .কম - পর্ব ১ " 

পঞ্চম ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " স্বদেশী ডাকাত - পর্ব ১ "

সম্পূর্ণ  উপন্যাস - " এক দুগুণে শূণ্য ";  "অচিনপুরের বালাই" ; " সৌদামিনীর ঘরে ফেরা "



অন্যান্য রম্য রচনা - " লিটিং লিং - পর্ব ১ "


১

১৯৮৪ সালের একটা ডেট মনে করার চেষ্টা করে চলেছি বেশ কয়েকদিন। কিন্তু কিছুতেই মনে পড়ল না দেখে কড়া নাড়লাম, উইকির দরজায়। উইকি বাড়ি আছো? সাড়া পেলাম, এবং উইকি বলল, 

“১৯৮৪ সালে এই দেশে আমাদের মনে রাখার মতো বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল।

১২ই মার্চ – আজকের সুগায়িকা অত্যন্ত জনপ্রিয়া শ্রেয়া ঘোষালের জন্মদিন, আজ প্রায় বছর কুড়ি ধরে যিনি আপামর ভারতীয় সঙ্গীতরসিকের হৃদয়ে বিরাজ করছেন।

২রা এপ্রিল - স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মার মহাকাশ যাত্রা।

২৩শে মে – শ্রীমতি বাচেন্দ্রি পাল প্রথম ভারতীয় মহিলা অভিযাত্রী হিসেবে এভারেস্ট জয় করেছিলেন।

৪ঠা জুন – ভারতীয় সেনা অমৃতসরের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার শুরু করেছিল।

৭ই জুলাই – দূরদর্শনে অশোককুমার অভিনীত “হামলোগ” সিরিয়াল শুরু হয়েছিল। বেশ কয়েকবছর ধরে একটানা চলা এই সিরিয়ালটি সে সময় ভীষণ জনপ্রিয় হয়েছিল।

৮ই আগস্ট – মাত্র ১/১০০ সেকেণ্ড পিছিয়ে থাকার জন্যে পি টি ঊষাকে অলিম্পিকের মেডেল হারাতে হয়েছিল।

২৪শে আগস্ট – ভারতে প্রথম ৩ডি সিনেমা মুক্তি পেয়েছিল, মালায়লী ভাষায় ছোটদের জন্যে বানানো এই সিনেমার নাম - My Dear Kuttichathan।

২৪শে অক্টোবর – ভারত তো বটেই, সমগ্র দক্ষিণ এশিয়ার প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু হয়েছিল কলকাতায়, ভবানীপুর থেকে এসপ্ল্যানেড।

২৭শে অক্টোবর – ভারতের অন্যতম সেরা পেস বোলার ইরফান পাঠানের জন্মদিন। বড় হয়ে ওই তরুণ ইরফান বল করতে এলে বহু বিরোধীপক্ষীয় ব্যাটারের মুখ শুকিয়ে যেতে।   

৩১শে অক্টোবর – নিজেরই দুই নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই সংবাদ ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল শিখ নিধন যজ্ঞের বীভৎস তাণ্ডব।  

৩রা ডিসেম্বর – ভূপাল গ্যাস-লিক ট্র্যাজেডি – ইউনিয়ন কার্বাইডে মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক হওয়ার কারণে বহু মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষের অসুস্থ হয়ে পড়া ও পঙ্গু হয়ে যাওয়া।

 কিন্তু যে তারিখটি আমি খুঁজছিলাম সেটা পেলাম না। সঠিক তারিখের সন্ধান না পেলেও, এটা স্বীকার করতে কোন বাধা নেই – এই বছরটি আমাদের দেশের পক্ষে – সামাজিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে আমাদের ভবিষ্যতের সাংস্কৃতিক এবং ক্রীড়া জগতের পক্ষেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

খুব স্বাভাবিক ভাবেই আমার মতো ম্যাংগো-মানুষের কথা উইকির স্মরণ করার দায় থাকতে পারে না। কিন্তু আমার ব্যক্তিগত পরিসরে এই বছরটি এতটাই গুরুত্বপূর্ণ যে, আমার পরবর্তী জীবনে এর প্রভাব অপরিসীম।

প্রথমটি হল আমার কর্মজীবনে প্রথম রাখা। সম্ভবতঃ তারিখটি ছিল ১৯৮৪-র ২৩ বা ২৪শে ফেব্রুয়ারি। ওইদিন ইন্টারভিউ দেওয়ার ঘন্টা খানেকের মধ্যেই হাতে পেয়েছিলাম আমার নিয়োগপত্রটি। সেই অনুভূতি আজও আমার মনে অম্লান। এরপর আমার জয়েনিং ডেট ছিল পয়লা মার্চ, ১৯৮৪ – সেদিনটাও আমার কাছে ছিল এক আশ্চর্য স্বপ্নপূরণের দিন।

আর দ্বিতীয়টি হল আমার মাতৃবিয়োগ – ৪ঠা ডিসেম্বর সকালে নিত্যপূজা সেরে নিজের জন্যে এক কাপ চা বানাতে গিয়ে তিনি কেরোসিন স্টোভ বার্স্ট করে দগ্ধ হয়ে যান। তৎক্ষণাৎ তাঁকে পিজি হসপিট্যালে ভর্তি করানো হয়। প্রাথমিক পরীক্ষার পর ডাক্তারদের মতামত ছিল – মোর দ্যান ৮৫% বার্ন ইনজুরি, এক ঈশ্বর ছাড়া এ মানুষকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। দুদিন পর ৬ই ডিসেম্বর, তিনি বিকেলের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চোখের সামনে ঘটে যাওয়া এই মৃত্যুর অভিঘাত আজও আমি বহন করে চলেছি প্রতি নিয়ত। জীবনের অজস্র সাফল্য, আনন্দ কিংবা আনুকূল্যের দিনে তাঁর অনুপস্থিতি যেমন অনুভব করেছি। তেমনই জীবনের প্রতিটি ব্যর্থ, বেদনা এবং প্রবঞ্চনার দিনে, দীর্ঘশ্বাস ফেলে মনে করেছি, তুমি যদি থাকতে....”।

প্রতিটি দিন গুনতে গুনতে আজ এগিয়ে চলেছি মহামুক্তির দিকে। কিন্তু যাওয়ার আগে আজ এটুকু বুঝেছি - মন্দিরের দেববিগ্রহে ঈশ্বর থাকেন না, কোনদিনই ছিলেন না। তিনি আমাদেরই পাশে থাকেন - মাতৃ ও পিতৃরূপে - কখনো প্রকাশ্যে কখনো অন্তরে।

চলবে...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন পোস্টগুলি

খুঁজে ফিরি - পর্ব ১

 প্রথম   ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব  - " সুরক্ষিতা - পর্ব ১ "  দ্বিতীয়  ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " এক যে ছিলেন র...