শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিপ্লবের আগুন - পর্ব ৪৭

  প্রথম ধারাবাহিক উপন্যাসের শুরু  - " সুরক্ষিতা - পর্ব ১ " 

দ্বিতীয় ধারাবাহিক উপন্যাসের শুরু - " এক যে ছিলেন রাজা - ১ম পর্ব "

 তৃতীয় ধারাবাহিক উপন্যসের শুরু - " বিপ্লবের আগুন - পর্ব ১ "

চতুর্থ ধারাবাহিক উপন্যাসের শুরু - " শুধু _তুই .কম - পর্ব ১ "

পঞ্চম ধারাবাহিকের শুরু - " স্বদেশী ডাকাত - পর্ব ১ "

অন্যান্য সম্পূর্ণ  উপন্যাস - " এক দুগুণে শূণ্য "; "অচিনপুরের বালাই" ; " সৌদামিনীর ঘরে ফেরা "




[প্রাককথাঃ  আধুনিক গণতান্ত্রিক সমাজ হোক কিংবা প্রাচীন রাজতান্ত্রিক সমাজ – বিদ্রোহ, বিপ্লব সর্বদাই প্রশাসনের মাথাব্যথার কারণ হয়েছে। নিরীহ, অনুন্নত এবং প্রান্তিক মানুষরা যুগেযুগে সেই বিদ্রোহের পথে যেতে কীভাবে উদ্বুব্ধ হয়েছিলেন এবং হচ্ছেন? কীভাবে তাঁরা অস্ত্র সংগ্রহ করেন? সেই বহুমূল্য অস্ত্রসম্ভার কি তাঁরা বিনামূল্যে সংগ্রহ করেন? কোদাল চালানো কিংবা লাঙ্গল ঠেলার দক্ষতা যাঁদের সম্বল, কে তাঁদের আধুনিক অস্ত্র চালনায় শিক্ষিত করে তোলে? কার শক্তি ও উস্কানি তাঁদের রাষ্ট্রশক্তির চোখে চোখ রাখার স্পর্ধা যোগায়?  হয়তো কখনও তাঁরা পর্যুদস্ত হয়েছেন, কখনও ক্ষণস্থায়ী সাফল্য পেয়েছেন। আবার কখনও কখনও প্রবল প্রতাপ রাষ্ট্রকে তাঁরা পরাস্ত করে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাও করেছেন। কিন্তু নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাতেও পুরোন বিদ্রোহ-বিপ্লবের আগুন নেভে না কেন?  কেনই বা রাষ্ট্রের বিরুদ্ধে এই বিপ্লব চলতে থাকে আবহমান কাল ধরে?] 



৫২

 

ইঁটে গাথা ভল্লাদের পাকা বাসার সামনে বাঁধানো উঠোনে বসে নোনাপুর গ্রামের বয়স্ক ছজন মানুষ নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। অন্যদিকে নিজের ঘরে বসে কমলিমা বিরক্ত মুখে কুসির চুলের জট ছাড়াচ্ছিলেন কাঁকুই দিয়ে। কুসি মাঝে মাঝেই চেঁচিয়ে উঠছিল, দুহাতে মাথা চেপে ধরছিল ব্যথায়, “জেঠিমা লাগছে গো”। কমলিমা রাগী গলায় বললেন, “লাগুক। এমন মেঘের মতো চুল – চানের পর একবার কাঁকই দিতে পারিস না? জটেবুড়ি এমন জট পাকিয়েছিস, লাগবে না তো কী হবে, মুখপুড়ি? বেশি চেঁচাবি না, গলা টিপে দেব, একেবারে...”।

ব্যথায় চোখে জল চলে এসেছিল কুসির – তার মধ্যেও সে ফিক করে হাসল, জেঠিমার গলা টেপার কথায়। কমলিমা কুসির মাথার পিছনে বাঁহাতের মুঠিতে চেপে ধরে রেখেছিলেন, কুসির চুলের মোটা গুছি। অন্য হাতে কাঁকুই চালাচ্ছিলেন খস খস করে। “তেলের ভাঁড়টা হাত বাড়িয়ে দে তো”। কুসি হাত বাড়িয়ে নাগাল পাচ্ছিল না – সামনে একটু এগোতেই – তার মাথায় কাঁকই দিয়ে টোকা দিলেন কমলিমা – “অত নড়ছিস কেন রে, হতভাগী? এক দণ্ড স্থির হয়ে বসতে পারিস না?”

চুলে তেল লাগানো শুরু হতে কুসি যেমন স্বস্তি পেল, কমলিমাও চুলের জটিল জট ছাড়াতে পেরে তেমনি খুশি হয়ে বললেন, “হ্যারে, লোকগুলোকে বিদেয় হতে বললাম, যায়নি তো! এখনো উঠোনে বসে কী গুজগুজ করছে?”

কুসি বলল, “ভল্লাদাদার সঙ্গে দেখা করবে – তাই অপেক্ষা করছে”।

মুখ ঝামটা দিয়ে কমলিমা চাপা স্বরে বললেন, “যা বলার আমি তো বলেই দিয়েছি – ভল্লা এসে কী করবে?”

“তোমারই বা এত আপত্তি কিসের জেঠিমা?”

“চুকঃ। পাকামি করিসনি”। কুসির চুলে বিনুনি বাঁধতে বাঁধতে কমলিমা বললেন।

“ওই তো রামালিদাদা আর ভল্লাদাদা এসে গেল...”। কুসি একটু উচ্ছসিত হয়ে বলল।

কমলিমা অবাক হয়ে বললেন, “এখান থেকে দেখা যায় নাকি? কী করে বুঝলি?”

“ও আমি পায়ের শব্দ শুনলেই বুঝতে পারি...”।

“আচ্ছা? সবার পায়ের শব্দ চিনিস?”

“হুঁ। ভল্লাদাদা, রামালিদাদা, তোমার...”।  কুসির চুল বাঁধা হয়ে গিয়েছিল।

কমলিমা বললেন, “দেখি তো আমার মুখপোড়া বাঁদরীটাকে”। তারপর কুসির মুখের দিকে তাকিয়ে কমলিমা খুশি হলেন বেশ। নিজের শাড়ির আঁচলে কুসির মুখটা চেপে মুছে দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, বললেন, “যা মাথার তেল, কাঁকই সব ঠিক জায়গায় রেখে আয় – হাতের কাছে না পেলে তোর পিঠ আমি ভাঙবো”। কুসি লাজুক হেসে উঠে দাঁড়াল আর তখনই ভল্লাদাদা দরজা থেকে ডাক দিল, “ঘরে বসে কী করছিস রে মা? সন্ধে হতে চলল, এখনও গা ধুতে যাসনি?”

ভল্লার পিছনে দাঁড়িয়ে রামালি কুসিকে দেখছিল। কুসির চোখও কয়েক মুহূর্তের জন্যে আটকে রইল রামালির চোখে, তারপর লজ্জা পেয়ে মুখ নামিয়ে কমলিমায়ের পাশে এসে বসল। বলল, “চলো, জেঠিমা আমরা গা ধুয়ে আসি”।

কমলিমা রামালিকে দেখতে পাননি – ভল্লার আড়ালে দাঁড়িয়ে থাকায়। কিন্তু কুসির চোখ-মুখের ভাষা চকিতে বদলে যেতেই তিনি বুঝতে পারলেন, ভল্লার ওপাশে রামালি দাঁড়িয়ে আছে। কিছুদিন ধরে তিনি ওদের দুজনের চোখেই লাজুক চোরা চাউনির লক্ষণটা টের পাচ্ছিলেন। আজ নিশ্চিত হলেন।

মুচকি হেসে বললেন, “এখনও আকাশে যে কনে দেখা আলো রয়েছে রে, ভল্লা। যাবো এইবার। গ্রামের লোকগুলো বিদেয় হয়েছে? ওদের সামনে ঘর-দোর ফেলে যাই কী করে?”

ভল্লা কমলিমায়ের ইঙ্গিতটা লক্ষ্য করল না, কিন্তু রামালি করল। লজ্জা পেয়ে বলল, “আমি বাইরেই বসি, বেশ হাওয়া দিচ্ছে”।

ভল্লা বলল, “ওদের বেশ দুকথা শুনিয়ে আমি বিদেয় করে দিয়েছি মা। বলে দিয়েছি তুই কোন মতেই গ্রামপ্রধান হবি না। দেখিস, তোকে আর ওরা বিরক্ত করতে আসবে না”।

কমলিমা ভল্লার কথায় খুশি হলেন না, বললেন, “প্রধান হবো না বলেছি, তা বলে তুই ওদের দুকথা শুনিয়ে দিলি? গাঁয়ের মানুষদের সঙ্গে সম্পর্ক রাখব না? এ আবার কেমন কথা?”

ভল্লা খুব গম্ভীর হয়ে বলল, “আমি তো জানি মা, তুই এক কথার মানুষ। হ্যাঁ তো হ্যাঁ। না তো না। তোর কাছে এসে ওরা সেই একই কথা ব্যাজর ব্যাজর করবে – তাই মানা করে দিয়েছি”।

কমলিমা এবার বিরক্ত হয়ে বললেন, “যাক বাবা, বেশ করেছিস। অ্যাই মুখপুড়ি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কথা শুনছিস? বললাম না - চ গা ধুয়ে আসি”?

কমলিমায়ের বিরক্তিতে ভল্লা বেশ মজাই পেল, বলল, “সেই ভালো মা, ঘাট থেকে ঘুরে আয়, অনেক কথা আছে”।

 

কুসিকে সঙ্গে নিয়ে কমলিমা পিছনের পথে পুকুরের দিকে চলে যেতেই রামালি ভল্লাকে বলল, “তুমি তো ওদের নিশ্চিত করে বললে, জেঠিমাকে তুমি রাজি করাবে। এখন জেঠিমাকে উলটো কথা বললে কেন?”

“তোর মনে এই তো সবে তোর রঙ ধরেছে, রামালি। এর মধ্যেই তুই মেয়েদের মন বুঝে ফেলবি”? ভল্লা ভ্রূ নাচিয়ে বলল।

রামালি একটু অপ্রস্তুত হয়ে পড়ল, তার আর কুসির ব্যাপারটা ভল্লাদাও বুঝে ফেলেছে নাকি? কিছুটা জোরের সঙ্গে বলল, “মনে রঙ ধরেছে? তার মানে?”

মুচকি হাসল ভল্লা, প্রসঙ্গটা এড়িয়ে বলল, “মাকে আমি যদি বলতাম – সবাই যখন বলছে তুমি প্রধান হয়েই যাও না, মা – মা পুরো বেঁকে বসত। ওই যে বললাম, তোমার হ্যাঁ মানে হ্যাঁ আর না তো না, ওতেই মায়ের মন গলে গিয়েছে। আমি মানা করে দিয়েছি বলাতেই, দেখলি না, মা কেমন বিরক্ত হয়ে কুসিকে ধমকালো। তুই তাতে কষ্ট পেয়েছিস জানি, কিন্তু ওটা কুসিকে নয় – আসলে আমাকেই ধমকালো…”! রামালির চোখের দিকে তাকিয়ে ভল্লা বলল।

রামালি দেখল ভল্লাদাদার মুখে কোথাও হাসির লেশমাত্র নেই  – কিন্তু হাসছে তার দুই চোখ। এবার সত্যিই লজ্জা পেল রামালি। বলল, “জেঠিমা কুসিকে ধমকালে আমি কষ্ট পেতে যাব কেন?”

ভল্লা দার্শনিকের মতো গম্ভীর হয়ে বলল, “এমনিতে গায়ে তির বিঁধলে কষ্ট তো হয়ই। আবার কোন কোন চোখের তির,  বিঁধলে বুক অব্দি কনকন করে – কিন্তু সে তির চোখে দেখাও যায় না, ছাই...”। রামালি ভল্লার কথার কোন উত্তর দিল না ভল্লাও আর কথা বাড়াল না। বাঁধানো উঠোনের ধারে বাঁধানো আসনে দুজনে বসে রইল পাশাপাশি।

কমলিমা আর কুসি গা ধুয়ে ফিরে ঘরে ঢুকলেন। ঢোকার সময় কমলিমা দুজনকে চুপ করে বসে থাকতে দেখে খুব অবাক হলেন, কিছু বললেন না। ভেজা কাপড় পালটে ঘরের মধ্যে প্রদীপ জ্বালালেন, তারপর বাইরে এসে তুলসীতলায় প্রদীপটি রেখে প্রণাম করলেন মাটিতে বসে। উঠে ঘরে যাবার সময় ওদের দিকে তাকিয়ে বললেন, “কী রে? দুটোতে বাঁদরের মতো চুপ করে বসে রয়েছিস কেন?”

ভল্লা বেশ লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, “রামালিটা খুব বিপদে পড়ে গেছে, মা...কী করা যায় আমিও বুঝে উঠতে পারছি না”। রামালি অবাক হয়ে ভল্লার মুখের দিকে তাকিয়ে রইল, বুঝতেই পারল না, তার বিপদটা কি?

কমলিমা দাওয়ার পৈঠেতে পা দিয়ে থমকে গেলেন, ঘুরে দাঁড়িয়ে বললেন, “রামালির আবার বিপদ কিসের?”

ভল্লা উঠে গিয়ে কমলিমায়ের হাত ধরে টেনে উঠোনের আসনে বসাল, পায়ের কাছে বসে বলল, “একা হাতে সারাদিন আর কত কাজ করবি বল তো মা? এক দণ্ড বস না আমাদের কাছে। কুসি আজ রান্না করুক। ঘরের কাজকর্ম ওকে শিখতে হবে না? দুদিন পরে ওরও তো নিজের সংসার হবে”।

কমলিমা কিছু বললেন না, রামালির দিকে তাকালেন। মুচকি হেসে বললেন, “কুসি আমার লক্ষ্মী মেয়ে – সব কাজ জানে। কিন্তু তুই রামালির কী বিপদ বলছিলি?”

“হ্যাঁ, সে কথাই বলছিলাম। কথা দিয়ে যদি কথা রাখতে না পারে...বিপদের কথা নয়, মা? আস্থানের আধিকারিককে, ও সেদিন বলে ফেলেছে, গ্রামের মানুষ সবাই মিলে তোকেই প্রধান করতে চায়। আধিকারিক শুনে খুব খুশিই হলেন। আমাদের মতো মুখ্যু তো নয় – রীতিমতো পড়াশোনা করা শহরের মানুষ। বললেন, বাঃ এতো খুবই ভালো কথা। শুনেছি ওঁনাকে গ্রামে সকলেই শ্রদ্ধা করে, ভালোবাসে। তা ছাড়াও উনি কী বললেন জানিস মা? গ্রামের প্রধান কখনও বাবার স্থান নিতে পারে না, কিন্তু উনি গ্রামের সবার কাছেই মা হয়ে উঠতে পারবেন...”। একটু থেমে আবার বলল, “এই সব বার্তা দিয়ে - ওই দিনই উনি পত্র লিখে রাজধানীতে পাঠিয়েও দিয়েছেন। এখন কাল আমরা যদি গিয়ে বলি, তুই প্রধান হচ্ছিস না - রামালি বড্ডো খেলো হয়ে যাবে না, মা? আধিকারিকও রাজধানীর কাছে অপ্রস্তুত হবেন। ভাববেন, ছেলেছোকরার কথায় নেচে উঠে কী ভুলটাই না তিনি করে ফেলেছেন...”। এতক্ষণ রামালি মুগ্ধ চোখে ভল্লার দিকে তাকিয়ে কথা শুনছিল, এখন কমলিমায়ের মুখের দিকে তাকাল।

কমলিমা কিছুক্ষণ পরে বললেন, “তোদেরই বা এত পাকামি কীসের শুনি? রামালি আগ বাড়িয়ে আধিকারিককে বলে দিল? আর তুইও গ্রামের মানুষগুলোকে দুকথা শুনিয়ে তাড়িয়ে দিলি... তোদের বুদ্ধি-সুদ্ধি কবে যে হবে?” বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে তিনি তাকিয়ে রইলেন তুলসীতলার দীপ শিখাটির দিকে। ভল্লা এবং রামালি কোন কথা বলল না, অপরাধীর মতো মুখ করে বসে রইল।

কিছুক্ষণ পর বললেন, “রামালি মুখপোড়া এমন তালগোল পাকিয়ে তুলেছে, প্রধান না হয়ে এখন আর উপায়ই বা কী?”

রামালি বলে উঠল, “জেঠিমা তুমি বাঁচালে আমাদের…”।

ভল্লা বলল, “তাহলে আমি এখনই গ্রামে গিয়ে ওঁদের ডেকে আনি, মা?”

কমলিমা বললেন, “থাক এত রাত্রে আর মানুষগুলোকে ব্যতিব্যস্ত করে কাজ নেই – যা করার কাল সকালে করিস। কিন্তু আমি এখনও বুঝছি না, লেখাপড়া জানিনা। দেশের বিধিবিধান কিছুই জানি না - প্রধান হওয়া কি মুখের কথা”?

ভল্লা বলল, “গ্রামের ভালো-মন্দ কিসে হয়। গ্রামের মানুষদের সুখ-স্বাচ্ছন্দ্য কিসে হয়। সে কথা তোর থেকে আর কে ভালো বোঝে বল তো, মা? প্রত্যেকটি জীবনের আর সমাজের পক্ষে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সে কথাও তুই সকলের থেকে ভালো জানিস মা। দেশের বিধিবিধান, খায় না মাথায় মাখে, সে কথা জেনে-বুঝে তোর কাজ কি? সকলের দুঃখ-দারিদ্রের কথা আধিকারিকদের বলবি - গ্রামের সবাইকে একত্রে বেঁধে রাখবি – ব্যস্‌, সেটাই তো তোর কাজ মা”!

ভীরু ও স্নিগ্ধ দীপশিখাটির দিকে তাকিয়ে কমলিমা বসে রইলেন, কিছুক্ষণ। তারপর গলা তুলে কুসিকে জিজ্ঞাসা করলেন, “হ্যাঁ রে মা, তুই একা হাতে সামলাতে পারছিস তো, নাকি আমি যাবো?”

দরজার কাছে কুসি মুখ বাড়াল, বলল, “একটা দিন আমার হাতের রান্না খেয়ে দেখই না, জেঠিমা। তুমি বসে কথা বলো...আমি ঠিক সামলে নেব”।

সকলেই কিছুক্ষণ চুপ করে থাকার পর ভল্লা বলল, “কিন্তু তোর তো এখানে আর থাকা চলবে না, মা”!

জিজ্ঞাসু চোখে কমলিমা তাকালেন ভল্লার মুখের দিকে।

“এতদিন তুই আমার মা হয়ে, আমার কাছে রইলি, সে ভালো কথা। কিন্তু কাল থেকে তুই গ্রামের প্রধান – তোকে তো গ্রামেই থাকতে হবে মা। রাজ্যসীমার বাইরে এই জঙ্গলে থাকাটা শোভা পাবে না। আমি বলি কি, তুই রামালিকে নিয়ে তোর বাড়িতেই ফিরে যা মা। বাড়ি জমি-জমার দেখা-শোনা হবে। তারপর রামালির একটা বিয়ে দিতে পারলেই – কুসির মতো একটি মেয়ে তোর পায়ে পায়ে ঘুরঘুর করবে – জেঠিমা নয়, “মা” ডাকবে সারাদিন। সংসারে আবার শ্রী ফিরে আসবে দেখিস...”।

কমলিমা রামালির মুখের দিকে এক ঝলক তাকিয়ে বললেন, “কুসি আমার বাড়িতে যাবে কেন? তার কী নিজের ঘরদোর নেই?”

“তুই এমন বলছিস না মা, যেন কিছুই জানিস না। কুসিকে কী করে তোর কাছে বেঁধে রাখবি – সে কথা তুই আমার থেকে অনেক ভালো জানিস মা। রামালিটা ছোটবেলা থেকেই মনমরা, দুখী-মুখি ছেলে – কাকা-কাকিমার মুখনাড়া খেয়ে অতিষ্ঠ হয়েছে এতকাল...”

“এসব হাসি- ঠাট্টা আমার ভালো লাগছে না, ভল্লাদাদা” রামালি একটু রেগে গিয়ে বলল।

সেই সময়েই উঠোনে এসে দাঁড়াল মারুলা। ভল্লার পাশে বসেই বলল, “অবাক কাণ্ড রামালি, তোকে তো কোনদিন রাগতে দেখিনি! আজ হঠাৎ ভল্লার ওপর রেগে গেলি কেন”?

“দেখ না মারুলাদাদা, ভল্লাদাদা সেই থেকে আমার পেছনে লেগেই যাচ্ছে”।

কমলিমা বললেন, “আচ্ছা মারুলা তুই তো এইমাত্র এলি, রামালিকে দেখে কী মনে হচ্ছে ও সত্যিই ভল্লার ওপর রেগে গেছে?” কমলিমা আর ভল্লার মুখের দিকে তাকিয়ে মারুলা বিষয়টা আঁচ করতে চেষ্টা করল, তারপর মুচকি হেসে বলল, “দাঁড়াও মা, তেষ্টা পেয়েছে খুব – কুসি, আমাকে একঘটি জল খাওয়াবি দিদি”?

কুসির হাত থেকে ঘটি নিতে নিতে মারুলা গম্ভীর হয়ে বলল, “রামালি কি সত্যিই খুব রেগে গেছে কুসি, মুখটা একবার ভালো করে দেখ তো, দিদি...”।

“এঃ ম্মা..” বলেই কুসি দৌড়ে গেল ঘরের দিকে।

তিনজনেই হেসে উঠল উচ্চস্বরে – রামালি শুধু গোমড়া মুখ তুলে জঙ্গলের গাছ দেখতে লাগল মন দিয়ে। 


চলবে... 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন পোস্টগুলি

বিপ্লবের আগুন - পর্ব ৪৭

   প্রথম ধারাবাহিক উপন্যাসের শুরু  - " সুরক্ষিতা - পর্ব ১ "  দ্বিতীয় ধারাবাহিক উপন্যাসের শুরু - " এক যে ছিলেন রাজা - ১ম পর্ব...