প্রথম ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " সুরক্ষিতা - পর্ব ১ "
দ্বিতীয় ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " এক যে ছিলেন রাজা - ১ম পর্ব "
তৃতীয় ধারাবাহিক উপন্যসের শুরু - " বিপ্লবের আগুন - পর্ব ১ "
চতুর্থ ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " শুধু _তুই .কম - পর্ব ১ "
পঞ্চম ধারাবাহিক উপন্যাসের প্রথম পর্ব - " স্বদেশী ডাকাত - পর্ব ১ "
সম্পূর্ণ উপন্যাস - " এক দুগুণে শূণ্য "; "অচিনপুরের বালাই" ; " সৌদামিনীর ঘরে ফেরা "
এর আগের পর্ব - "শুধু _তুই .কম - পর্ব ৩১"
৩২
গাড়ির আওয়াজ
পেয়ে সুনেত্র বাইরে গেল, লোহার গেট খুলে অপেক্ষায় রইল কনির। কনি গাড়ি থেকে নেমেই
নীচু গলায় অনিমেষকে কিছু বলল, এবং অনিমেষ বেরিয়ে গেল গাড়ি নিয়ে। তারপরেই ঘুরে
দাঁড়ালো কনি। দুপুরের উজ্জ্বল রোদে রাস্তা পার হয়ে হেঁটে আসছে কনি। হাওয়ায় উড়ছে
তার খোলা চুল, শাড়ীর আঁচল। হাল্কা নীল রঙের সিল্কের শাড়ী। রাস্তা পার হয়ে দুবার
সুনেত্রর দিকে তাকাল ভ্রূকুটি নয়নে। তার মুখভাবে কিছুটা রাগের আঁচ টের পাওয়া
যাচ্ছে ঠিকই, কিন্তু সেটা কুরুক্ষেত্র বাধানোর উপযোগী বলে সুনেত্রর মনে হল না।
মৃদু হাসি
মুখে সুনেত্র ডাকল, “আয়, খুব রেগে আছিস না?”।
সামান্য
ঝাঁজ মেশানো গলায় সুকন্যা বলল, “অমন প্রেম মাখা চোখে তাকিয়ে আছো কেন, উত্তমকুমারের
মতো? তোমার লজ্জা করে না? আমি ওদিকে সর্বত্র ফোন করতে করতে দিশেহারা হয়ে যাচ্ছি,
আর তুমি বাম্বাইকে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছো? কোথায় সে? তারও একবার মনে হল না, তার
মা প্রতি রোববার হস্টেলে ফোন করে। খোঁজ না পেলে চিন্তা করবে?”
লোহার গেট
বন্ধ করে দিয়ে, সুনেত্র সুকন্যার হাত ধরে বলল, “চ ভেতরে চ। আর বেশি চেঁচাসনা। সারা
রাত জার্নি করে এসে বাম্বাই ঘুমোচ্ছে, তোর হৈচৈতে উঠে পড়বে। সকালে জলখাবার খেয়েছিস?
মনে হচ্ছে না, মুখটা তো শুকিয়ে গিয়েছে”।
বারান্দায়
ওঠার মুখেই থমকে দাঁড়াল সুকন্যা, ভ্রূ কুঁচকে বলল, “মন ভোলানোর বিদ্যেটা তো ভালই
শিখেছ”!
হাসতে হাসতে
সুনেত্র বলল, “তা বটে, আমার দিদিমাও বলতেন “বেশি “নলপতা-সলপতা” করিসনি, সুনু, ওতে
আমি ভুলব না”। চল চল ভেতরে চল”।
ঘরে ঢুকে সোফায়
বসেই সুকন্যা সুনেত্রকে জিজ্ঞেস করল, “তোমাদের লাঞ্চ হয়ে গেছে?”
একটা গ্লাসে
জল আর প্লেটে দুটো সন্দেশ নিয়ে শম্পাদিদি ঘরে এল, হাসি মুখে উত্তর দিল, “এই তো
তুমি আসার একটু আগে জলখাবার খেল। এখনই লাঞ্চ কিসের? দুপুরের খাওয়া সেই বিকেলে
হবে”।
সুকন্যা
জলের গ্লাসটা হাত বাড়িয়ে নিতে গেল, কিন্তু শম্পাদিদি দিল না, বলল, “পিত্তি পড়লে শুধু
মুখে জল খেতে নেই, সন্দেশদুটো খেয়ে তারপর জলটা খাও। সকাল থেকে কিছুই তো খাওনি”।
“কে বলেছে
কিছু খাইনি? তোমরা কি দেখতে গিয়েছিলে। বাটার টোস্ট, হাফবয়েল্ড্ ডিম আর কফি খেয়ে
ব্রেকফাস্ট সেরেছি”। সুকন্যা বেশ জোর গলায় উত্তর দিল।
“পাকামি
করিস না, কনি। আপাততঃ মিষ্টি আর জলটা খেয়ে পিত্তরক্ষা কর”। সুনেত্র মুচকি হেসে শম্পাদিদিকে
আরেকটু উস্কে দিয়ে বলল, “আমাদের আয়ুর্বেদ শাস্ত্র মতে বায়ু, পিত্ত আর কফ আমাদের
শরীরের ভারসাম্য রক্ষা করে। পিত্ত বিকার ঘটে গেলে, বায়ু বিকার হতেও দেরি হয় না”।
শম্পাদিদি
মুখে আঁচল চাপা দিয়ে খিলখিল করে হেসে উঠে, রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, “দাদাবাবুর
যেমন কথা, আগেকার দিনের সেই বদ্যিবুড়োদের মতো”।
সুকন্যা আর কথা
না বাড়িয়ে সন্দেশে কামড় দিয়ে বলল, “মনে আছে ছোটবেলায় রেগে গেলে আমি কেমন তোমার চুল
ছিঁড়ে, গাল খিমচে দিতাম। ভেবেছিলাম, আজ সেরকম তোমার মাথার চুল ছিঁড়ব”।
মুচকি হেসে
সুনেত্র বলল, “মনে রাখতে আর দিলি কোথায়? আমি তো চেয়েছিলাম সেই পাগলি মেকুরটাকে সঙ্গী
করে সুখের ঢেঁকুর তুলব সারাজীবন”।
সুকন্যা
ডাগর দুই নয়ন তুলে জিজ্ঞেস করল, “মেকুর মানে?”
“পূর্ববঙ্গের
কিছু কিছু অঞ্চলে বেড়ালকে মেকুর বলত, অবশ্য এখনকার বাংলাদেশীরা বলে কিনা
জানি না”।
সুনেত্রর
মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট গলায় সুকন্যা বলল, “তাও ভালো, আমি ভেবেছিলাম
“নেকু” টাইপের কিছু একটা”।
“একটু আগেই আমাকে
তো খুব বলছিলি, আমি নাকি উত্তমকুমারের মতো প্রেমঘন দৃষ্টিতে তোর দিকে দেখছিলাম।
এখন অবিকল মাধবীর মতো তুই দেখছিস কেন? আর নেকু তো তুই চিরকালই ছিলি। সে আর নতুন
কি? আজও ওই সময় তোকে যে কেন ফোন করতে পারিনি, সেকথাটা বোঝার চেষ্টা করেছিস, নেকু?”
“কী কথা?”
ধরা গলায় সুকন্যা প্রশ্ন করল।
কিছুক্ষণ
চুপ করে বসে রইল সুনেত্র সুকন্যার মুখের দিকে তাকিয়ে, তারপর বলল, “তোর সারনেম
দত্ত, শশাঙ্কর মিত্র। সুধন্বা বসু হল কী করে?”
“বোঝনি?”
“কিছুটা বুঝেছি।
আর সেটা বুঝতে গিয়েই তো আমার পায়ের তলার মাটি সরে গিয়ে, আমি বেসামাল হয়ে রইলাম অনেকক্ষণ”।
“তোমাকে তো
লিখেছিলাম, সুনুদা। বাম্বাইয়ের প্রেপ স্কুলে ভর্তি হওয়ার সময়, আমার আর বাম্বাইয়ের পদবি
বদলে দিয়েছিলাম। চেঞ্জ করে দিয়েছিলাম, ওর বাবার নামটাও”।
দুজনেই অনেকক্ষণ
পরষ্পরের দিকে তাকিয়ে রইল। তারপর হাত বাড়িয়ে সুনেত্রর হাতের ওপর হাত রেখে সুকন্যা
প্রায় ফিসফিস করে বলল, “ভেবেছিলাম ওটুকু তুমি বুঝে নেবে। নিজের আকাঙ্খার কথা আর
কতটা স্পষ্ট করে বলা যায়, সুনুদা? অবশ্য সেসময় বাবা দেখেছিলেন। অবাকও হয়েছিলেন –
হয়তো তোমার আজকের বিস্ময়ের থেকে কিছুটা বেশিই”।
মাথা নীচু
করে কনির কথাগুলো খুব মন দিয়ে শুনল সুনেত্র। তারপর কনির হাতটা কোলে তুলে নিয়ে নিজের
দুহাতের মধ্যে নিয়ে, মুখ তুলে বলল, “ডু ইউ নো, হি হ্যাজ কল্ড্ মি, বাবা”?
সুকন্যার
দুই চোখে নেমে এল অশ্রুধারা। অথচ সে কাঁদতে চায়নি, সে হাসতেই চাইছে, খুশিতে। সুকন্যা
হাসতে চেষ্টা করছে, কিন্তু তার কান্নাও থামছে না। এটাকেই কি তবে আনন্দাশ্রু বলে?
সুনেত্র কনির হাতটা নিয়ে গভীর আবেগে চুম্বন এঁকে দিল। দু চোখ বন্ধ করে সুকন্যা নিবিষ্ট
মনে অনুভব করতে লাগল এই সুনেত্রর আবেগ মাখা স্পর্শের শিহরণটুকু।
বেশ কিছুক্ষণ পর কোন কাজে শম্পাদিদি এ ঘরে ঢুকে ওদের দেখে অবাক হয়ে গেল, বলল, “তোমরা এখানে? কোন সাড়া-শব্দ না পেয়ে ভাবলাম তোমরা ওপরে চলে গেছ। চুপচাপ বসে এখানে কী করছ, সুকুদিদি? এঃ রাম, তুমি এমন বুক ভাসিয়ে কাঁদছই বা কেন?”
দু হাতে দু চোখ
মুছে লজ্জারুণ মুখে হাসল সুকন্যা, ধরাধরা গলায় বলল, “ও কিছু না, এমনি”।
সুকন্যার
মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শম্পাদিদি দীর্ঘশ্বাস ফেলে বলল, “জীবনের সব
লেনদেন মিটিয়ে ফেলার সময় যেদিন আসে, সেদিন এভাবেই চোখের জলে নিজেকে ধুয়ে ফেলতে হয়,
দিদিভাই। আমার রান্না হয়ে এসেছে, আর আধঘন্টা খানেক, বড়জোর। তোমরা ততক্ষণ ওপরে ঘরে গিয়ে
একটু আরাম করে নাও না কেন”।
“ঠিক কথা। বাম্বাইয়ের সঙ্গে তো তোর এখনও দেখাই হয়নি। চল, চল ওপরে চল”।
দোতলায় গিয়ে ওরা দেখল সুনেত্রর ঘরে বাম্বাই শুয়ে আছে এবং অঘোরে ঘুমোচ্ছে। সুনেত্র ফিসফিস করে বলল, “ঘুমোচ্ছে যখন ঘুমোক। এই ঘরটা ওর থাকার জন্যে দেখিয়েছিলাম। অবশ্য বিছানাটা এখনও রেডি হয়নি, শম্পাদিদি নীচেয় রান্নার কাজেই ব্যস্ত”।
“শম্পাদিদি
আর কত দিক সামলাবে? এবার তোমার আরেক জন লোক রাখা দরকার, সুনুদা” বলে সুকন্যা নিজেই
কাবার্ড থেকে বিছানার চাদর বালিশের ওয়াড় বের করে পরিপাটি করে বিছানা সাজাতে লাগল।
একটু পরে বলল, “থালা-বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করার জন্যে আরেকজন কেউ থাকা
দরকার”।
সুনেত্র
একটা সিগারেট ধরিয়ে বলল, “এখন তো তোর সংসার, তুইই গৃহকর্ত্রী। শম্পাদিদির সঙ্গে
কথা বলে, যা ভালো মনে হয় করে ফেল”।
বিছানা
সাজানো ছেড়ে সুকন্যা হঠাৎ দৌড়ে এসে দুহাতে সুনেত্রর চুলের মুঠি খামচে ধরে বলল,
“আজকাল তোমার বচন হয়েছে খুব। মেলে ওসব কী লিখেছিলে? এতগুলো চিঠিতে সব কথা খুলে
লিখলাম, তার উত্তরে তোমার ওই চিঠি?”
অকস্মাৎ
আক্রমণে সুনেত্র প্রথমে একটু হকচকিয়ে গেলেও, সামলে নিল নিজেকে, মৃদু হেসে বলল, “কেন
খারাপ কি লিখেছি? তোদের সাজানো সংসার থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছি। বলেছি, আমার
কুহেলী কুহকে মজে নিজেকে নষ্ট করিস না...”। তারপর চকিতে সিগারেটটা মেঝেতে ফেলে
দিয়ে, কনির ঠোঁটদুটিতে চেপে ধরল নিজের ঠোঁট।
সুনেত্রর
চুলের মুঠি ধরে থাকা সুকন্যার হাতদুটো শিথিল হয়ে এল নিমেষেই। দু হাত নামিয়ে, নিজের
শরীরে চেপে ধরল সুনুদার শরীরটা। দুজনেই দুজনকে আদর করতে করতে ডুব দিল অথৈ আনন্দ-সায়রে।
“দাদাবাবু, সুকুদিদি, বাম্বাইকে
নিয়ে নীচেয় এসো, খাবার বাড়ছি”। একতলা থেকে শম্পাদিদির ডাক শুনে দুজনের সম্বিৎ ফিরল।
শঙ্খলাগা শরীরদুটো বিচ্ছিন্ন হয়ে বাস্তবে ফিরল। দ্রুতহাতে নিজেকে গুছিয়ে নিতে নিতে
সুনুদাকে কটাক্ষ হেনে বলল, “অসভ্য, ডাকাত একটা, মনে হচ্ছিল, চিবিয়ে খেয়েই ফেলবে”।
“ডাকাতি আর দেখলি কোথায়, কনি,
সবে তো শুরু করেছিলাম। শম্পাদিদির ঘড়িতে আধঘন্টা এত তাড়াতাড়ি হয় কে জানত? আমাদের আরাম
করতে বলল – আরাম হল কই?”।
নিজেকে সামলে নিয়ে, সুনেত্রর চুলগুলো
ঠিকঠাক করে দিল সুকন্যা, নিজের দু হাতের আঙুল চালিয়ে। টিশার্টের কলারটাও ঠিক করে দিল।
তারপর টয়লেটের বেসিনে জলের ঝাপটা দিয়ে মুখটা ধুয়েই বেরিয়ে গেল বাম্বাইকে ডাকতে, যাবার
সময় মুচকি হেসে বলল, “মুখটা ধুয়ে নাও, প্লিজ, এই হুলিয়া নিয়ে
নীচেয় যেও না, সুনুদা…”।
“কি জমানাটাই না পড়ল, মেয়েরা আজকাল
ডাকাতির পর অসভ্য ডাকাতকেও হুলিয়া ঠিক করার জন্যে রিকোয়েস্ট করে…”।
সুনেত্র বিড়বিড় করে বলল।
কথাটা সুকন্যার কান এড়ায়নি, বাম্বাইয়ের ঘরের বাইরে থেকে ফিসফিস করে বলল, “এখনকার মতো তো বেঁচে গেলে, সু্যোগ পেলে তোমার কী করি, দেখ না”।
চলবে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন