শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ধর্মাধর্ম - ৫/২৫

  ধর্মাধর্ম প্রথম পর্বের শুরু - " ধর্মাধর্ম - ১/১ "

ধর্মাধর্ম দ্বিতীয় পর্বের শুরু - " ধর্মাধর্ম - ২/১  "

ধর্মাধর্ম তৃতীয় পর্বের শুরু -  " ধর্মাধর্ম - ৩/১ "

ধর্মাধর্ম চতুর্থ পর্বের শুরু - " ধর্মাধর্ম - ৪/১ "

ধর্মাধর্ম শেষ পর্বের শুরু - " ধর্মাধর্ম - ৫/১ "

 "ধর্মাধর্ম"  গ্রন্থটি কিনতেও পারেন নিম্নলিখিত ঠিকানায় -

গুরুচন্ডা৯, ব্লক ১, স্টল ১৪, সূর্যসেন স্ট্রিট, কলেজ স্কোয়ার, কলকাতা ৭০০০১২

(পুঁটিরাম মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক উল্টোদিকে)

অথবা

+91 93303 08043 Whatsapp নাম্বারে যোগাযোগ করলে বাড়ি বসেও বইটি হাতে পেয়ে যেতে পারেন।  

  

  

[এর আগের পর্বাংশ - "ধর্মাধর্ম - ৫/২৪"]


৫.৭.৩.১ ভারতের বৈদেশিক বাণিজ্য সংকট (আগের পর্বের পরে)

শুধু এই সামুদ্রিক বাণিজ্যই নয়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় উত্তরপশ্চিমে আফগানিস্তান পর্যন্ত সাম্রাজ্য বিস্তারের সাফল্য, ভারতীয় বাণিজ্যকে স্থলপথেও পৌঁছে দিয়েছিল ভূমধ্যসাগরের উপকূল পর্যন্ত। এরপর খ্রিস্টপূর্ব প্রথম এবং খ্রিস্টোত্তর প্রথম-দ্বিতীয় শতাব্দীতে শক ও কুষাণ অভিযানের সময় এবং শক ও কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার ফলে, স্থলপথের এই বাণিজ্যব্যবস্থা আরও নির্বিঘ্ন ও বিস্তৃত হয়েছিল। জলপথে ও স্থলপথে এই অভূতপূর্ব বাণিজ্যিক সাফল্যের জন্যেই মৌর্য থেকে গুপ্ত আমলের শেষ পর্যন্ত ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক স্বাচ্ছল্য চরম স্থিতাবস্থায় পৌঁছতে পেরেছিল। এবং এই নিবিড় বাণিজ্যের হাত ধরেই ভারতীয় সমাজে কৃষি, কৃষিজাত শিল্প ও অন্যান্য হস্ত শিল্পের উৎপাদনে অদ্ভূত উৎকর্ষ এসেছিল। কৃষিতে নানান মশলা, তুলা, রেশম, নানান ওষধি, পান, সুপারি উৎপাদন এবং শিল্পের মধ্যে বস্ত্র, হাতির দাঁত, শঙ্খ, গন্ধ দ্রব্যাদি, কাঠের এবং ধাতুর শিল্প সামগ্রী। সামগ্রিক এই স্বচ্ছলতার কারণেই সমাজের বিদ্বান মানুষরা সাহিত্য-বিজ্ঞান চর্চা এবং অসংখ্য পুরাণাদি শাস্ত্র রচনায় নিশ্চিন্তে নিবিষ্ট থাকতে পেরেছিল।

এই বাণিজ্যিক সাফল্য ও স্বাচ্ছন্দ্যে প্রথম ধাক্কা লাগল পঞ্চম শতাব্দীতে। এই শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই পশ্চিম দুনিয়ার সঙ্গে বাণিজ্যের স্থলপথটি বিপর্যস্ত হতে শুরু করল হুণদের ক্রমাগত অভিযানে। এই হুনদের প্রতিরোধ করতেই, স্কন্দগুপ্তকে তাঁর রাজত্বের সিংহভাগ সময় সাম্রাজ্য-সীমান্তে অতিবাহিত করতে হয়েছিল।   উত্তর-পশ্চিম সীমান্তে হুনদের ক্রমাগত আক্রমণ যে শক্তিশালী গুপ্তসাম্রাজ্যের পতনের অন্যতম কারণ সে কথাও নিঃসন্দেহে বলা যায়।

প্রায় একই সময়ে ভারতের বাণিজ্য লক্ষ্মী আরেকটি ভয়ংকর দুর্ভাগ্যের সম্মুখীন হল মোটামুটি ৪৭৫ খ্রিষ্টাব্দে - বিশাল রোম সাম্রাজ্যের পতনে। খুব স্বাভাবিকভাবেই রোম সাম্রাজ্যের বিপুল পণ্যচাহিদা ভয়ংকর ভাবে হ্রাস পেল, এবং ভারতীয় বণিকরা আচমকাই বিপর্যয়ের সম্মুখীন হল। তবুও, যতদিন মিশর ও উত্তর-পূর্ব আফ্রিকায় রোমান সাম্রাজ্যের ভগ্নাংশ অবশিষ্ট ছিল, বিগত প্রায় পাঁচশ বছরের ভারতীয় বাণিজ্যের ঔজ্জ্বল্য, ম্লান প্রদীপের মতো টিমটিম করে জ্বলতে লাগল দক্ষিণ ভারতের কিছু কিছু বন্দর থেকে। তবে তাও মোটামুটি দেড়শ বছর পর্যন্ত টিকে থাকত পারল। উল্টোদিকে উত্তর ভারতের বৈদেশিক বাণিজ্য ডুবে গেল গভীর অন্ধকারে। কারণ সেসময় পশ্চিমের সঙ্গে বাণিজ্যের স্থলপথগুলি প্রায় অবরুদ্ধ হয়ে গেছে।  

পৃথিবীর ইতিহাসে এই সময়ের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল, আরবদেশে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদের আবির্ভাব। তাঁর জন্ম মোটামুটি ৫৭০ সি.ই.-তে এবং ৬১৩ সি.ই. থেকে তিনি একেশ্বরবাদী ইসলাম ধর্মের প্রচার শুরু করেছিলেন। ৬৩২ সি.ই.-তে তিনি যখন দেহরক্ষা করলেন, আরব উপদ্বীপের অধিকাংশ মানুষই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছিলেন। এই নতুন ধর্ম প্রচারের উদ্দীপনা এবং আশ্চর্য আগ্রাসী উদ্যোগে ইসলাম ধর্মী আরবের মানুষরা দিকে দিকে তাঁদের প্রাধান্য বিস্তার করতে শুরু করলেন।

প্রথমেই তাঁরা পারস্য সাম্রাজ্য জয় করলেন। প্রায় চার শতাব্দী (২২৪-৬৫১ সি.ই.) ধরে প্রচণ্ড শক্তিশালী রোমান এবং বাইজ্যান্টাইন সাম্রাজ্যের পাশাপাশি সগৌরবে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল বিশাল পারস্য সাম্রাজ্য – ইতিহাসে যার নাম সাসানিড (Sassanid) বা সাসানিয়ান (Sasanian Empire) সাম্রাজ্য। ৬৫১ সি.ই.-তে সেই সাম্রাজ্যের পতন ঘটাল আরবের দুর্ধর্ষ ইসলামী সৈন্যরা। এর পাশাপাশি তারা অধিকার করে নিল, উত্তর পশ্চিম ভারতের অংশ সিন্ধুপ্রদেশ, আফগানিস্তান প্রভৃতি অঞ্চল। এর শতখানেক বছর পরে, অষ্টম শতাব্দীর মাঝামাঝি, আরবের ইসলাম বণিকরা সমুদ্রবাণিজ্যেও প্রায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেলেছিল।

এই ত্র্যহ স্পর্শে, মোটামুটি নবম শতাব্দী থেকেই উত্তর ভারতের বৈদেশিক বাণিজ্যলক্ষ্মী পূর্ণতঃ মুখ ফিরিয়ে নিলেন। দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে অনেকগুলি বন্দর শহর থাকার জন্যে, অনেক বাধা-বিঘ্ন এড়িয়েও, এই পর্যায়ে দক্ষিণ ভারতের সমুদ্র-বাণিজ্য কোনমতে তার অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল।

বৈদেশিক বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যাওয়াতে অর্থনৈতিক দিক থেকে উত্তর ভারত প্রবল সংকটের সম্মুখীন হল। এর সঙ্গে ছিল ঐক্যহীন বহু ভূখণ্ডে বিভক্ত রাজ্যগুলির নিজেদের মধ্যে নিরন্তর সাড়ে ছশ বছর ধরে, যুদ্ধ এবং পরষ্পরের সঞ্চিত সম্পদ, আক্ষরিক অর্থেই, লুঠপাট চালিয়ে যাওয়া। এই অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার মতো শক্তিশালী ও গঠনমূলক কোন কেন্দ্রীয় বা যৌথ উদ্যোগ এবং ভাবনা-চিন্তার কথা তাঁদের কেউ কোনদিন ভাবতেই পারলেন না। অতএব উত্তরভারতের সমাজ আবার মূলতঃ কৃষিকেন্দ্রিক জীবনেই ফিরে যেতে বাধ্য হল।

পূর্ণতঃ কৃষি নির্ভর সমাজ সাধারণতঃ গ্রামভিত্তিক, স্বনির্ভর, নিশ্চিন্ত, বৈচিত্র্যহীন হয়ে পড়ে। ফলতঃ হয়ে ওঠে বড় বেশি আত্মকেন্দ্রিক। সুদূর বৈদেশিক বাণিজ্য এবং বাণিজ্য লব্ধ লভ্যাংশ উপার্জন করার যে সংগ্রাম, উত্তেজনা, এবং তার সঙ্গে বহুমুখী অভিজ্ঞতার সম্মুখীন হওয়া – কখনো চরম বিপদ, কখনো অভাবিত ভাগ্যোদয় – জীবনের সেই ব্যাপ্তি কৃষিনির্ভর নিস্তরঙ্গ গ্রামজীবনে কোন ভাবেই অনুভব করা সম্ভব নয়। বরং নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের সংকীর্ণতায় গ্রামীণ সমাজগুলি নিমগ্ন হতে থাকল।

 

৫.৭.৩.২ হিন্দু সমাজের অবক্ষয়

বৌদ্ধ যুগ থেকেই আমরা দেখেছি ব্রাহ্মণ্য সমাজের তৃতীয় বর্ণ – বৈশ্য-বণিকদের সামাজিক প্রভাব ও প্রতিপত্তির কথা। এই বণিকদের প্রয়োজনে এবং প্রভাবে সমাজের চতুর্থ বর্ণ শূদ্রদেরও যে সামাজিক উত্তরণ ঘটেছিল, সে কথাও আমরা আগেই আলোচনা করেছি। বহির্বাণিজ্য অবরুদ্ধ হয়ে যাওয়াতে বণিকরা যেমন প্রত্যক্ষ সংকটের সম্মুখীন হল, তেমনি পরোক্ষ সংকটে পড়ল পণ্য উৎপাদনের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত শূদ্র মানুষরা। সম্পদশালী বণিক সম্প্রদায়ের পক্ষে এই সংকট তেমন মারাত্মক হল না, তাঁরা সঞ্চিত অর্থ দিয়ে প্রভূত কৃষিজমি কিনে অবস্থা সামলানোর কিছুটা সুযোগ পেলেন। কিন্তু বাণিজ্যের সঙ্গে যুক্ত শূদ্র শ্রমিক-সম্প্রদায় আচমকাই কর্মহীন হয়ে পড়লেন এবং প্রায় দুহাজার বছর আগেকার ব্রাহ্মণ্য সমাজের শূদ্রবর্ণের মতোই দাস হতে বাধ্য হয়ে পড়লেন। সেই প্রাচীন সমাজের মতোই, দশম শতাব্দীর হিন্দু সমাজ পেয়ে গেল নাম মাত্র পারিশ্রমিকে অথবা “পেটভাতা”-য় স্বীকৃত অসহায়, সম্বলহীন অজস্র দাস।

এরকম নিদারুণ জ্বলন্ত উদাহরণ আমরা সদ্য দেখেছি দেশজুড়ে হঠাৎ ঘোষিত লকডাউনের কারণে কত অসহায় কর্মহীন শ্রমিক দিশাহারা হয়ে পথে পথে ঘুরে বেড়িয়েছেন নিরাপদ আশ্রয় ও দুবেলা দুমুঠো অন্নের সন্ধানে। তাঁরা চেষ্টা করেছিলেন পায়ে হেঁটে অসম্ভব দূরত্ব পার হয়ে নিজ-নিজ গ্রামে ফিরে যেতে। এই শ্রমিকরা যে কলকারাখানায় বা নির্মাণ সংস্থায় কর্মরত ছিলেন, সেই সব সংস্থার মালিকরাও নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কিন্তু তাঁরা পরিস্থিতি সামলে নিতে পেরেছেন, কিন্তু এই সব শ্রমিকদের অধিকাংশই নিঃস্ব হয়েছেন। আধুনিক রাষ্ট্রীয় এবং সামাজিক সংস্থাগুলির সহায়তায় এই শ্রমিকরা ভয়ংকর সেই সংকট অনেকটাই সামলে উঠতে পেরেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই আবার কর্মসংস্থানও করতে পেরেছেন। কিন্তু আজ থেকে হাজার বছর আগে এমন সামাজিক এবং রাষ্ট্রীয় সহায়তা পাওয়ার আশা ছিল কল্পনাতীত।      

৫.৭.৩.৩ হিন্দু সমাজের সংকীর্ণতা

বহির্বাণিজ্য অবরুদ্ধ হয়ে যাওয়া ভারতীয় সমাজ আরও বেশি বিপর্যস্ত হয়ে পড়ল নিরন্তর আন্তঃরাজ্য যুদ্ধে। সাধারণ জনসমাজের মনে বাসা বাঁধতে লাগল অস্থির রাজনৈতিক পরিস্থিতির দুশ্চিন্তা, তার প্রশাসনিক দুর্নীতি ও রাজকর্মচারীদের প্রতারণা-অন্যায়-অবিচার [অধ্যায় ৪.৮.৫ – (২) - (খ) এবং (গ) পরিচ্ছেদ]।

প্রশাসনিক দুর্নীতি এবং রাজকর্মচারীদের প্রতারণার উল্লেখ এর আগেও করেছি ৪.৮.৫ অধ্যায়ে, ইতিহাসে এই বিষয়ে তেমন স্পষ্ট উল্লেখ আমি অন্ততঃ পাইনি, অনেকটাই আমার অনুমান। তবে কিঞ্চিৎ আভাস পেয়েছি, মার্কণ্ডেয় পুরাণের “শ্রীশ্রীচণ্ডী”-র মহিমা বর্ণনের অধ্যায় থেকে। শ্রীযুক্ত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর এই “শ্রীশ্রীচণ্ডী” পাঠই প্রতি মহালয়ার শারদ প্রভাতে আমরা শুনে থাকি। এই গ্রন্থের প্রথম অধ্যায়ের কয়েকটি শ্লোকের উল্লেখ করব, যার থেকে রাজ্যচ্যুত রাজা সুরথের দুর্ভাগ্যের কারণগুলি বোঝা যাবে।

“পুরাকালে স্বারোচিষ মনুর সময়ে এই পৃথিবীতে চৈত্র বংশজাত সুরথ নামে এক রাজা ছিলেন”। ১/৪

“সেই রাজা প্রজাদের নিজের পুত্রদের মতোই যথানীতি পালন করতেন। কিন্তু সেই সময় কোলা[1]-ধ্বংসকারী কিছু যবন রাজা তাঁর শত্রু হয়ে উঠছিল”। ১/৫

“শত্রুদের অতি কঠোর দণ্ডদাতা, রাজা সুরথের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছিল। কিন্তু সেই যুদ্ধে তাদের সংখ্যা কম হলেও রাজা সুরথ, কোলা বিধ্বংসীদের কাছে পরাজিত হয়েছিলেন”। ১/৬

“সেই প্রবল শত্রুদের কাছে পরাজিত হওয়ার পর, তিনি নিজের রাজধানীতে ফিরে এসে, নিজ-রাজ্যেরই অধিপতি হলেন”। ১/৭

“কিন্তু তাঁর নিজের রাজধানীতেও দুর্বল রাজা সুরথের দুষ্ট, প্রভাবশালী, নীচ অমাত্যরা তাঁর সেনাদল এবং রাজকোষ অপহরণ করে নিল”। ১/৮

“তখন রাজ্যহারা সেই ভূপতি মৃগয়ার অজুহাতে একা একাই ঘোড়ায় চড়ে গহন অরণ্যে চলে গেলেন”। ১/৯

“শান্ত-স্বভাবের হিংস্রপশু ঘুরে বেড়ানো সেই অরণ্যের মধ্যে, তিনি মুনি ও শিষ্য শোভিত দ্বিজবর ঋষি মেধসের আশ্রম দেখতে পেলেন”। ১/১০

“মুনিদের থেকে সমাদর পেয়ে রাজা সুরথ সেই মুনিবরের আশ্রমে কিছুদিন থেকে এদিক-সেদিক ঘুরে বেড়ালেন”। ১/১১

“সেখানে মমতায় অভিভূত চিত্তে তিনি চিন্তা করতে লাগলেন, অতীতকালে আমার পূর্বপুরুষেরা যে শহরকে সুরক্ষিত রেখেছিল সেই রাজধানীতে আমি এখন আর নেই। আমার সেই অসৎ-চরিত্রের ভৃত্যেরা তাকে ধর্মানুসারে রক্ষা করছে কি?”। ১/১২

“জানিনা আমার সেই সর্বদা মদস্রাবী প্রধান গজবীর, আমার শত্রুদের অধীন হয়ে কেমন আহার্য পাচ্ছে”। ১/১৩

“আমার থেকে নিত্য পুরষ্কার-বেতন–ভোজ্য লাভ করে যারা আমার অনুগত ছিল, তারা নিশ্চয়ই আজকাল অন্য রাজার দাসত্ব করছে”। ১/১৪

“অতিকষ্টে আমি যে ধন সঞ্চয় করেছিলাম, অমিতব্যয়ী সেই অমাত্যদের অপরিমিত ব্যয়ে রাজকোষ দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে”। ১/১৫  

 অতএব এই অনুকূল ও রাজনৈতিকভাবে দুর্বল পরিস্থিতিতে বাড়তে লাগল ডাকাতি, লুঠ-তরাজ, গড়ে উঠতে লাগল অজস্র দস্যু এবং প্রতারক গোষ্ঠী – অর্থাৎ এককথায় উপস্থিত হল অরাজকতা। বাড়তে লাগল সামাজিক অপরাধপ্রবণতা।

শোনা যায় ত্রয়োদশ শতাব্দীর শেষদিকে অথবা চতুর্দশ শতাব্দীর শুরুতে, প্রধানতঃ মধ্য এবং পূর্ব ভারতে, “ঠগি” নামের আশ্চর্য এক অপরাধী গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। ছদ্মবেশে পথচারী বণিকদল বা তীর্থযাত্রীদলের সঙ্গে মিশে যাওয়ার অদ্ভূত দক্ষতা ছিল তাদের। তারপর সুযোগ মতো পূর্বপরিকল্পিত জায়গায় যাত্রীদলের আবালবৃদ্ধবনিতাকে   হত্যা করে, তাদের সর্বস্ব লুঠ করে, মৃতদেহগুলি মাটিতে পুঁতে, নিশ্চিহ্ন করে দিতে পারত তাদের কুকীর্তির সমস্ত প্রমাণ। তারপর লুঠের মাল ভাগ বাটোয়ারা করে সাধারণ মানুষের মতো মিশে যেতে পারত তাদের নিজেদের গ্রাম সমাজে। পরবর্তী কালে ঠগিদের দলে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষও যোগ দিয়েছিল এবং হিন্দু-মুসলিম অদ্ভূত সমন্বয়ে এই নিশ্ছিদ্র অপরাধের কীর্তি চালিয়ে গিয়েছিল পরবর্তী প্রায় পাঁচশ বছর। ঠগীদের এই অদ্ভূত অপরাধের অবসান ঘটিয়েছিল ব্রিটিশ প্রশাসন ঊণবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে।

এই রকম অনিশ্চিত ও নিরাপত্তাহীন পরিস্থিতিতেই সাধারণ মানুষের মনে চেপে বসে ধর্ম নির্ভরতা, ভাগ্য নির্ভরতা। বৌদ্ধধর্মের মূল প্রবাহ তখন অত্যন্ত ক্ষীণ এবং পূর্ব ভারতের পাল রাজাদের পৃষ্ঠপোষকতায়, একাদশ শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্মের কিছুটা অস্তিত্ব থাকলেও, সর্ব ভারতীয় প্রেক্ষীতে সে অস্তিত্ব তাৎপর্যহীন। অর্থাৎ হিন্দু ধর্মই তখন ভারতবর্ষের একমাত্র পালনীয় এবং আচরণীয় ধর্ম। অতএব মানসিক সান্ত্বনার জন্যে প্রতিদ্বন্দ্বীহীন হিন্দু বিশ্বাস ছাড়া সাধারণ মানুষের কাছে অন্য কোন উপায় আর রইল না। আর থাকবেই বা কেন, ততদিনে অজস্র পৌরাণিক তত্ত্বে প্রাচীন অনার্য দেবতারাই যে হিন্দু বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন!

প্রায় সকল অনার্য দেবতারাই এখন হিন্দু দেবতা। কিন্তু তাও দুয়ের মধ্যে বিস্তর ফারাক, দেবতাদের থেকে এখন সাধারণ মানুষের দূরত্ব বেড়ে উঠেছে বহুগুণ। আগে অনার্য মানুষরা দেবতাদের কাছে সরাসরি প্রার্থনা করতে পারতেন। কিন্তু এখন সে প্রার্থনার অনেক রীতি, অনেক পদ্ধতি, অনেক মন্ত্র, সে মন্ত্র আবার কোন আঞ্চলিক ভাষায় নয় – সে ভাষা দেবভাষা সংস্কৃত। আর এই সকল পূজার বিচিত্র বিধি-বিধান, বিভিন্ন দেব-দেবীর বিবিধ মন্ত্র যিনি জানেন, তিনিই পুরোহিত এবং তিনি অবশ্যই ব্রাহ্মণ।

চলবে...



[1] কোলা – কোন  কোন মতে কোলা রাজা সুরথের রাজ্যের প্রধান এক শহর। কাশ্মীর সীমান্তের কোন যবন জাতি কোলা আক্রমণ করেছিল। এই যবন কারা, খুব স্পষ্ট নয়। সংস্কৃত শাস্ত্র মতে যবন মানে কখনও গ্রীক, কখনো ইসলাম ধর্ম বিশ্বাসী। শ্রীশ্রীচণ্ডী মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ – এই হিন্দু পুরাণটি যদি অষ্টম-নবম শতাব্দীতে রচনা হয়ে থাকে, সেক্ষেত্রে ইসলাম ধর্মবিশ্বাসী জাতিকেই যবন বলে, হয়তো, উল্লেখ করা হয়েছে।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন পোস্টগুলি

ভাগবত পুরাণ - পর্ব ৪/৯

  এই সূত্রে - "    ঈশোপনিষদ "  এই সূত্র থেকে শুরু - " কঠোপনিষদ - ১/১ " এই সূত্র থেকে শুরু - " কেনোপনিষদ - খণ্ড ১ ...